সেলিম ওসমানের উদ্যোগে শীতলক্ষ্যায় বিনা ভাড়ায় যাত্রী পারাপার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ মে ২০২০, ০৪:৫৭ পিএম
শীতলক্ষ্যা নদীর প্রধান খেয়াঘাটসহ দ্ইুটি ঘাট দিয়ে বিনা ভাড়ায় যাত্রী পারাপারের ব্যবস্থা করলেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ কলেজ মাঠে শ্রমজীবি মানুষের মধ্যে ত্রান বিতরণের সময় তিনি এ ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অব ইন্ডষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজাসহ জাতীয় পার্টির নেতারা।
সংসদ সদস্য সেলিম ওসমান জানান, শীতলক্ষ্যা নদীর এই খেয়া ঘাটগুলোতে প্রতিদিন বিভিন্ন কারখানার শ্রমিকসহ লক্ষাধিক মানুষ পারাপার হয়ে থাকেন। তবে জেলা লকডাউনের পর থেকে করোনা সংক্রমনরোধে ট্রলার চলাচলসহ খেয়াঘাট বন্ধ করে দেয়া হয়।
এ সুযোগে খেয়াঘাটের মাঝিরা ঘাট সংলগ্ন বিভিন্ন স্থান থেকে যে যার ইচ্ছেমতো নৌকা পারাপার করে যাত্রীদের কাছ থেকে কয়েকগুন বেশি ভাড়া আদায় করে আসছেন বলে তার কাছে অভিযোগ আসে।
পাশাপাশি প্রতিটি নৌকায় ধারণ ক্ষমতার চেয়েও কয়েকগুন যাত্রী আনা নেয়া করায় করোনা ঝুঁকিসহ নৌ-দূর্ঘটনারও আশংকা সৃষ্টি হয়েছে। যার কারণে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে শনিবার থেকে বন্দর ও নবীগঞ্জ ঘাট উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি ১৫টি ট্রলারও দিয়েছেন, যেগুলো বিনা ভাড়ায় যাত্রীদের নদী পারাপার করবে ঈদুল ফিতর পর্যন্ত।
নারায়ণগঞ্জ কলেজে আয়োজিত ত্রান বিতরণ কর্মসূচীতে সংসদ সদস্য সেলিম ওসমান তার ব্যক্তিগত তহবিল থেকে পরিবহন শ্রমিক, অটোরিকশা চালক, নৌকার মাঝি ও অসহায় নারীসহ ২ হাজার ৭শ’ শ্রমজীবি পরিবারের মধ্যে ২০ কেজি করে ৫৪ হাজার কেজি চাল বিতরণ করেন।
সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখেই এই চাল বিতরণ করা হয়। এ নিয়ে তিন দফায় ১৮ হাজার ২শ’ শ্রমজীবি পরিবারকে ২ লাখ ৩৪ হাজার কেজি চাল বিতরণ করেছেন সংসদ সদস্য সেলিম ওসমান।


