নারায়ণগঞ্জে খুলে দেয়া হয়েছে সকল মসজিদ। দীর্ঘদিন বন্ধ থাকায় গতকাল শহরের মসজিদগুলোতে ছিল প্রচন্ড ভিড়। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহপাকের দরবারে দু’হাত তুলে ফরিয়াদ জানিয়েছে। তাদের প্রার্থনা ছিল ‘হে আল্লাহ আমাদেরর রক্ষা কর। দূর করে দাও সকল বালা-মুসিবত।
আমরা তোমার দরবারে হাত তুলেছি। অনেক দিন তোমার পবিত্র ঘরে আসতে পারিনি। আমরা জানি তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। তোমার দয়ায় আমরা করোনা থেকে রক্ষা। আমাদের কিছু অনিয়ম হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে আমরা যে কোন বিপদ থেকে রক্ষা পাব।’ মসজিদ খোলার প্রথম দিন সামাজিক দূরত্ব বজায় ছিল। কিন্তু গতকাল শুক্রবার জুম্মার নামাজে সব বিধি নিষেধ ভেঙ্গে একাকার হয়ে যায়।
মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় ছিল অন্যান্য রমজানের তুলনায় বেশি। সবার মধ্যেই ছিল গভীর ধর্মীয় ভাবাবেগ। আযান হওয়ার আগেই মুসল্লিরা মসজিদে ঢুকে পড়েন। যে যার মত বসে পড়েন কাতারে। অধিকাংশ মুসল্লি বাড়ি থেকে জায়নামাজ সাথে করে নিয়ে আসেন। আযান হওয়ার মসজিদগুলোতে কাতার পূরণ হয়ে যায়। খুতবা চলাকালীন সময় পর্যন্ত মুসল্লিরা আসতে থাকে।
এরই ফাঁকে ইমাম সাহেব শারীরিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান বার বার। কিন্তু খুতবা নাগাদ মুসল্লিদের চাপে ভেঙ্গে যায় সামাজিক দূরত্বের নিয়ম। মসজিদের বাইরে তিনটি কাতারে নামাজ আদায় করেছে মুসল্লিরা। এই চিত্র শহরের ডিআইটি জামে মসজিদের। এই মসজিদের কয়েকজন নিয়মিত মুসল্লি জানান, করোনা সংকট চলছে বিধায় আজকের জুম্মায় লোক কম। দেখবেন সামনের জুম্মায় মেইন রাস্তা পর্যন্ত কাতার হবে।
তবে সামাজিক দূরত্ব মেনে চলা উচিৎ। আবেগে বিপদ ঢেকে আনা ঠিক হবেনা। এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো: জায়েদুল আলম বলেন, পবিত্র রমজান মাসে মানুষ ইবাদত বন্দেগী করবে। এ জন্যই মসজিদ খুলে দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে প্রত্যেকটি মসজিদ কমিটিকে। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। নইলে তারাই অসুবিধায় পড়বেন।
এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড, মাহাবুবুর রহমান মাসুম যুগের চিন্তাকে বলেন, করোনা সংকট মানুষকে ধর্মীয়ভাবে অনুভূতিশীল করে তুলেছে। কারণ এখনো এর কোন চিকিৎসা নেই। কোন ঔষধ নেই। সবাই মহান আল্লাহপাকের উপর নির্ভরশীল। মসজিদের ইমাম সাহেবের কথা কেউ শোনেনা। ইমাম সাহেব যতই বলুক না কেনো মুসল্লিরা তা মানতে চায়না।
অনেকে মনে করেন এবং বলেও থাকে ‘আমরা করোনাকে মোটেও ভয় করিনা। মাথার আল্লাহপাক আছেন। তিনিই আমাদের বাঁচাবেন।’ একথা সত্যি কিন্তু সতর্কতা অবলম্বন করাও ঈমানী দায়িত্ব। শুধু ইমাম সাহেবের সতর্ক বানীতে কাজ হচ্ছেনা। এক্ষেত্রে প্রত্যেকটি মসজিদ কমিটির নেতৃবৃন্দকে সশরীরে মসজিদে উপস্থিত থেকে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি দেখভাল করতে হবে। নইলে সামাজিক দূরত্ব না মানলে যে কোন সময় ছড়িয়ে পড়তে পারে করোনা। এজন্য মসজিদ কমিটির পক্ষ থেকে প্রটোকল তৈরী করতে হবে।
করোনা দুর্যোগ উত্তরণ সমন্বয় কমিটির আহবায়ক রফিউর রাব্বি বলেন, হুট করে মসজিদ খুলে দেয়াটা মোটেও সমীচিন হয়নি। নামাজ আদায় ও রোজা রাখা আমাদের সর্বোচ্চ ধর্মীয় আবেগের ব্যাপার। এখন মসজিদে শারীরিক দূরত্ব বজায় রাখা মুশকিল। জুম্মার দিন একজন মুরুব্বী পাশে এসে শরীর ঘেঁষে বসে পড়লেও তাকে বলা সম্ভব নয়-আপনি একটু দূরে যান। সবাই নামাজ পড়তে আসছেন। দুর্যোগের কারণেই সারাবিশ্বে মসজিদ বন্ধ। সরকার মসজিদ খুলে দিল, মার্কেট খুলে দিল। আমাদের অনিরাপদ করে দিল। বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিল।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, মসজিদে শারীরিক দূরত্ব না মানাটা অনিয়ম। কিছুই করার নাই। মানুষ নিয়ম মানেনা। আমরা কি করতে পারি। রাস্তাঘাটে সামাজিক দূরত্বের বালাই নাই। তবুও দুনিয়া চলছে। সবচেয়ে নিরাপদ ঘরে থাকা। এ ছাড়া কোন পথ নাই।
এ ব্যাপারে জানতে চাইলে ডিআইটি জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ যুগের চিন্তাকে বলেন, শারীরিক দূরত্বের বিষয়টি দেখছি। আমাদের মসজিদ কমিটির লোক থাকবে নামাজের সময়। তারাও মানুষকে সতর্ক করবেন। ইমাম সাহেব নামাজের সময় মুসল্লিদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেন। জুম্মার দিন মসজিদে মুসল্লি বেশি ছিল।
মানুষ আবেগে সামাজিক দূরত্ব লংঘন করলে সমস্যা হতে পারে। মসজিদে তিন তলার কাজ চলছে। আশা করা যায় আগামী জুম্মায় নতুন করে ৫/৬টি কাতারের যায়গা হবে। মসজিদের অযুখানায় সাবান বাড়িয়ে দেয়া হবে।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জে জুম্মার নামাযে সামাজিক দুরত্ব মানতে দেখা যায়নি পাইনাদী নতুন মহল্লা (দোয়েল চত্তর) এলাকার হাজি আব্দুল লতিফ জামে মসজিদে। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় বাইরেও ব্যবস্থা করা হয় নামাযের। রাস্তায় গায়ে গায়ে মিশে বসতে দেখা গেছে খুদবা চলকালীন সময়ে। তবে মসজিদের ওযুখানায় হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা ছিল।
অন্যদিকে ডাচবাংলা ব্যাংক’র পেছনে ক্যানেল সংলগ্ন একটি মসজিদে অল্প সংখ্যক মুসল্লি নিয়ে নামাযের জামায়াত শুরু হয়েছে বলে জানিয়েছে ঐ মসজিদে নামায আদায় করা এক মুসল্লি। সবাই দুরত্ব বজায় রেখে ফাঁকা হয়ে নামায আদায় করেছে বলেছে জানান রনি নামে ঐ মুসল্লি।


