Logo
Logo
×

বিশেষ সংবাদ

৪‘শ কোটি টাকা ক্ষতি

মার্কেট খুললেও জমবেনা

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৬:২৮ পিএম

মার্কেট খুললেও জমবেনা
Swapno

একদিন পরেই খুলবে নারায়ণগঞ্জসহ সারাদেশের মার্কেট ও শপিংমল। এ সংবাদে খুশি নয় ব্যবসায়ীমহল। বরং নানা দায়বদ্ধতার বোঝা নিয়ে ধুকছেন তারা। বাসা ভাড়া, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণ, পাওনাদার পার্টির তাগাদা। কিভাবে সব সামলাবেন।

 

মার্কেট খুলবে ১৫ দিনের জন্য। কর্মচারীর বেতন গুণতে হবে দুই মাসের। লকডাউনের বিরাট গ্যাপ তাদের ফেলে দিয়েছে সমস্যার অথৈ সাগরে। এখান থেকে উত্তরণের উপায় খুঁজছে তারা। মার্কেট খুললেই যে বেচাকেনা ভাল হবে-তেমন সম্ভাবনাও কম। মার্কেট জমবেনা বলেই আশঙ্কা করছেন ব্যবসায়ীমহল।

 

সামনে কোন আশাব্যঞ্জক খবর নেই। এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো: শাহজাহান মিয়া যুগের চিন্তাকে বলেন, নারায়ণগঞ্জে আমাদের সমিতির অধীনে রয়েছে ৪০টি মার্কেট। মোট দোকান ৫০০০ টি।

 

আমরা দু’টি সিজনে (পহেলা বৈশাখ ও মাহে রমজান ) মার খেয়ে গেলাম। এতেকরে দোকান প্রতি কমপক্ষে ৩ লাখ  থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। সে হিসেবে জেলায়  ছোট বড় মিলিয়ে ৫ হাজার দোকানে ক্ষতির পরিমাণ বিপুল।

 

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আরিফ দিপু বলেন, গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা হয়েছে। মানুষ সচেতন নয়। আমাদের অনেক ব্যবসায়ী নিরাপত্তার ইস্যুতে মার্কেট খুলতে চাচ্ছেন না।

 

সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাসা থেকে বের হয়ে আসার সময়ে একজন ক্রেতা যেন নিজের নিরাপত্তার দিকটা ঠিক রেখে বাসা থেকে বের হন। এ বিষয়টি ডিসলাইনে প্রচার করার দাবি উঠলে এডিসি (শিক্ষা) সাহেব বিষয়টি নিশ্চিত করেন।

 

জেলায় মোট দোকান ১০ হাজার। আমাদের সমিতির অধীনে ৫ হাজার দোকান। এরমধ্যে ৫০০ বড় দোকান ও বাদ বাকী ৪৫০০ ছোট দোকান। বড় দোকানে এক মাসে ক্ষতির পরিমাণ কমপক্ষে ২০ লাখ টাকা এবং ছোট দোকানগুলোতে কমপক্ষে ৩ লাখ টাকা ক্ষতির মুখোমুখি।

 

এই হিসেব মতে  জেলায় ১০ হাজার দোকানে একমাসে মোট ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কর্মচারীরা বেকার হয়ে পাগলের মত ঘুরছে। কেহ রিক্সা চালাচ্ছে। কেহ ফল বিক্রি করছে। দোকান বন্ধ। বেতন নেই। সংসার চলবে কেমন করে।  দোকান মালিকও বিপদে পড়েছে। 


ব্যবসায়ীদের অবস্থা একেবারেই শোচনীয়। দোকানদার সামনে কোন আশার আলো নেই। বাকিটা মহান আল্লাহপাকের ইচ্ছা। তিনি যদি রহম করেন তবে মার্কেট খোলার পর ভাল বেচাকেনা হতে পারে। কিন্তু বাজার মন্দা। সমিতির অনেক সদস্যই মনে করেন মানুষের হাতে টাকা নেই। ঘরে খাবার নেই।

 

হতাশা ও দুর্দশাগ্রস্ত মানুষ মার্কেটে কেনাকাটা করতে আসবেনা। কিছু মানুষ হয়তো কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠবে-কিন্তু সবশ্রেণীর মানুষ আসবেনা। করোনা সংকটের কারনে তেমনটা হবেনা। অন্যান্য ঈদ সিজনে শেষ মূহুর্তে ধনী-দরিদ্র নির্বিশেষে সকলেই পরিবার-পরিজনদের জন্য কেনাকাটা করতে মাকের্টে আসে। এবারের চিত্রটা হতে পারে পুরোপুরি উল্টো। ব্যবসায়ীদের স্টকের মাল বিক্রি হবে কিনা সন্দেহ।  

 

১০ মে মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে শর্ত সাপেক্ষে। সাবান ও পানিসহ মার্কেটের সামনে দু’টি হাত ধোয়ার বেসিন রাখতে হবে। মার্কেটের সামনে দু’জন লোক হ্যান্ড স্যানিটাইজারসহ ডিউটি করবে-মার্কেটে প্রবেশকালে ক্রেতার হাতে হেক্সিসল স্প্রে করবে।

 

তাছাড়া মার্কেটের সামনে প্রবেশ পথে ব্লিচিং পাউডারের পানি দিয়ে ভিজিয়ে বিছিয়ে দিতে হবে চটের ছালা। তাছাড়া প্রতিটি মার্কেট খোলার আগেই দোতালা পর্যন্ত ব্লিচিং পাউডার দিয়ে ধুতে হবে। সামাজিক দূরত্ব মানা নিরাপত্তার বিষয়টি মার্কেটে মাইকিং এর ব্যবস্থা করতে হবে।

 

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে মতবিনিময়কালে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের প্রতি এমন নির্দেশনা দেয়া হয়। 


সরকারের ঘোষনার পরপরই শহরের বিভিন্ন মার্কেটে চলছে ধোয়া মোছার কাজ। কিছু কিছু ব্যবসায়ী মার্কেটে এসে দোকান ধুয়ে নিচ্ছেন। গতকাল দুপুরে চাষাড়ায় সায়ামপ্লাজা মার্কেটে চোখে পড়লো এমন দৃশ্য। মার্কেটের সামনের দোকানটি খুলে ধোয়া মোছার কাজ চলছে।  

 

দোকান মালিক ও সায়ামাপ্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন জানান, ভাই ব্যবসার অবস্থা ভাল নয়। আমরা বৈশাখ ও রমজান দু’টি সিজনই মার খেলাম। এ বছর লোকসানের উপর লোকসান গুণতে হচ্ছে। ২৫ মার্চ থেকে মার্কেট বন্ধ। এক মাসের উপরে ব্যবসা-বাণিজ্য বন্ধ। মাথার উপর ঝুলছে দোকান ভাড়া, কর্মচারীরর বেতন ও বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচের দায়।

 

১০ মে দোকানপাট খুলবে। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বেচাকেনা কিছু হোক বা না হোক কর্মচারীদের বেতন দিতে হবে। এবারের ঈদে হয়তো কর্মচারীদের বোনাস দেয়া সম্ভব হবেনা। বেতনতো দিতেই হবে। আমরা দোকান মালিকরা যত কষ্টেই থাকি কর্মচারীদের বেতন ঠিকই পরিশোধ করবো। মার্কেট খোলার বিষয়ে ডিসি অফিসে মিটিং চলছে - সেখানে গেছেন আমাদের মার্কেট এর সভাপতি হাজী হাসান ইমাম।  

 

বিকেলে কথা হয় সায়ামপ্লাজা বণিক সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি হাজী হাসান ইমামের সাথে। তিনি বলেন, জেলা প্রশাসকের সভাকক্ষে আমাদের দোকান মালিক সমিতি ও চেম্বার অব কমার্সের নেতৃবন্দের সাথে জেলা প্রশাসকের গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে।

 

সেখানে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সভায় পুলিশ সুপার, র‌্যাব এর কর্মকর্তাও ছিলেন। আমাদেরকে বলা হয়েছে বিকেল ৪টায় মার্কেট বন্ধ হয়ে যাবে। সামাজিক দূরত্ব ও সামাজিক নিরাপত্তার বিষয়টি মেনে চলতে হবে। যার যার নিরাপত্তা ব্যবস্থা নিজেকেই করতে হবে।

 

 দোকানে কর্মচারীরা তিন ফুট দূরত্বে থাকবেন। ক্রেতারাও দূরত্বে থাকবে। হাজী হাসান ইমাম আরো বলেন, আমি জেলা প্রশাসকের সভায় বলেছি, আমরা ব্যবসায়ীরা সবই করবো। প্রশাসন একটি বিষয় ডিলাইনে প্রচারের ব্যবস্থা করলে ভাল হয়। সেটা হল যারা মার্কেটে আসবেন, তারা যেন আসা থেকে বের হওয়ার আগে নিজেদের নিরাপত্তার দিকটা ভালমত বজায় রেখে তারপর মার্কেটে আসেন। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হলেই বিপদ বাড়বে। 


তিনি আরো জানান, আমাদের মার্কেটে ছোটবড় মিলিয়ে ৬৫টি দোকান। সবমিলিয়ে ২০০ কর্মচারী কাজ করে। মাত্র ১৫ দিনের জন্য দোকান খুলছে। প্রচন্ড চাপে পড়বে একজন ব্যবসায়ী। ব্যবসা-বাণিজ্য একেবারে শেষ।

 

বাড়ি ভাড়া,  দোকান ভাড়া, পার্টি আসবে টাকার জন্য। আছে ঋণের চাপ। কর্মচারীদের বেতন দিতে হবে। সামনে বিরাট বিপদ। তবে  জেলা প্রশাসক মহোদয় আমাদের বলে দিয়েছেন কেহ ইচ্ছে করলে মার্কেট বন্ধ রাখতে পারেন, এতে প্রশাসনের কোন আপত্তি থাকবেনা। 


শহরের বৃহৎ মার্কেট ডিআইটি মার্কেট এখন বন্ধ। শুধুমাত্র কয়েকটি ঔষধের দোকান খোলা। পুরো মার্কেট খা খা করছে। নেই চিরচেনা রূপ। ডিআইটি মার্কেট বণিক সমিতির সভাপতি আলহাজ্ব নরউদ্দিন আহমেদ বলেন, ডিআইটি মার্কেট এলাকায় মোট ১০০ দোকান রয়েছে।

 

এরমধ্যে ইলেক্ট্রনিক্স দোকান ৩০টি কিছু ঔষধের দোকানসহ বাদবাকীগুলো ভ্যারাইটিজ দোকান। ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীরা পুরো মার খেয়ে গেছেন। ফ্যানের ব্যবসা শুরু হয় মার্চ মাসে।

 

চলে মে মাস পর্যন্ত। ২৫ মার্চ থেকে মার্কেট বন্ধ হয়ে যায়। করোনা সংকটে ব্যবসা শেষ। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে মাল কিনেছে। কিছুই বিক্রি হয়নি। মাথার উপর রয়ে গেছে দোকান ভাড়া, বাসা ভাড়া, কর্মচারীর বেতন ও বিদ্যুৎ বিল। একেকটি দোকানের মাসে ক্ষতি হয়েছে কমপক্ষে দেড় লাখ টাকা।

 

ডিআইটি মার্কেটের কয়েকজন ব্যবসায়ীর মতে, মার্কেট খুললেও জমবেনা। আমাদের কোন লাভ হবেনা। এই মার্কেটে দোকান প্রতি মাসে কমপক্ষে দেড় লাখ টাকা করে ক্ষতি হয়েছে। সে হিসেবে ১০০ দোকানে ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন