করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কৌশল হিসেবে সীমিত করা হয়েছে যানবাহন। বিশেষ করে গণপরিবহনে ঝুঁকি বেশি থাকায় এবং সহজে করোনা বিস্তারের সম্ভাবনা থাকায় এগুলো চলাচল নিষেধাজ্ঞাসহ সতর্ক ও সীমিত করা হয়েছে রিক্সা, ইজিবাইক ও সিএনজি’র মতো বাহনগুলো।
এই সীমিত যানবাহনের কারণে একটু দুরের রাস্তায় যাত্রি একজন কিংবা দুজন হলে একটু বেশি টাকা খরচ করে ভাড়া করছে মোটর বাইক। পাঁচ সাতজনের দল হলে কিংবা একজন দুজন করে পাঁচ ছয়জন যাত্রি একসাথে মিলে ভ্যান গাড়ি করে যাতায়াত করছে জনগণ। শনিবার নারায়ণগঞ্জের মদনপুর ও কাঁচপুরের মহাসড়কসহ আশেপাশের সড়কগুলোতে দেখা যায় এমন চিত্র।
কাঁচপুর ব্রিজের পর থেকে মদনপুর পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এসব এলাকার বিভিন্ন জায়গায় সড়কের পাশে যাত্রির অপেক্ষায় মোটর বাইক নিয়ে দাড়িয়ে আছে চালকরা। তাদের সাথে দর কষাকষি করছে যাত্রিরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় আছে ভ্যান গাড়ির ব্যবস্থা।
সেখানে মহিলা শিশুসহ বিভিন্ন বয়সী লোকজনকে ভীড় করতে দেখা যায়। বাইকে একজন বা দুইজন যাত্রি নিয়ে যাচ্ছে চালক। আর ভ্যান গাড়িতে দেখা যায় পাঁচ থেকে সাতজন যাত্রি।
কাঁচপুর ব্রিজের নিচে প্রায় দশ বারোজন চালককে বাইক নিয়ে যাত্রির জন্য অপেক্ষা করতে দেখা যায়। সেখানে সাজ্জাত নামের এক চালক জানান, তিনি দেড় বছর যাবত এ পেশায় আছেন। এমনিতে করোনা না থাকার সময় তার দৈনিক কমপক্ষে এক হাজার টাকা উপার্জন হতো।
কিন্তু এখন যাত্রি কম। রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশের বাধার মুখে পড়তে হয়। তাই এখন দৈনিক পাঁচশত টাকা উপার্জন করাও কষ্টকর হয়ে পড়ে। তা ছাড়া এখন লম্বা ট্রিপ দেয়া যায়না। দুই সপ্তাহ বাইক চালানো বন্ধ রেখেছে। কিন্তু সংসার খরচের জোগান দিতে বাধ্য হয়েই আবার বাইক নিয়ে বের হতে হয়েছে।
আশিকুর রহমান নামের এক বাইক যাত্রি জানান, করোনার কারণে বাইরে বের হওয়া পড়েনা। কিন্তু এক পার্টির কিছু ইমার্জেন্সী কাগজ পৌছে দিতে তাকে কাঁচপুর হতে সাইনবোর্ড যেতে হবে। তিনি যাওয়া আসার জন্য একশত পঞ্চাশ টাকা দিয়ে বাইকটি ভাড়া করেছেন। এ ছাড়া তার কোন উপায়ও নেই।
মদনপুর থেকে ভ্যান গাড়ি করে আরো তিনজন যাত্রির সাথে কাঁচপুর এসে নামলেন এক মহিলা। বৃষ্টি নামার কারণে তার কোলে থাকা এক দেড় বছরের একটি শিশুর মাথার উপর পলিথিন ধরে আছেন তিনি। আশ্রয় নিতে ব্রিজের নিচে আসলে নাম বলতে অস্বীকৃতি জানিয়ে বললেন, অসুস্থ বোনকে দেখতে কেওঢালায় বোনের বাড়ি গিয়েছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার সময় বৃষ্টি ছিলনা। রাস্তায় বাস, টেম্পো বা অন্য কোন গাড়ি না চলায় তাকে ভ্যান গাড়ি করে আসতে হয়েছে।
ভ্যানগাড়ি চালক রহমান বলেন, ঘরে বইয়া থাকলেতো আর পেট চলবেনা। তাই বাধ্য হয়েই আমাদের রাস্তায় বেরুতে হয়। মালামালের খেপ না পাওয়া গেলেও যাত্রি মোটামুটি ভালই পাওয়া যায়। তাই রোদ বৃষ্টি মাথায় করে দুইটা টাকা ইনকামের জন্য রাস্তায় বেরুই। এতে আমাদের যেমন উপকার হয় তেমনই যাত্রিদেরও উপকার হয়।


