Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে

Icon

ইমতিয়াজ আহমেদ

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৪:৪৫ পিএম

করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে
Swapno

অলিখিতভাবে লকডাউন শিথিল। খুলেছে গার্মেন্টস কারখানা। চলছে হাটবাজার। খুলে দেয়া হচ্ছে মার্কেট। মানুষ ঘরে থাকছেনা। হাটেবাজারে ফ্রি ভাইরাস নিয়ে কে বা কারা ঘুরছে তা কেহই জানেনা। বাজারে গিয়ে নিজের অজান্তেই অনেকে ভাইরাস নিয়ে ঘরে ফিরছেন। বুঝতেও পারছেন না কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

 

সামাজিক দূরত্ব না মেনে  বেপরোয়া লোকজন ঘাড়ে করোনা বয়ে নিয়ে যাচ্ছেন। ক্রমেই খারাপের দিকে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলার করোনা পরিস্থিতি । একদিকে যেমন গুচ্ছ গুচ্ছভাবে সংক্রমণ এলাকা বাড়ছে; তেমনি মৃদু লক্ষণ নিয়ে এখনো শনাক্তের বাইরে ৮০ শতাংশ রোগী ধীরে ধীরে জটিল হয়ে উঠছে। রোগটির ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রবণতায় আক্রান্তের সংখ্যা বাড়বে।

 

তার ওপর সংক্রমণ নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন উদ্যোগ ঠিকমতো বাস্তবায়ন না হওয়ায় ও এসব উদ্যোগের বৈজ্ঞানিক দিক নিয়ে প্রশ্ন ওঠায়, করোনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন নারায়ণগঞ্জের বোদ্ধামহল। এই মুহূর্তে না’গঞ্জে করোনা সংক্রমণের সব পথই খোলা। লকডাউন শিথিলতায় মানুষকে ঘরে রাখার পরিবর্তে রাস্তায় নামার সব ব্যবস্থা করা হচ্ছে।

 

সামাজিক দূরত্ব রক্ষার কথা বলে সামাজিকভাবে অনেক বেশি মেলামেশার সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে নিয়ন্ত্রণের পরিবর্তে রোগটির সংক্রমণ বাড়ছে। অথচ মে মাসটা দেশে করোনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এ মাসে সংক্রমণের গতি শ্লথ করা বা ন্যূনতম হলেও নিয়ন্ত্রণে রাখা না গেলে, রোগটির প্রকোপ কমতে অনেক বেশি সময় লাগবে।

 

এমনকি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে একসময় দেশে করোনা ঘনীভূত মহামারীর দিকে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, একসময় আর কোনো কিছুতেই রোগটি নিয়ন্ত্রণ করা যাবে না। তখন হার্ড ইমিউনিটি (অর্থাৎ রোগীর শরীরে সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা) হবে একমাত্র উপায়। মাঝখানে সামাজিক ও অর্থনৈতিকসহ নানামুখী বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে দেশকে।

 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম যুগের চিন্তাকে বলেন, যেভাবে অলিখিতভাবে লকডাউন খুলে দিল সরকার-রাস্তাঘাটে মানুষ বাড়ছে। বিপনীও খুলে দেয়া হচ্ছে। সবকিছুই খুলে দেয়া হচ্ছে গার্মেন্টস মালিক ও শিল্পপতিদের স্বার্থে। মানুষের স্বার্থে নয়। এরপর ব্যাপক প্রাণহানী ঘটার আশংকা রয়ে গেল। প্রাণহানী ঘটলে এর দায় দায়িত্ব কে নিবে। লকডাউন শিথিল করে দেয়াটা অবাস্তব সিদ্ধান্ত।

 

সরকার অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। সত্যি বলতে কি নারায়ণগঞ্জ চির অবহেলিত। কিছু লোকের কাছে আমরা জিম্মি। আজকে নারায়ণগঞ্জে করোনা ল্যাব উদ্বোধন করা হল। যিনি উদ্বোধন করলেন তিনিই মাইকে বললেন  টেকনিশিয়ান নাই। যদি প্রয়োজনীয় টেকনিশিয়ান নাই থাকে তাহলে এই লোক দেখানো উদ্বোধন কেন। মাত্র ৯০ জনের টেস্ট করার ক্যাপাসিটি দিয়ে কাজ হবেনা।

 

করোনা টেস্টের সক্ষমতা আরো বাড়াতে হবে। এটা রাজনীতির বিষয় না। সার্বিক অবস্থা বিবেচনায় বলা যায়, নারায়ণগঞ্জে অবস্থা হবে খুবই ভয়াবহ। অকল্পনীয় এই দুর্বিপাক থেকে মহান আল্লাহ পাক যদি তাঁর হাবিবের উছিলায় মাফ করে দেন তাহলে আমরা বেঁচে যাবো।   


করোনা-দুর্যোগ উত্তরণ সমন্বয় কমিটির আহবায়ক রফিউর রাব্বি বলেন, আমরা খুবই বড় ধরনের সংকটের মুখোমুখি। সামনে নারায়ণগঞ্জের পরিস্থিতি তীব্রতর হবে। এখানে সরকারের কোন কাজেই সঠিক পরিকল্পনা নেই। সব কাজই অপরিকল্পিত। নারায়ণগঞ্জ এমন জেলা যেখানে সমস্ত জেলা থেকে মানুষ আসে।  কেহ গার্মেন্টস শ্রমিক হয়ে আসে। কেহ হকার হয়ে আসে। কেহ আসে রিক্সাচালক হয়ে।

 

গার্মেন্টসে কোন ভাবেই সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব মানা সম্ভব না। গার্মেন্টস শ্রমিকরা যেন গিনিপিগ। এভাবে হুট করে গার্মেন্টস খুলে দেয়ার প্রশ্নই আসেনা। আমাদের মনে রাখা দরকার জীবনের চেয়ে জীবিকা  বেশি নয়। প্রথম কাজ জীবন রক্ষা করা। তারপর জীবিকা। জীবন চলে গেলে জীবিকা নির্বাহ করবে কে ? হাটবাজার ও মার্কেট খুলে দেয়াটা সরকারের আত্মঘাতি সিদ্ধান্ত।

 

চরম অনিশ্চয়তার মধ্যে আছি আমরা। সরকারের কোন কাজেই সমন্বয় নেই। সুষ্ঠু পরিকল্পনার অভাব। সরকারের যেন এখন একমাত্র দায়িত্ব হয়েছে করোনায় ক’জন আক্রান্ত হল আর ক’জন মারা গেল সেই তথ্যটা জাতির সামনে তুলে ধরা আর বিরোধী দলের সমালোচনা করা। 


রফিউর রাব্বি আরো বলেন, ২ মার্চ বাংলাদেশে নারায়ণগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৩জন। এদের মধ্যে ২ জনই ছিল নারায়ণগঞ্জের। লকডাউন পরিস্থিতিতে নারায়ণগঞ্জে ২/৩ দিন ১০ টাকা দরে চাল বিক্রি করা হয়েছিল। আমরা বলেছিলাম প্রতিদিন ১০ টাকা দরের চাল বিক্রি করতে। তাছাড়া প্রথমত নারায়ণগঞ্জে কোন ল্যাব ছিলনা।

 

সব জেলায় ল্যাব হওয়ার পর এখানে ল্যাব হল। ল্যাবে টেস্ট ক্যাপাসিটি ৯৬টির কথা বলা হলেও প্রকৃতপক্ষে টেস্ট হবে কয়টি। দৈনিক ৫০/৬০ টি পরীক্ষা দিয়ে কিছুই হবেনা। নারায়ণগঞ্জে দৈনিক ন্যুনতম ৫০০ আলামত পরীক্ষা করা দরকার। সামনে ভয়াবহ অবস্থা হবে বলে মনে করি। এর জন্য সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তই দায়ী।  


সবশেষে তিনি বলেন, সরকারের তরফ থেকে বরা হচ্ছে মানুষ ঘরে থাকছেনা। সামাজিক দূরত্ব মানছেনা। হাটে-বাজারে বেপরোয়া ভাবে চলাফেরা করছে। এ ক্ষেত্রে আমি বলবো, মানুষ কেনো ঘর থেকে বের হচ্ছে সেটা খোঁজ নিয়ে দেখুন। কারণ তাদের ঘরে খাবার নেই। পেটে ক্ষুধার জ্বালা। খাবারের সন্ধানে তারা ঘর থেকে বের হচ্ছে।

 

ঘরে খাবার না থাকলে মানুষ বাঘের সামনে গিয়েও খাবার সংগ্রহ করতে ভয় পায়না। ক্ষুধার জ্বালা বড় জ্বালা। সরকার বলেছিল ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। কিন্তু তা হয়নি। সরকারের উচিৎ ছিল ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া। সরকার তা পারেনি। আর কবে দিবে। মানুষকে বাঁচাতে হলে সমন্বয়হীনতা দূর করতে হবে। 


জনাব রফিউর রাব্বি বিশেষভাবে বলেন, নারায়ণগঞ্জে করোনার আইসোলেশন ব্যবস্থা ভাল নয়। সিদ্ধিরগঞ্জের আইসোলেশন কেন্দ্রটির ব্যবস্থাপনা মোটামুটি ভাল। কিন্তু খানপুরে অব্যবস্থাপনা বেশি। করোনা চিকিৎসায় নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার ব্যবস্থা করা উচিৎ ছিল। আমরা আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে আছি। করোনা নিয়ে সরকারের উদাসীনতা দূর করতে হবে। সবকাজে সমন্বয় চাই। রাজনীতি করলে মানুষ মরবে। 


আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ বলেন, সরকারের নীতি নির্ধারকদের উচিৎ ছিল রমজান ও ঈদের ছুটি পর্যন্ত লকডাউন এর কঠোরতা বজায় রাখা। ২৪ মার্চ পর্যন্ত লকডাউন যেমন চলছিল যদি আরো এক মাস চলতে পারতো তাহলে সংক্রমনটা কমতির দিকে থাকতো। গার্মেন্টস খুলে দেয়ার পর গত ৩/৪ দিনে আক্রান্তের হার বেড়েছে। এখনতো টেস্ট সীমিত।

 

টেস্ট করাতে গিয়ে লোকজন হয়রানির শিকার হচ্ছে। টেস্ট বেশি করতে পারলে করোনা আক্রান্তের হারও বাড়বে। সংক্রমণের হার বাড়ছে। লকডাউন ঢিলেঢালা হয়ে পড়েছে। এভাবে চললে বাড়বে আক্রান্তের হার। লকডাউন মানার কারনে ঢাকায় টোলারবাগে করোনা রোগী আর বাড়ে নাই। এখন লকডাউন ঢিলেঢালা করে দেয়ায় আক্রান্তের হার বাড়বে।

 

২ মার্চ নারায়ণগঞ্জে প্রথম করোনা ধরা পড়ে। যে দুজন ধরা পড়েছিল তারা নারায়ণগঞ্জের লোক ছিলেন না। তারা ছিল ইতালি প্রবাসী। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আমরা বাইরের লোক দিয়ে প্রথম করোনাতে আক্রান্ত হই। অথচ সারাদেশে নারায়ণগঞ্জের বদনাম হচ্ছে। আমি বলতে চাই নারায়ণগঞ্জ থেকে করোনা ছড়ায়নি। নারায়ণগঞ্জ গ্রেটার সিটির ১৬ লাখ লোককে আক্রান্ত করছে বাইরের লোক। 


তিনি আরো বলেন, গার্মেন্টস শিল্প বাঁচানোর অজুহাতে লকডাউন শিথিল করা হল। এতেকরে আখেরে ক্ষতিই হবে। আরো একমাস গার্মেন্টস বন্ধ রাখা উচিৎ ছিল। এতেকরে কোন অর্ডার বন্ধ হতোনা। এখনতো মসজিদও খুলে দেয়া হচ্ছে। সরকারের ডেমকেয়ার ভাবটা সুচিন্তিত নয়।  খোদ স্বাস্থ্যমন্ত্রী আশংকা করছেন ঢিলেঢালা লকডাউনে আক্রান্তের হার বাড়বে।

 

পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে। আরো একমাস কঠোর লকডাউন থাকলে হয়তো মানুষের আর্থিক অবস্থা খারাপ হতো। কিন্তু আক্রান্তের সংখ্যা কম  হত। এবার ঈদের ছুটিতে যখন মানুষ ছুটোছুটি করবে-তখন বোঝা যাবে পরিস্থিতি কতটা ভয়াবহ আকার নিবে। 


নারায়ণগঞ্জ জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ বলেন, বিশ্বজুড়ে এই মহামারী চলছে। এর ঢেউ এসে লেগেছে আমাদের দেশে। করোনার দাপটে আমরা কম্পিত। আতঙ্কে দিন কাটাই। আমরা যতটুকু নিরাপদে থাকতে পারি ততই মঙ্গল। হাটে-বাজারে, রাস্তাঘাটে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। আমরা জানিনা কার শরীরে ভাইরাস আছে।

 

বাজারে ফ্রি বিতরণ হচ্ছে ভাইরাস। আমরা নিজের অজান্তেই ফ্রি ভাইরাস বাসায় নিয়ে যাচ্ছি। কাজেই আমি বলবো, মার্কেট খুলে দেয়া হবে ক্ষতি কি -আমরা যদি মার্কেটে না যাই। মসজিদ খুলে দেয়া হচ্ছে। ঘরে বসে নামাজ পড়লেও ছওয়াব কম হবেনা। অপ্রয়োজনে আমরা যেন ঘরের বাইরে না থাকি। সারাদেশ বন্ধ রাকা গেলে পরিস্থিতি কন্ট্রোল হয়ে যেত। অবস্থা খুবই এ্যালার্মিং।  


নারায়ণগঞ্জ  জেনারেল হাসপাতালের সার্জারী কনসালট্যান্ট ডা. মো: নাজমুল  হোসেন বলেন, পরিস্থিতি কতটুকু কোন দিকে যাবে তা বোঝা যাবে আরো কয়েকদিন পর। মানুষের চলাচল দেখে মনে হয় সবার ভয়টা কমছে। তাছাড়া করোনা রোগের খারাপ প্রবণতাটা একটু কম বলে মনে হচ্ছে। তবে মৃতের সংখ্যার প্রকৃত চিত্রটা পাওয়া যাচ্ছেনা। কারণ মৃত রোগীর টেস্ট বন্ধ।

 

যার স্বজন মারা যায় তারাও বিষয়টা চেপে যায়। যেমন আজ (৬ মে) আমাদের হাসপাতালে একরোগী মারা গেছে। সে ৫ দিন ধরে জ্বরে ভুগছিল। নাম মাহমুদুল হাসান (৪৮)। সে তল্লা এলাকার মৃত আলী আকবর এর ছেলে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন