Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘ডুবু ডুবু’ করে লোক উঠছে নৌকায়

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৩:০৭ পিএম

‘ডুবু ডুবু’ করে লোক উঠছে নৌকায়
Swapno

স্টাফ রিপোর্টার : কোন প্রকার নিয়মকানুনই মানা হচ্ছেনা শহর সংলগ্ন গুদারাঘাটগুলোতে। ৫ টাকার স্থলে জনপ্রতি ভাড়া নিচ্ছে ১০ টাকা। অথচ নৌকায় বোঝাই করে মানুষ পারাপারে নেই পা রাখার জায়গা। 


জনগণেরও অবাধ যাতায়াতে কোন প্রকার নিয়ম কানুন মানার প্রয়োজন আছে বলে মনেই হচ্ছেনা। যেখানে ঢাকার পরেই রেড সিগ্নালে আছে নারায়ণগঞ্জবাসি। যেখানে নারায়ণগঞ্জের করোনা বিস্তার রোধ নিয়ে দুশ্চিন্তায় আছে সরকারসহ স্থানীয় প্রশাসন। 


সেখানে বন্দরের সাথে নারায়ণগঞ্জের যোগাযোগের মাধ্যম যে নদীঘাটগুলো আছে সেখানে নেই কোন নিয়মের তোয়াক্কা। লোকজনের এমন অসতর্কতা বা অবাধ চালাফেরা নিয়ন্ত্রনে আনতে না পারলে নারায়ণগঞ্জবাসি যে কোন বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে সচেতনবাসির আশংকা। গতকাল শহর সংলগ্ন ঘাটগুলিতে দেখা যায় এমন চিত্র।

 

কোভিড-১৯ এর সতর্কতায় প্রায় একমাস যাবত চলছে লকডাউন। দেশের মানুষকে নিরাপদে রাখার প্রচেষ্টায় হোম কোয়ারেন্টিনে থাকার আহবানে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতে ছুটির ঘোষণা দেয়া হয়। অর্থনৈতিক অচল অবস্থা ঠেকাতে সব রকমের সতর্কতা মেনে যখন কিছু কিছু পরিবহন ও শিল্প-কারখানা চালু করার চিন্তাভাবনা করছে সরকার। 


সেখানে শহরের সাথে বন্দরের যোগাযোগের প্রধান মাধ্যম নদীঘাটের ভয়ানক চিত্র লক্ষ্য করা যায়। গতকাল দুপুরে বন্দর খেয়াঘাটে দেখা যায় মূল জেটি থেকে পঞ্চাশ থেকে একশত ফুট দূরে নোংরা এলাকায় ভিড়ছে নৌকা। সেখানে জনপ্রতি নেয়া হচ্ছে ১০ টাকা করে কিন্তু লোক নেয়া হচ্ছে ১৫ থেকে ২০ জন। কোন প্রকার জেটি না থাকায় নৌকায় উঠতে হচ্ছে ঝুঁকি নিয়ে। 

 

গা ঘেঁষাঘেঁষি করে নৌকায় লোক নিচ্ছে মাঝি। লোকজনও কোন প্রকার দ্বিধা না করে উঠছে। যেন কোন উৎসবের আয়োজন। বন্দর গুদারাঘাটের তুলনায় আশেপাশের অন্যান্য ঘাটগুলোতে লোকসংখ্যা কিছুটা কম হলেও সতর্কতার অবজ্ঞায় একই চিত্র। 

 

বন্দর ঘাটের আরমান নামের এক যাত্রি জানান, তিনি একজন দর্জি। সেলাই মেশিন ঠিক করানোর জন্য শহরে গিয়েছিলেন। মেশিন নষ্ট থাকায় তার দর্জি কাজ বন্ধ হয়ে পড়েছে। মেশিন ভাল থাকলে কম বেশি কিছু উপার্জন হয়। তা না হলে সংসারের খরচ চালানো অসম্ভব। 


তিনি বলেন এখনতো লোক কম। সকালে এখানে দাঁড়ানোর মতোও কোন জায়গা ছিলনা। নৌকা ডুবু ডুবু করে লোক উঠেছে নৌকায়। তারপরও ভাড়া কম নেয়নি মাঝি। করোনার সতর্কতার কথা তিনি জানেন। কিন্তু টাকা উপার্জনের ব্যবস্থা করতে না পারলে তার পরিবারের না খেয়ে থাকতে হবে।


এ বিষয়ে বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ বলেন, ঘাটগুলোর পারাপার খুবই ঝুঁকিপুর্ণ। অথচ ভাড়াও নিচ্ছে জনপ্রতি ১০ টাকা। নৌকাগুলো জেটিতে না ভেড়ানোর কারণে লোজনের উঠতে নামতেও কষ্ট হচ্ছে। 


তার উপর করোনা সতর্কতার কোন নিয়মকানুনতো মানা হচ্ছেই না উপরন্তু করোনার প্রভাব বিস্তারের ক্ষেত্র তৈরী হচ্ছে। এমনিতেই বন্দর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সদর ছাড়া নারায়ণগঞ্জের যে কোন উপজেলা থেকে বেশী। তার উপর এমন বেপরোয়া চলাচল বন্দরবাসিকে আরো হুমকির মুখে ঠেলে দিবে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, যদিও নদীঘাটগুলো আমাদের আওতাভূক্ত না। তারপরও আমরা জনগণের স্বার্থেই বিভিন্ন উদ্যোগ নিতেছি। সোমবার সকালে আমরা তাদের সাবধান করে দিয়েছি। 


মঙ্গলবারও আমরা মাইকিংয়ের মাধ্যমে তাদের সতর্ক করার পরিকল্পনা গ্রহন করেছি। তিনি বলেন, আমরাতো তাদের সতর্ক করবোই। কিন্তু জনগণকেও তাদের সমস্যা, তাদের বিপদের কথা বুঝতে হবে। তা না হলে আমাদের সবারই ক্ষতি হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন