Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনায় নেই বাজার মনিটরিং

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০, ১০:৩৭ পিএম

করোনায় নেই বাজার মনিটরিং
Swapno

করোনা সংকটে শহরের বাজারগুলোতে নিয়ম শৃংখলার বালাই নেই। লকডাউন শিথিল অবস্থায় মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। বাজারগুলোতে  টানানো হয়না মূল্য তালিকা। ফলে প্রতিনিয়ত ঠকছেন ক্রেতা সাধারণ।

 

করোনায় নারায়ণগঞ্জে বাজারগুলোতে কোন মনিটরিং নেই বলে মনে করছেন বোদ্ধামহল। তাদের মতে, পবিত্র রমজান মাসে ক্রেতা সাধারণ বাজারে গিয়ে ঠকছেন। পণ্যের মূল্য তালিকা টানানোর কথা থাকলেও দোকানীরা তা টানায়না।

 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মূল্য তালিকা টানানো হয়। অভিযান শেষ হলেই তালিকা নামিয়ে রাখা হয়।  কোন কোন দোকানদার তালিকা টানানো নিয়ে চালাকি করে থাকেন। সচেতন ক্রেতা সাধারণ তালিকার কথা জিজ্ঞেস করলে  দোকানী বলেন নীচে পড়ে গিয়েছিল একটি সদাই দেয়ার সময়।

 

কর্মচারীকে বলেন, ওই তালিকাটা টানাইয়া দে। স্যারে মূল্য তালিকা দেইক্কা সদাই নিব। তালিকাটা ভালা কইরা মুইচ্ছা ল।’ এ ব্যাপারে জানতে চাইলে  জেলা বাজার কর্মকর্তা মো: মোস্তাক আহমদ যুগের চিন্তাকে বলেন, আমরা নিয়মিত বিভিন্ন বাজার পরিদর্শন করি।

 

তখন কোন অনিয়ম দেখলে ব্যবসায়ীদের সতর্ক করে দেই।  জেলার প্রধান ১২ টি বাজার নিয়মিত মনিটরিং করা হয়। তাছাড়া অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

 

একই বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহাকারী পরিচালক  মো: সেলিমুজ্জামান বলেন,  ভোক্তা অধিকার সংরক্ষণে বাজারগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলছে। এপ্রিল মাসে ১৪টি বাজার অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

রমজানেও অভিযান অব্যাহত আছে। আপাতত বাজারগুলোতে বিভিন্ন দোকানে মূল্য তালিকা টানানো ও অধিক মূল্য আদায়ের বিষয়টি মনিটরিং করা হচ্ছে। গতকাল অভিযান চালানো হয়েছে বন্দরের লাঙ্গলবন্দ বাজারে। মূল্য তালিকা না টানানো ও অধিক মূল্য আদায়ের কারনে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

গত ৩ মে অভিযান চালানো হয়েছে ফতুল্লা ও পাগলা বাজারে। মূল্য তালিকা না টানানো ও অধিক মূল্য আদায়ের অভিযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। গত ৩০ এপ্রিল অভিযান চালানো হয় খানপুর বৌবাজার, ঈশা খা রোড, মাসদাইর বাজার, ইসদাইর বাজার ও গাবতলী বাজারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

২৯ এপ্রিল অভিযান চলে খানপুর বৌবাজারে। জরিমানা করা হয় ১ হাজার টাকা। ২৭ এপ্রিল অভিযান চালানো হয় শহরের প্রধান বাজার দ্বিগুবাবুর বাজারে। জরিমানা করা হয় ৩ হাজার টাকা। ২৬ এপ্রিল অভিযান চলে জালকুড়ি, ভূঁইগড় ও চিটাগাং রোড বাজারে। জরিমানা করা হয় ৫৬ হাজার টাকা। ২১ এপ্রিল অভিযান চালানো হয় ফলপট্টিতে। জরিমানা করা হয় ৪ হাজার টাকা।

 

গতকাল সরেজমিনে দ্বিগুবাবুর বাজার পরিদর্শনকালে নানা অনিয়ম চোখে পড়ে। ফকিরটোলা মসজিদের সামনে রেললাইনের দু’পাশের দোকানদারদের অধিকাংশের মুখেই ছিলনা মাস্ক। শুটকীর দোকানগুলোতে সব শুটকীই খোলা অবস্থায় বিক্রি হচ্ছে। মাংস পট্টি আগের মতই। মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাংস কেটে দিচ্ছে বিক্রেতা। খুব একটা নিরাপত্তা নেই। মাছি উড়ছে।

 

দোকানের সামনে ছোপ ছোপ রক্ত। পশু জবাইয়ের রক্ত ও অন্য আবর্জনা মিলেমিশে স্যাঁত স্যাঁতে অবস্থা বিরাজ করছে মাংস পট্টিতে। বেচাকেনা কম।  মাংসপট্টির পাশেই রেললাইনের উত্তর পাশে কয়েকটি মুদি দোকান। কোন মূল্য তালিকা নেই। দোকানের নাম রফিক স্টোর। মূল্য তালিকা কোথায় জিজ্ঞেস করতেই দোকানী নিচ থেকে তালিকা তুলে আনেন।

 

মূল্য তালিকার লেখা অস্পষ্ট। মূল্য ঠিকমত বোঝা যায়না।  দোকানদার কর্মচারীকে কৃত্রিম ভর্ৎসনা করলেন। ‘ব্যাটা তালিকাটা নিচে পড়লে আর তোলস না কেন। ম্যাজিস্ট্রেট আইলেতো জরিমানা ধরবো।’

 

বাজারের বিভিন্ন দোকানে অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষন করে জানতে চাইলে দ্বিগুবাবুর বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কাদির বলেন, আমি ও সাধারণ সম্পাদক শাহেদ  হোসেন ফালানসহ সব ব্যবসায়ীকে সতর্ক করে দেব। যাতে সবাই মূল্য তালিকা একেবারে দোকানের সামনে টানিয়ে রাখে। তাছাড়া মূল্য তালিকাটা যেন নিয়মিত আপডেট করা হয়। আমাদের সমিতির ১০০ সদস্য মোটামুটি সব নিয়ম কানুন মেনে চলে। তবে মাঝে মধ্যে ত্রুটি-বিচ্যুতি ঘটে যায়।

 

এদিকে, দ্বিগুবাবুর বাজারের মাংসপট্টির গলিতে দু’ একটি দোকান ছাড়া সবগুলোতেই মূল্য তালিকা টানানো থাকেনা। কেউ জানতে চাইলে তালিকাটা টানানো হয়। মাছ বাজার পেরিয়ে নারকেল ও ডিমপট্টির দোকানগুলোতেও একই অবস্থা চোখে পড়ে।

 

শ্রী কৃষ্ণ ষ্টোর এর মালিক কৃষ্ণ প্রসাদ বলেন, তালিকাটা প্রতিদিন টানাই। আজকে নিচে পড়ে গিয়েছিল। তালিকাটা আপডেটও করে থাকি। জয় স্টোর, সততা ভ্যারাইটিজ স্টোর, বাবা শাহজালাল স্টোর, মায়ের দোয়া স্টোর, ফারুক স্টোরে তালিকা ছিলনা। আহাদ স্টোরে তালিকা থাকলেও আপডেট করা ছিলনা। এরপর দ্বিগুবাবুর বাজারের মীরজুমলা সড়ক অংশের তাজউদ্দিন মোল্লা এন্ড সন্স, রফিক এন্ড ব্রাদার্স,বিসমিল্লাহ স্টোরে তালিকা টানানো ছিলনা।

 

প্রো: শাহজাহান প্রধান বলেন, তালিকা নিয়মিত টানাই। বেচাকেনা তেমন নাই। আসলাম স্টোর ও শাওন স্টোরে শ্যাম্পুর পাতার আড়ালে ঢাকা পড়েছিল মূল্য তালিকা।  দোকানদার রফিকুল ইসলাম  বলেন, ভাই বেচাকেনা নাই।

 

একেবারে বাজার ঠান্ডা, মনটা ভালোনা। ভাই ভাই স্টোরের প্রো: হাজী মো: মজিবুর রহমান বলেন, কাস্টমার কইম্যা গেছে। বেচাকেনা কম। আমরা হাজী তারা মিয়া মার্কেট সমবায় সমিতির ৫১ জন দোকানদার নিয়মিত মূল্য তালিকা টানিয়ে দেয়। তাছাড়া কোন দোকানদারই অধিক মূল্য রাখেনা।

 

দ্বিগুবাজারের কাঁচা বাজার অংশে মূল্য তালিকার বিষয়টাই কাঁচা তরকারি বিক্রেতারা বোঝেনা। ওরা সিন্ডিকেট করে ব্যবসা করছে। গ্রামে কৃষক সবজীর মূল্য না পেয়ে যেখানে সবজী গর্তে ফেলে দিচ্ছে সেখানে দ্বিগুবাবুর বাজারে চড়া দামে বিকোচ্ছে মৌসুমী সবজী। আলু বিক্রেতা সালাউদ্দিন, পেঁয়াজ বিক্রেতা তরুণ ও লেবু বিক্রেতা হাসমত জানান, আমরা হালাল ব্যবসা করি।

 

যেই দামে কিনি ওই দামেই বিক্রি করি। যা ছল চাতুরি করে পাইকাররা করে। তবে অভিযোগ মানতে নারাজ পাইকাররা। তাদের ভাষ্য, আমরা যে দরে কিনি তাতেই পরতা করে নিই। মাঝখান থেকে ফায়দা লোটে ফরিয়া বা মধ্যসত্বভোগীরা। তাছাড়া বাজারের বিক্রেতারা কারসাজি করে দাম বাড়ায়। ওরা সিন্ডিকেট করে দাম বাড়ায়। এটা ঠিক না। এ বিষয়ে কোন সংস্থা ব্যবস্থা নেয়না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন