Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রস্তুত ল্যাব, বুধবার উদ্বোধন

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৬:২০ পিএম

না’গঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রস্তুত ল্যাব, বুধবার উদ্বোধন
Swapno

স্টাফ রিপোর্টার : অবশেষে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ও  নমুনা পরীক্ষার জন্য  প্রস্তুত হল খানপুরে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ইতিমধ্যেই হাসপাতালটিকে একটি পূর্নাঙ্গ করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়েছে। 


নির্মাণ করা হয়েছে করোনা নমুনা পরীক্ষা করার জন্য অত্যাধুনিক ল্যাব। স্থাপন করা হয়েছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন। 


আগামাীকাল বুধবার (৬ মে) নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান , জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন (সিএস) ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়সহ অন্যান্যদের উপস্থিতিতে এ  ল্যাবের উদ্বোধন করবেন। 

হাসপাতাল সূত্রে  জানা যায়, করোনা টেস্ট ল্যাব এখন সেবা দিতে প্রস্তুত। ল্যাবে করোনা টেস্টের কাজটি হবে চার ভাগে। প্রথমত স্যাম্পল কালেকশন, দ্বিতীয়ত স্যাম্পল প্রসেসিং, তৃতীয়ত এনালাইসিস ও চতুর্র্থভাগে রিপোর্ট জেনারেশন। 

দৈনিক ৯৬ জন লোক এখানে করোনা পরীক্ষা করাতে সক্ষম হবেন। এই ল্যাব পরিচালনায় ৪ জন টেকনিশিয়ানসহ ১০ জন লোকবল প্রয়োজন হবে। বর্তমানে একজন ভাইরোলজিস্ট ও দুই জন টেকনেশিয়ান রয়েছে। এছাড়া সেখানে ১০টি আইসিইউ সহ ৫০ শয্যার আইসোলেশন হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল  অফিসার ( আরএমও) ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় জানান,  ল্যাবের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। ল্যাবে ভাইরোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন আমিরুল হুদা  এবং তার সঙ্গে দুইজন টেকনিশিয়ান যোগ দিয়েছেন। 
হাসপাতালের আরটি-পিসিআর মেশিন বসানো হয়েছে। এখানে প্রতিদিন এক সেটাপে ৯৬টি করে টেস্ট করা যাবে এবং দ্রুত সময়ের মধ্যেই নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক ডা. সঞ্চয়  আরো জানান, ল্যাব স্থাপনের আগে থেকেই আমাদের এখানে নমুনা সংগ্রহ ও চিকিৎসা সেবা শুরু হয়েছে। আমাদের এখানে প্রতিদিন প্রায় ২ শতাধিক মানুষের নমুনা সংগ্রহ করা হচ্ছে। 


পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জনের মাধ্যমে তা ঢাকায় পাঠানো হত। যাদের পজেটিভ শনাক্ত হচ্ছে তাদের মধ্যে সিরিয়াস রোগীদের হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হচ্ছে। আজকে নতুন করে ভর্তি হয়েছে একজন পুরুষ ও একজন নারীসহ মোট ২ জন। 


এ নিয়ে এখন পর্যন্ত আমাদের হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭১ জন।  আর জরুরী বিভাগে যারা  করোনা উপসর্গ বা জ্বর,ঠান্ডা নিয়ে আসছে তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি এবং বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছি। আজকে মোট ১৪ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।


এর আগে দ্রুত করোনাভাইরাস নমুনা পরীক্ষায় পিসিআর মেশিন স্থাপন করার জন্য নারায়ণগঞ্জের সিটি মেয়র, নারায়ণগঞ্জ ৪ ও  আসনের সাংসদসহ রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ৪৬টি সংগঠন, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দাবি জানানো হয়। 


পরে  প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে পিসিআর মেশিন বসানোর জন্য দাবি জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন