স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিনে বেড়েই চলছে। আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সেই সাথে বাড়ছে লাশের মিছিল। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ও নিহতের দুঃসংবাদ পেলেও নারায়ণগঞ্জবাসীর জন্য নেই কোন সুখবর।
করোনা ভাইরাসে জেলায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে হয়েছে ১০৫৩ জন। মারা গেছেন ৫০ জন কিন্তু সুস্থ হয়েছে মাত্র ৪৮ জন। জেলায় সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ৬৪৬ জন আক্রান্ত হয়েছেন। সদর উপজেলায় ৩০৯, বন্দর উপজেলায় ২৩ জন আক্রান্ত। শহর জুড়ে আক্রান্তের বন্যা বয়ে গেলেও জেলার করোনা হাসপাতালে এখনো পুরোপুরি করোনা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হয়নি।
৩শ শয্যা হাসপাতালকে করোনার চিকিৎসার জন্য নির্ধারন করা হলেও এখনো হাসপাতালটিকে পূর্নাঙ্গরূপে করোনার জন্য প্রস্তুত করা হয়নি। গত ৮ এপ্রিল এই হাসপাতালকে করোনার চিকিৎসার হাসপাতাল ঘোষনা করা হয়েছে। হাসপাতালে করোনা ভাইরাসের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হলেও প্রধান চিকিৎসাসেবার ব্যবস্থা এখনো সম্পন্ন হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নমুনা সংগ্রহ, প্রাথমিকভাবে আক্রান্তদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে এখনো আইসিইউর ব্যবস্থা করা হয়নি। ভেন্টিলেটর পৌছালেই গুরুতর রোগীদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এদিকে হাসপাতালে এখনো পিসিআর মেশিন স্থাপন করা হয়নি। যার ফলে পরীক্ষার ফলাফল পেতে এখনো কয়েকদিন। পিসিআর মেশিন স্থাপনের জন্য আরও ৮-১০ দিন সময় লাগবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
একদিকে নারায়ণগঞ্জে নেই করোনা চিকিৎসা সেবার পূর্নাঙ্গ চিকিৎসা সেবা অপরদিকে যারা জেলাজুড়ে মানুষের সেবায় নিয়োজিত তারাও করোনার ছোবল থেকে রক্ষা পায়নি। ইতিমধ্যে করোনা হাসপাতালের ৪৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের ৫৫ জন সদস্য ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৫৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।
এদিকে জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের মতে, জেলাজুড়ে লকডাউন অনেকটা শিথিল করা হয়েছে। খুলে দেয়া হয়েছে পোশাক কারখানা। হাট-বাজারেও সামাজিক দূরত্ব মানা হচ্ছেনা। কিছুদিনের মধ্যেই নগরের মার্কেটও খুলে দেওয়া হবে। বিভিন্ন পরিস্থিতির করোনা পরিস্থিতির ভয়াবহতাকে ভুলতে বসেছে। ফলে জেলার করোনার ভবিষ্যত পরিস্থিতি এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ।


