ইমতিয়াজ আহমেদ : নূর আলম। শহরের দেওভোগ পাক্কা রোডের বাসিন্দা। সে একজন হোসিয়ারী ব্যবসায়ী। তাঁর হোসিয়ারী কারখানাটি বাসাতেই। বাসায় কারখানাতে মাল তৈরী করে মার্কেটে পাইকারী সাপ্লাই দেয়। নূর আলম শিশুদের গেঞ্জি ও প্যান্ট তৈরী করে।
তিন জন কারিগর নিয়ে নিজে কারখানা চালান। দু’জন কারিগর লকডাউনের সময় বেতন নিয়ে গ্রামে চলে গেছে। একজন কারিগরকে তিনবেলা খাওয়াতে হয়। তার বেতন দেয়া হয়নি দুই মাস ধরে। ঈদের সময় সে গ্রামের বাড়ি যাবে। কিছু টাকা পয়সাতো দিতেই হবে।
তাছাড়া নূর আলমের নিজেরও বাসা ভাড়া জমে গেছে। ৬ জনের সংসার। নূর আলমের কন্ঠে হাহাকার। ‘ভাই সবশেষ। মাল বানাইয়া ঘরে স্টক করছি। এক পিসও বিক্রি নেই। আগে তিনজন কারিগর আছিলো। এখন একজন।
এই একজনেরও বেতন দিতে পারতাছিন না। কেমনে সংসার চলবো। সমিতি থেকে কিস্তিতে টাকা নিয়া মাল বানাইছি। ঘরে দেড় টাকার মাল। বেচতে না পারলে মইরা যামুগা। ’
নারায়ণগঞ্জে চলছে লকডাউন। ব্যবসা বাণিজ্যের নগরী। ঈদকে ঘিরে মার্কেটগুলো জমজমাট থাকে, এবার নেই। রেডিমেড পোষাকের একটি বিশাল অংশ তৈরী করে নয়ামাটিসহ অন্যান্য এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা, ফ্যাক্টরী বন্ধ উৎপাদন নেই, চাহিদাও নেই। পাইকার আসছেনা।
রূপগঞ্জ জামদানী পল্লীর একই অবস্থা। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের অবস্থা ভাল নয়। নারায়ণগঞ্জে ৩ হাজার হোসিয়ারী কারখানা বন্ধ আছে। বেকার হয়ে পড়েছে দেড় লাখ হোসিয়ারী শ্রমিক। গোডাউন ভর্তি মাল। একপিসও বেচাকেনা নেই।
এই শিল্পের সবচেয়ে বড় সিজন পবিত্র ঈদুল ফিতর। সিজনাল এই শিল্প লকডাউনে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে। হোসিয়ারী ব্যবসায়ীদের মতে, লকডাউনে পড়ে নারায়ণগঞ্জে হোসিয়ারী শিল্প ১৫ ‘শ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে।
স্টকের মাল বিক্রি করা না গেলে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাবে। বড় বড় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ নিয়ে সারাবছর মাল তৈরী করেছে রমজানের সিজনের আশায়। এখনো মার্কেট বন্ধ। সীমিত আকারে হলেও হোসিয়ারী মার্কেট খোলার অনুমতি দিলে ব্যবসায়ীরা কিছু কিছু হলেও মাল বিক্রি করতে পারবে।
নইলে দেউলিয়া হয়ে যাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা। মাঝারি ব্যবসায়ীর পুঁজি ২০ থেকে ২৫ লাখ টাকা। ছোট ব্যবসায়ীরা ৫ থেকে ১০ লাখ টাকা। ২ লাখ টাকা নিয়েও ব্যবসা করছে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লকডাউনে কারো অবস্থাই ভাল নয়।
জানতে চাইলে যুগের চিন্তাকে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল বলেন, হোসিয়ারী শিল্পের অবস্থা ভাল নয়। ব্যাংক ঋৃণ ও সমিতির কিস্তি নিয়ে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সারা বছর মালামাল তৈরী করে গোডাউনে মজুদ করেছে।
এই মালামাল অদ্যাবধি একপিসও বিক্রি হয়নি। লকডাউনে মার্কেট বন্ধ। হোসিয়ারী শ্রমিকরা কর্মহীন হয়ে ঘরে বন্দি। ঘরে ঘরে চাপা হাহাকার। সরকারের প্রণোদনা না পেলে এই শিল্পের বিরাট ক্ষতি হয়ে যাবে।
দেউলিয়া যাবে ৩ হাজার হোসিয়ারী মালিক। সম্পূর্ণ বেকার হয়ে যাবে দেড়লাখ শ্রমিক। আমরা এই শিল্পকে বাঁচাতে এফবিসিসিআই মারফত হোসিয়ারী শিল্প মালিকদের ঋণ মওকুফ এবং নুতনভাবে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদানের জন্য সরকারের নিকট সুপারিশ জানিয়েছি।
ঋণ মওকুফের চিঠি :
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল চিঠিতে উল্লেখ করেন হোসিয়ারী শিল্প দেশের বস্ত্র খাতের উপ-খাত হিসেবে চিহ্নিত। হোসিয়ারী শিল্প ও শিল্প অধ্যুষিত ও ব্যবসা সমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলায় ১৯৫০ দশকে হোসিয়ারী শিল্পের অগ্রযাত্রা শুরু হয়।
ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, কুমিল্লা, পাবনা, গাজীপুর সহ বিভিন্ন জেলায় অবস্থিত প্রায় ৩ হাজার হোসিয়ারী শিল্প ইউনিট এসোসিয়েশনের সদস্য। এ শিল্পে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১ লক্ষ শ্রমিক কাজ করে যাচ্ছে। বৎসরে প্রায় ১৫-১৬ শত কোটি টাকা স্থানীয়ভাবে হোসিয়ারী উৎপাদিত পণ্যের টার্নওভার অর্জিত হয় এবং অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত হোসিয়ারী পণ্য দেশের সর্বস্তরের জনগনের চাহিদা মেটাতে সক্ষম হয় ।
হোসিয়ারী শিল্পে মৌসুম ভিত্তিক চাহিদার প্রেক্ষাপটে গ্রীষ্মকালে গেঞ্জি, আন্ডার ওয়্যার এবং শীতকালে সুয়েটার, কার্ডিগান, মাফলার, টুপি, বেবীসেট সহ নানাবিধ যুগোপযোগী হোসিয়ারী পণ্য উৎপাদন করা হয়। হোসিয়ারী শিল্প আমদানি নির্ভরশীল শিল্প।
হোসিয়ারী পণ্য উৎপাদনে কাঁচামাল হিসেবে সূই, সিংকার যাবতীয় মেশিন, সূতা, ডাইস ক্যামিকেল, জিপার, ইলাষ্ট্রিক, বোতাম, কাড বোর্ড, হাড বোর্ড, পলি, টিকিট ইত্যাদি উপকরন আমদানি করতে হয়।
গত বৎসরের শেষ দিকে শুরু হওয়া করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশের আমদানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সকল হোসিয়ারী প্রতিষ্ঠান বন্ধ থাকায় হোসিয়ারী মালিকগণ চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়ে মানবেতর জীবন যাপন করছে এবং আর্থিক দৈনদশায় পতিত হয়েছেন। এ অবস্থা
বিরাজমান থাকলে হোসিয়ারী মালিকগন ব্যবসার মূলধন হারিয়ে নিঃসন্দেহে চরম আর্থিক সংকটে পতিত হবেন ।
সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকার ক্ষতিগ্রস্থ বিভিন্ন খাতকে সচল ও গতিশীল করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল এবং উদ্দ্যোক্তাদের প্রতিযোগিতায় সক্ষমতা অক্ষুন্ন রাখার লক্ষ্যে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রবর্তনের লক্ষ্যে বিগত ৫ এপ্রিল ২০২০ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্থ শিল্প সেক্টরের প্রতিষ্ঠান সমুহের জন্য ওয়ার্কিং ক্যাপিট্যাল হিসাবে ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে ৩০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষনা করেন।
চিঠিতে আরো বলা হয়, হোসিয়ারী শিল্পকে অন্যান্য বৃহদায়তন শিল্পের ন্যায় গন্য করা কোনক্রমেই সমীচীন নয়। কারণ হোসিয়ারী শিল্পে পুঁজি বিনিয়োগ, মূলধন, শ্রমিক সংখ্যা এবং শিল্প প্রতিষ্ঠানের জায়গার পরিমাণ বৃহদায়তন শিল্পের মত নয়।
ঐতিহ্যবাহী হোসিয়ারী শিল্পের অস্তিত্ব রক্ষা এবং গতিশীল উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে ইতিপূর্বে যে সকল প্রতিষ্ঠান ঋণ গ্রহন করেছেন তাদের ঋণ সম্পূর্নভাবে মওকুফ করা এবং নূতনভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ও স্বল্প পুঁজি সম্পন্ন হোসিয়ারী মালিকদেরকে সহজ শর্তে ঋণ প্রদানের সহায়তা চেয়ে এসোসিয়েশনের পক্ষ হতে জোর সুপারিশ করা হল।


