বিশেষ প্রতিনিধি : প্রাচ্যেরডান্ডি নারায়ণগঞ্জ করোনা ভাইরাসের অন্যতম ‘হটস্পট’। এরই মধ্যে লকডাউনের শিথিল অবস্থা চলছে। খুলে দেয়া হয়েছে গার্মেন্টস ও অন্যান্য শিল্পকারখানা। শহরের বিভিন্ন মার্কেটও জাগছে।
দোকারদাররা আড়মোড়া ভেঙ্গে দোকান খুলতে শুরু করেছেন। সামনে ঈদ। জমে গেছে দুই মাসের দোকান ভাড়া ও কর্মচারীর বেতন। মাথায় হাত। লকডাউন শিথিলের কথা ছড়িয়ে পড়তেই দোকানদারগন মাঠে নেমে গেছেন। কারো মধ্যে করোনার ভয় নেই।
সবাই মাথার উপর জমে থাকা দায়-দেনার বোঝা নামাতে চাইছেন। এদিকে, পেটের দায়ে ঘরবন্দি মানুষগুলোও এই সুযোগে নেমে এসেছে রাস্তায়। তাদের ভাগ্যে ত্রাণ জোটেনা। ত্রাণ পায় নেতাদের পরিচিতজন বা ভোটাররা। বাকিরা যেন অপাংতেয়।
ত্রাণ পেয়ে পেটের জ্বালায় দরিদ্র মানুষের মধ্যে থেকে অনেকেই নেমে এসেছেন রাস্তায়। কেহ বসে গেছেন শাক-সবজি নিয়ে। কেহ বসে গেছেন লেবু, কাঁচা মরিচ ও পুদিনা পাতা নিয়ে। কেহ রাস্তার পাশে বসেছেন কিছু কলা নিয়ে। কেহ বিক্রি করছেন শসা ও পেঁয়াজ।
এদিকে, দরিদ্র জনগোষ্ঠীর রাস্তায় নেমে আসাকে ভাল চোখে দেখছেন না অনেকে। তাদের মতে, লকডাউন শিথিল হওয়ায় এবং শিল্পকারখানা খুলে দেয়ায় মানুষ সামাজিক দূরত্ব মানছেনা। এর পরিণতি ভাল হবেনা। গার্মেন্টস খুলে দেয়ার পর থেকে নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের হার দ্বিগুণ হয়ে গেছে। দ্রুত করোনা ছড়াচ্ছে। হটস্পট নারায়ণগঞ্জ আরো হট হয়ে উঠছে। পরিসংখ্যান তাই বলছে।
আইইডিসিআর এর তথ্য অনুযায়ী গতকাল রবিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে ১০০৭ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত সনাক্ত হয়েছেন ২০ জন এবং মারা গেছেন ২ জন। জেলায় রবিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪০ জন।
অপরদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ২ জন। নতুন সনাক্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ১০২৬ জন।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। জেলায় ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, র্যাব, পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক রয়েছেন ১৪০ জনের বেশী। যা মোট আক্রান্তের প্রায় ১৪ ভাগ। তাদের মধ্যে বেশ কয়েকজন সুস্থও হয়ে উঠেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আজ সকাল পর্যন্ত জেলার মোট ৩ হাজার ৩৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৪ জনের। আর গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৫ জন। এতে সর্বমোট আক্রান্ত পৌঁছে যায় ১০২৬ জনে। গত ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু হয়।
নিহত দু’জন এবং নতুন সনাক্ত ২৫ জনের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৪৮ জনে। এসময়ে আরো ৫ জন সুস্থ হয়ে মোট সুস্থ হয়েছেন ৪৭ জন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৭৪৮ জনের নমুনা সংগ্রহ করে ঘোষিত ফলাফলে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৬৩২ জন।
এদের মধ্যে মারা গেছেন ৩৪ জন এবং সুস্থও হয়েছেন ৩৪ জন। নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ১৭৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে আক্রান্ত সনাক্ত হয়েছেন ২৯৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ জন এবং আরোগ্য লাভ করেছেন ৯ জন।
আড়াইহাজার উপজেলায় ২৭০ জনের নমুনা সংগ্রহের পর প্রাপ্ত ফলাফলে আক্রান্ত সনাক্ত হয়েছেন ২৮ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৩ জন। রুপগঞ্জ উপজেলার ১৫৭ জনের নমুনা সংগ্রহের পর প্রাপ্ত ফলাফলে আক্রান্ত সনাক্ত ১৩ জনের মধ্যে মারা গেছেন ১ জন এবং সুস্থ্য হয়ে উঠেছেন ১ জন।
সোনারগাঁ উপজেলায় ১৫২ জনের নমুনা সংগ্রহ করে আক্রান্ত সনাক্ত হয়েছে ৩২ জনের মধ্যে। তাদের মধ্যে ২ জন মারা গেছেন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ জন। বন্দর উপজেলায় (নারায়ণগঞ্জ নগরীর বাহিরে) ২১৯ জনের নমুনা সংগ্রহ করে ২২ জন আক্রান্ত সনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ১ জন ।
সংশ্লিষ্ট সূত্রমতে, করোনার ভয়াবহতায় নারায়ণগঞ্জ যেন আতঙ্কের নাম। দেশের ৬৩ জেলায় নারায়ণগঞ্জ থেকে কেউ প্রবেশ করলেই তাকে নেয়া হচ্ছে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। নারায়ণগঞ্জ থেকে সারা দেশে করোনা ছড়িয়ে পড়েছে- এমন অভিযোগের তীরও ছোঁড়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন টিভি টকশোতে।
করোনায় আক্রান্তের সংখ্যা আর গুচ্ছ সংক্রমণের কারণে নারায়ণগঞ্জ এখন করোনার ‘হটস্পট’। নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের দাবি- নারায়ণগঞ্জ থেকে নয় বরং নারায়ণগঞ্জে গুচ্ছ সংক্রমণের নেপথ্যে প্রধান কারণ দেশের অন্য জেলা থেকে আসা লাখ লাখ শ্রমিক। নারায়ণগঞ্জের চেয়ে রাজধানীর পরিস্থিতি আরও ভয়ঙ্কর। কিন্তু গুচ্ছ সংক্রমণের জন্য এককভাবে নারায়ণগঞ্জকে দায়ী করা হচ্ছে।
পরিসংখ্যান যাই বলুক না কেন,নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি উন্নয়নের লেশ মাত্র কোন আশা নেই। নতুন করে ভাবাচ্ছে গার্মেন্টসগুলো এক এক করে খুলে দেয়ার ঘটনা।
রোববার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান,বিজেএমইএ সভাপতি রুবান হক,পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ,স্বরাষ্ট্র,বাণিজ্য সচিব ছাড়ায় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
ঠকটি ছিলো গার্মেন্টসসহ বিভিন্ন কলকারখানা ধীরে ধীরে খুলে দিলে পরিস্থিতি কোন দিকে যাবে। ওই বৈঠকেও নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় গার্মেন্টস মালিকরা যেহেতু তাদের গার্মেন্টসগুলো খুলে দিচ্ছেন,এক্ষেত্রে তারা যেন শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকেন।
শ্রমিকরা করোনায় আক্রান্ত হলে গার্মেন্টস মালিকরা নিজ উদ্যোগে আইসোলেশন কেন্দ্র চালু করবেন এবং আক্রান্ত শ্রমিকদের দেখভাল করবেন। বৈঠকে আলোচনা হয় শ্রমিকদের অনেকেই ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে পড়েছে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান,ঢাকা,নারায়ণগঞ্জ এবং গাজীপুর করোনার হটস্পট।
এই স্পটগুলো থেকে কোন শ্রমিক যাতে দেশের অন্যকোন জেলায় যেতে না পারে সেজন্য সরকার নজরদারি শুরু করেছে। ব্যবসার স্বার্থে ধীরে ধীরে কারখানাগুলো চালু করার উদ্যোগ নেয়া হবে। তবে তিনি শংকা প্রকাশ করেছেন শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
যেহেতু নারায়ণগঞ্জ শ্রমিক অধ্যুষিত একটি এলাকা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন,খুব সহসাই এই পরিস্থিতি থেকে উত্তোরন খুজে পাবেনা নারায়ণগঞ্জ।
৮ মার্চ দেশে প্রথম তিন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়, যার ২ জন ছিলেন নারায়ণগঞ্জের ইতালি ফেরত। মূলত রোগী শনাক্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জে প্রবাস ফেরতদের খোঁজে নামে প্রশাসন। কিন্তু ছয় হাজার ৬১ প্রবাস ফেরতের মধ্যে কোয়ারেন্টিন নিশ্চিত করা হয় মাত্র এক হাজার ২৮২ জনকে।
এরপরই বাড়তে থাকে সংক্রমণ ও মৃতের সংখ্যা। তবে মূল বিপত্তি শুরু হয় ৪ এপ্রিল। কারণ গার্মেন্টসহ শিল্পকারখানা খুলে দেয়ার সিদ্ধান্তে নারায়ণগঞ্জে প্রবেশ করেন কমপক্ষে পাঁচ লাখ শ্রমিক।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো: জায়েদুল আলম জানান, বিষয়টি একটু ভেবে দেখলেই প্রকৃত বিষয়টি ওঠে আসবে। প্রথম ধাপের সাধারণ ছুটি শেষ হওয়ার পরই কিন্তু ঢাকা ও নারায়ণগঞ্জে গুচ্ছ সংক্রমণের ঘটনা ঘটল।
অর্থাৎ যে বিপুলসংখ্যক লোক ছুটি ঘোষণার পর স্ব স্ব জেলায় ফিরে গেছেন। ওইসব স্থানে প্রবাস ফেরতরাও ছিলেন। আর তখন আনুষ্ঠানিক লকডাউনও ছিল না। যখন তারা ফিরে এলেন- সংক্রমণের ঘটনা বৃদ্ধি পেল। নারায়ণগঞ্জের ক্ষেত্রেও হয়েছে তাই। বিশেষ করে যারা সাধারণ ছুটিতে নারায়ণগঞ্জ ছেড়েছিলেন ঠিক ওই সময় ঢাকা থেকেও গ্রামে ছুটে গেছেন প্রায় এক কোটি মানুষ।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ জানান, গার্মেন্ট খুলে দেয়া ও বন্ধ করার সিদ্ধান্তে যে বিলম্ব হয়েছিল তাতেই কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। শুধু নারায়ণগঞ্জ কেন, ঢাকা ও গাজীপুরেও একই চিত্র ফুটে উঠছে। গত ৪ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে পালিয়ে শত শত মানুষ নিজ নিজ এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন।
১৫ দিনে কমপক্ষে কয়েক হাজার মানুষকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠেকিয়েছেন। যদি গার্মেন্টের বিশাল শ্রমিক জনগোষ্ঠীকে নিজ নিজ এলাকায় রাখা হতো তবে করোনার এ ভয়াবহতা নারায়ণগঞ্জে হয়তো কম দেখা যেত।


