যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে চিকিৎসকদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় পারসোনাল প্রোটেকটিব ইকুইপমেন্ট (পিপিই) উপহার দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া।
রোববার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সেলিম রেজার হাতে ৬০টি এবং সকালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজামান তালুকদারের হাতে উপহারের ৫০টি পিপিই তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষে পিপিই হস্তান্তর করেন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার মুন্সীগঞ্জ প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ, সাংবাদিক শুভ ঘোষ, জাহাঙ্গীর আলম, মনসুর বেপারী, সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।

আরাফাত রায়হান সাকিব জানান, মহামারি করোনার বিরোদ্ধে যুদ্ধে চিকিৎসকরা ফ্রন্ট লাইন ফাইটার। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে প্রয়োজন।
এ চিন্তা ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের সংগঠন “ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া” এসব পিপিই উপহার পাঠিয়েছে। শুধু মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে নয় দেশের সকল জেলায় সংগঠনের পক্ষ থেকে ডাক্তারদের জন্য পিপিই উপহার দেওয়া হচ্ছে।


