Logo
Logo
×

বিশেষ সংবাদ

১০ ঘন্টায় মিলবে করোনা টেস্ট রিপোর্ট

Icon

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৩:০৯ পিএম

১০ ঘন্টায় মিলবে করোনা টেস্ট রিপোর্ট
Swapno

ইমতিয়াজ আহমেদ : মাত্র ১০ ঘন্টায় পাওয়া যাবে করোনার টেস্টের রিপোর্ট। পুরোদমে চলছে করোনা ল্যাব বসানোর কাজ। চলছে ইলেক্ট্রিক ফাংশনের কাজ। শনিবার সারারাত ধরে চলেছে এই যজ্ঞ। আজ (রোববার) বসছে  মেশিন। 

 

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে করোনা টেস্ট ল্যাবে পরীক্ষা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। এই ল্যাব চালু হলে প্রতিদিন ৯৬ জন লোক এখানে করোনা পরীক্ষা করতে সক্ষম হবেন বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ডেন্ট ডা. মোঃ শামসুদ্দোহা সজ্ঞয়। 

 

তিনি জানান, আমাদের করোনা টেস্ট ল্যাব এখন সেবা দিতে পুরোদমে প্রস্তুত। ল্যাবের মেশিন বসানোর কাজ চলছে। গতকাল ওভারসিস মার্কেটিং  কোম্পানীর ইঞ্জিনিয়ার ও পিডব্লিউডি এর ইঞ্জিনিয়াররা এসেছেন। 

 

পিডব্লিউডি এর ইঞ্জিনিয়াররা ইলেক্ট্রিক কাজ করছে। ৪৭টি বক্সে মেশিন এসেছে। প্রয়োজনে শনিবার সারারাত কাজ চলবে। তবুও আমরা ল্যাব এর কাজ শেষ করতে চাই।  রোববার  মেশিন বসানো হবে। ল্যাবে করোনা টেস্টের কাজটি হবে চার ভাগে। 

 

প্রথমত স্যাম্পল কালেকশন, দ্বিতীয়ত স্যাম্পল প্রসেসিং, তৃতীয়ত এনালাইসিস ও চতুর্থভাগে রিপোর্ট জেনারেশন। এই ল্যাব চালাতে ৪ জন টেকনিশিয়ানসহ ১০ জন লোকবল প্রয়োজন হবে। ঢাকা থেকে লোকবল আসতে পারে। আপাতত ল্যাব ইনচার্জ ঠিক হয়নি। 

 

ডা. সামসুদ্দোহা সঞ্জয় আরো জানান, এই হাসপাতালেই করোনা রোগী বেড়ে গেছে। আজকে ৬৪ জনে উন্নীত হয়েছে।  

 

ভারপ্রাপ্ত সিভিলসার্জন ডা. ইকবাল বাহার চৌধুরী জানান, জেলায় গতকাল ২১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো পাঠানো হয়েছে আইইডিসিআর এ। ফলাফল আসবে পরদিন।  জেলায় প্রতিদিন দুই শতাধিক নমুনা কালেকশন হয়। 


দিনে দিনে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। নারায়ণগঞ্জের ল্যাব চালু হলে দ্রুত করোনা টেস্টের রেজাল্ট জানা যাবে। 


তিনি আরো জানান, করোনা ভাইরাস একটি ছোঁয়াছে রোগ। তাই কোন ধরনের আলামত পরিলক্ষিত হলে তা গোপন না করে চিকিৎসককে খোলামেলাভাবে জানিয়ে দিতে হবে। 


অন্যথায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে চিকিৎসক নিজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা শতভাগ। মনে রাখতে হবে চিকিৎসকরা আক্রান্ত হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাই কারো এই ধরনের রোগের উপসর্গ দেখা দিলে লুকোচুরি করবেন না। 


তিনি বলেন, করোনা ভাইরাসজনিত সংক্রমণ এড়াতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, কারণ এই রোগের প্রতিকার পেতে হলে মানুষে-মানুষে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। কিন্তু দুঃখের বিষয় লক্ষ্য করা যাচ্ছে- আমরা কেউ কেউ এই ছুটিকে উপভোগ্য করে তুলেছি, যা কাম্য নয়। 


এই ছুটি উপভোগের জন্য নয়, ঘরে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখাই এই রোগের প্রধান প্রতিকারমূলক ব্যবস্থা। বস্তুতপক্ষে আমরা সবাই এখন এই মহামারি জয়ের যুদ্ধে সামিল, আমরা যুদ্ধ করছি করোনাকে সামনে রেখেই। 


তাই প্রত্যেকের উচিত স্বাস্থ্য বিধি মেনে জনসমাগম এড়িয়ে, বার বার হাত ধুয়ে সচেতন থাকা ও অন্যজনকে সচেতন করা। এতেই আমাদের মুক্তি। 


এদিকে, গতকাল হাসপাতালে  মেশিন টুলস আনার পর ভারপ্রাপ্ত সুপার ল্যাব পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে খানপুর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ডেন্ট ডা. মোঃ শামসুদ্দোহা সজ্ঞয় বলেন, অত্র অঞ্চলে দ্রুত করোনা রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


তিনি নগরবাসীকে ধৈর্য্য সহকারে চিকিৎসাসেবায় নিয়োজিতদের সহযোগিতা করার আহ্বান জানান। এই ল্যাব বিষয়ে জানান, আগামী কয়েকদিনের মধ্যে এটি জনগণের জন্য উন্মুক্ত করা হবে। ফলে দৈনিক ৯৬ জন লোক এখানে করোনা পরীক্ষা করাতে সক্ষম হবেন। 


নারায়ণগঞ্জ  জেনারেল হাসপাতালের সার্জারী কনসালট্যান্ট ডা. নাজমুল হোসেন বলেন, আমাদের এই দুুঃসময়ে জীবন ও জীবিকা দুটোকেই প্রাধান্য দিতে হচ্ছে। কিন্তু এক শ্রেণীর মানুষ কোনো ভাবেই জীবিকা নির্বাহ করতে পারছে না। 


তাদের জন্য সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মানুষ আলামত লুকাচ্ছে। ফলে চিকিৎসকরাও আক্রান্ত হয়ে পড়ছেন। এ কারনেই বেশি বেশি টেস্ট করা জরুরী। 


বিশেষজ্ঞরাও বলছেন- সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষার ব্যবস্থা করা এখন সবচেয়ে জরুরি। কারণ, একমাত্র নমুনা পরীক্ষার মাধ্যমেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা সম্ভব। শনাক্ত করা গেলে আক্রান্ত রোগীকে দ্রুত আলাদা করা যায়। এতে ওই রোগীর মাধ্যমে নতুন করে সংক্রমণের সুযোগ কমে আসে। 


করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তাই বেশি বেশি নমুনা পরীক্ষাতেই গুরুত্ব দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থাও। সংস্থাটির মহাপরিচালক বলেছিলেন- টেস্ট, টেস্ট এণ্ড টেস্ট। পরে দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বেশি বেশি নমুনা পরীক্ষার জন্য গণমাধ্যমে দেশবাসীর প্রতি আহবান জানান। 

 

তবে দেশে এখনো পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক নমুনা পরীক্ষার সুযোগ গড়ে উঠেনি। সারাদেশে এখনো পর্যন্ত দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৫ হাজারের কাছাকাছি। যদিও সিংহভাগ পরীক্ষাই হচ্ছে ঢাকায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন