Logo
Logo
×

বিশেষ সংবাদ

লাফিয়ে বাড়ছে করোনা রোগী

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ১০:২২ এএম

লাফিয়ে বাড়ছে করোনা রোগী
Swapno

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে নতুন করে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা। নমুনার সংখ্যা যতই বাড়ানো হচ্ছে, রোগী শনাক্তের হারও প্রতিযোগিতামূলকভাবে বেড়েই চলেছে। 

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতেকরে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৯২৩ জনে উন্নীত হল। এ পর্যন্ত মোট ২৮৭০ টি নমুনা পরীক্ষা করে ৮৯৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। যার মধ্যে সুস্থ হয়েছে ৩০ জন এবং মারা গেছে ৪২ জন। 


নারায়ণগঞ্জ সিটির করোনা পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ের দিকে। দেশে করোনা সংক্রমণ চতুর্থ ধাপের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ ধাপটি হলো ‘মহামারী’। এই ধাপে অসংখ্য মানুষ আক্রান্ত হয়। বাহক ও আক্রান্তের নির্দিষ্ট হিসাব রাখা সম্ভব হয়ে ওঠে না।

 

করোনা সংক্রমণের তৃতীয় পর্যায় ‘কমিউনিটি ট্রান্সমিশন’ ব্যাপকভাবে বিস্তারলাভ করেছে, যা মহামারী ধাপের পূর্ব মুহুর্ত। কমিউনিটি ট্রান্সমিশনের শেষ পর্যায়ে এসে দৈনিক করোনা টেস্ট করার সক্ষমতা বর্তমান অবস্থার চেয়ে অনেক গুণ বাড়ানো না হলে দেশের করোনা পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে না। 


পূর্ণাঙ্গ চিত্র পাওয়া না গেলে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমও সঠিক পথে পরিচালনা করা সম্ভব হবে না। আক্রান্তের সংখ্যা হঠাৎ বিস্ফোরিত হয়ে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করবে, যা সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।


নারায়ণগঞ্জের মানুষের প্রতি জোর অনুরোধ করে পুলিশ সুপার  মো: জায়েদুল আলম বলেন, আপনারা দয়া করে ঘরে থাকুন। লকডাউন শিথিল হয়নি। করোনার পরিস্থিতি মোটেও ভাল নয়। সামাজিক দূরত্ব না মানলে মহামারী ঘটে যেতে পারে। গার্মেন্টস খুলে দেয়ায় সমস্যা বেড়েছে। মানুষ এখন আর লকডাউন মানতে চাচ্ছেনা। 


লকডাউনে পুলিশ কিভাবে দায়িত্ব পালন করছে এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জের ইন-আউট পয়েন্টে ২২ টি চেকপোস্ট রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে ৪০ জন পুলিশ সদস্য ও র‌্যাবের ৩০ জন সদস্য আক্রান্ত হয়েছে। এর মধ্যেই পুলিশ দায়িত্ব পালন করছে। রাস্তায় ও পাড়া মহল্লার গলির মুখে ৪০ টি চেকপোস্ট ও পেট্রল পোস্ট রয়েছে। 


নদীতে নৌ-পেট্রল রয়েছে ৪টি। তাছাড়া পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। গার্মেন্টস খুলে দেয়ায় ও সাপ্লাই চেইন চালু থাকায় সাধারণ মানুষের মধ্যে লকডাউন ভাঙ্গার প্রবণতা তৈরী হচ্ছে। সাপ্লাই চেইনে প্রতিদিন শহরে ১ লাখ লোক চলাচল করে। সাপ্লাই চেইনে ১২০টি মিল-কারখানা রয়েছে। 


সাপ্লাইচেইনে রয়েছে নিতাইগঞ্জের আটা-ময়দা, চাল, ডাল, ভোজ্য তেল, চিনি,  বেবি ফুড, গো-খাদ্যসহ সব ধরনের খাদ্য সামগ্রী। সিদ্ধিরগঞ্জে আছে জ্বালানী তেলের ডিপো। দেশের জরুরী অবস্থায় এ সকল সাপ্লাই চেইন খোলা আছে। 


এখানে প্রতিনিয়িত ১ লাখ লোক চলাচল করছে। এদের দেখে সাধারণ মানুষ মনে করছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। আসলে মোটেও তা নয়। সবার উচিৎ ঘরে থাকা। একান্ত প্রয়োজন না হলে কেউ যেন বাইরে বের না হয়। 


গতকাল সরেজমিনে শহরের বিভিন্ন বাজার ও মহল্লা ঘুরে দেখা গেছে লকডাউন পরিস্থিতি নেই। মহল্লায় লোকজন স্বাভাবিক ভাবে চলাফেরা করছে। দোকানে দোকানে ভিড়। মহল্লার রাস্তায় রিক্সাজট। মহল্লার মোড়ে জমজমাট মাছের বাজার। কোথাও কেউ সতর্ক নয়।  


সাড়ে তিন লাখ পিপিই মজুদ : স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ১৭ লাখ ১১ হাজার ১২টি পিপিই এবং বিতরণ করা হয়েছে ১৩ লাখ ৫২ হাজার ৬৭৮টি। 


বর্তমানে মজুদ রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৩৩৪টি পিপিই। করোনা সংক্রান্ত কলের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বাতায়নের নম্বরে ৫১ হাজার ১৫৯টি, ৩৩৩ নম্বরে ২১ হাজার ২৬৬টি এবং আইইডিসিআর’র নম্বরে ২৬৯০টি করোনা সংক্রান্ত কল এসেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন