ইমতিয়াজ আহমেদ : প্রতিনিয়ত বাড়ছে বিপুল প্রাণহানির ঝুঁকি। নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। মানুষ বেপরোয়া। কেহই ভয়ংকর করোনা ভাইরাসকে তোয়াক্কা করছেনা। এতেকরে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
সরকারি হিসেবেই নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা অর্ধশত হতে চলেছে। গতকাল জেলা আইনশৃংখলা কমিটির সভাতেও বিষয়টি উঠে এসেছে উল্লেখ করে পুলিশ সুপার মো: জায়েদুল আলম বলেন, ‘লকডাউন কেহই মানতে চাচ্ছেন না। ফলে পরিস্থিতি ভাল হবেনা।
আজকের সভাতে বেশি বেশি করোনা টেস্ট করার বিষয়টি আলোচনা করা হয়েছে। বেশি টেস্ট করতে পারলে চিকিৎসা দেয়া যাবে। লকডাউনেও থানা এলাকাতে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে বিক্ষিপ্তভাবে।
এ লক্ষ্যে প্রতিটি থানা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। পুরো প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখন সাধারণ মানুষও করোনার ভয়ংকর পরিণতির কথা জানেন। তবুও তাঁরা লকডাউন মানছেনা।
আমরা জোর অনুরোধ করছি ঘরে থাকুন। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। নইলে সমস্যা হবে।’ এদিকে, আক্রান্ত প্রতিদিন বাড়ছে দ্বিগুণ-তিনগুণ হারে। মৃতের সারিতে যোগ হয়েছেন সঙ্গীত শিল্পী থেকে শুরু করে নারী শিশু বৃদ্ধ।
তারপরও মানুষের মধ্যে যেন হুঁশ নেই । তারা ঘর থেকে বের হচ্ছেন বাজারে যাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, প্রশাসনের নির্দেশনা মানছেন না। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাস্তায় বের হচ্ছেন।
সারাদেশ থেকে এমন খবর আসছে প্রতিদিন। কি শহর কি গ্রাম সবখানে একই অবস্থা। যারা ঘর থেকে বের হচ্ছে তাদের অজুহাতের শেষ নেই। এই কাজ , সেই কাজ আসলে নেই কাজ।
স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন করোনা থেকে রক্ষা এবং প্রতিকারের একমাত্র পথ ঘরে বসে থাকা এবং জনসমাগম থেকে দূরে থাকা।
এজন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে একের পর এক এলাকা লকডাউন, প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হচ্ছে নজরদারি কিন্তু কে শোনে কার কথা কিছু মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরে বসে থাকলেও বিকাল হলে আর থাকছে না তারা রাস্তায় বের হচ্ছে জনসমাগম অর্থাৎ বাজারের দিকে যাচ্ছে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে যেখানে ঝুঁকি সবচেয়ে বেশি।
বিশেষ করে যুবক সমাজের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ তাই দূরে থাকাটাই উত্তম প্রতিকার কিন্তু বাংলাদেশের মানুষের ঘরে বসে থাকাটা একেবারে স্বভাবের সাথে যায় না। কি শহর কি গ্রাম সবখানেই একই অবস্থা।
শহরের বস্তি এলাকা থেকে শুরু করে অভিজাত এলাকার সবাই ঘরের বাইরে বের হচ্ছেন নানা অজুহাতে এর কারণে যা হবার তাই হচ্ছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে দ্বিগুণ-তিনগুণ হারে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রথমে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন।
যারা বের হচ্ছেন তাদের ঘরে ফিরিয়ে দিয়েছেন , এরপরও কথা না শুনলে তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। এরপরও কি হচ্ছে ? দুপুর গড়িয়ে বিকাল হলে চায়ের দোকানে আড্ডা জমছে বাজারে সমাগম হচ্ছে লকডাউন ও চলছে লকডাউন ভাঙ্গা হচ্ছে ফলে যা হওয়ার তাই হচ্ছে।


