ইমতিয়াজ আহমেদ : এবার করোনা সংকটে নগরীতে ইফতার বিক্রি বন্ধ ছিল। গার্মেন্টস চালু হওয়ার পর সরকার সীমিত আকারে ইফতার বিক্রির অনুমতি দিলেও জমেনি ইফতারের বাজার। নগরীর প্রধান সড়কের পাশে ফুটপাতজুড়ে অন্যান্য বছর ইফতারের বাজার বসতো। এবার ফুটপাত ফাঁকা। বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছে ইফতার বিক্রেতারা। গত রমজানের চিত্র।
দুপুরের পর থেকেই নগরের অলিগলি, বড় সড়ক সবখানেই শুরু হয় ইফতারের হাঁকডাক। হোটেল-রেস্তোরাঁ, মসজিদ, দ্বিগুবাবুর বাজার সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী রোড, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, এসএম মালেহ রোড, ফলপট্টি থেকে কালীর বাজার, ২নং রেলগেইট চত্বর, উকিলপাড়া, নন্দিপাড়া, ডিআইটি মার্কেট এলাকার ফুটপাতসহ পুরো নগর পরিণত হয় বড়-ছোট ইফতারি বাজারে।
প্রতিটি সড়কের পাশে সামিয়ানা টানিয়ে বসে ইফতারের পসরা। বিকেলের আগেই শুরু হয় ভাজাভাজি। তপ্ত কড়াই থেকে ছেঁকে ছেঁকে তোলা হতে থাকে বেগুনি, পেঁয়াজু, চপ, জিলাপিসহ নানা রকমের খাবার। পাশেই টেবিল পেতে চলে বিক্রি। নগরজুড়ে কত দোকান তার কোনো হিসেব নেই, ক্রেতাও তেমনি অগুনতি। প্রতি বছরের রমজানের প্রথম দিন থেকেই এটিই ছিল স্বাভাবিক চিত্র। অথচ এবারের চিত্র সম্পূর্ণ উল্টো।
মরণঘাতী করোনার কারণে চেনা দৃশ্যপটের দেখা মেলেনি কোথাও। সংক্রমণ এড়াতে নগরীর রাস্তায়, ফুটপাতে ইফতারসামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। রমজানের প্রথম ও দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরেও ইফতারের জন্য মানুষের ভিড় দেখা যায়নি। লাইন বেঁধে ইফতার কেনার অপেক্ষা নেই। অন্যবারের মতো ফুটপাত দখল করে কোনো দোকান বসেনি।
ধর্মপ্রাণ মুসলমানদের এ বছর বাড়িতেই ইফতার করতে হবে-জানিয়েছে প্রশাসন। বলা যায়, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবারের রমজানে নারায়ণগঞ্জবাসীর শত শত বছরের ঐতিহ্য, আনন্দ, উচ্ছ্বাস প্রায় বিলীন।
শহরের ১নং বাবুরাইলের ঝালমুড়ি বিক্রেতা সালাউদ্দিন জানান, সারা বছর ঝালমুড়ি বিক্রি করলে প্রত্যেক রমজানে ছেলেকে সাথে নিয়ে ইফতার বিক্রি করতাম ডিআইটি এলাকায়। এবার ইফতার বিক্রি বন্ধ। বাড়িতে বেকার বসে আছি। অথচ গত বছর রমজানে প্রতিদিন ২/৩ হাজার টাকা লাভ করেছি। সংসার চালানোর ৬ মাসের খরচ উঠে আসতো রমজানে। এবার আমাদের মাথায় বাড়ি। ঘরে খাবার নেই। ধারদেনা করে কোনমতে বেঁচে আছি।
করোনা সংকটে ইফতার বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সালাউদ্দিনের মত অনেক ক্ষুদে ব্যবসায়ী। বছরের অন্য সময় যারা ঝালমুড়ি, ছোলা-বাদামসহ নানা খাদ্যসামগ্রী ফেরি করে জীবিকা নির্বাহ করেন মূলত তারাই রমজান মাসে ইফতার কেনা-বেচা করেন। রমজানে নগরীর ছোট-ছোট যেসব হোটেল বন্ধ থাকে তারাও এ মৌসুমী ব্যবসা শুরু করেন।
বড় বড় সড়ক ছাড়াও পাড়া-মহল্লার মোড় এবং গলিপথেও ছোট-বড় দোকানে ২০ থেকে ৩০ হাজার টাকার পণ্য কেনা-বেচা হত। তবে বড় পরিসরে না হলেও গতকাল নগরের কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে ইফতারসামগ্রী বিক্রি হতে দেখা গেছে।
এর মধ্যে অন্যতম ২নং রেলগেইট সংলগ্ন মনির হোটেল ও চাষাড়ার সুগন্ধা প্লাস। সেখানে ইফতার কিনতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ভিড়ের কারণে সামাজিক দূরত্ব মানেনি কেউ। চাহিদার কথা বিবেচনা করে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ইফতার বিক্রি হবে বলে দোকানের কর্মচারীরা জানান।
পাশেই ফুটপাতে টেবিল বসিয়ে ইফতারির পসরা সাজানো। এছাড়াও অলিগলিতে কিছু ছোটখাটো হোটেল ও চায়ের দোকানে ইফতারি বিক্রি হয়।


