Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঝুঁকির মধ্যেও চলছে পোশাক কারখানা

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৪:৫৪ পিএম

ঝুঁকির মধ্যেও চলছে পোশাক কারখানা
Swapno

স্টাফ রিপোর্টার : চলছে লকডাউন। তবে এই লকডাউনের মধ্যেও রবিবার থেকে চলছে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠান। অল্প পরিসরে গার্মেন্টস,ডাইং চলার কথা থাকলেও তা মানছে না অনেক শিল্প মালিক। ফতুল্লার শাসনগাঁয়ের বিসিক এলাকায় শতকতরা ৫০টি শিল্প প্রতিষ্ঠান খুলেছে। শ্রমিকরা সোমবার সকাল থেকে যার যার কর্মস্থলে যোগদান করেছে। 


শুধুমাত্র নিটিং,ডায়িং ও গার্মেন্টসের স্যাম্পল সেকশন চালু করার নির্দেশ থাকলেও তা মানছেন না গার্মেন্টস মালিকরা। শিল্প প্রতিষ্ঠান খোলার সংবাদে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পথে নারায়ণগঞ্জে ছুটে আসছে মানুষ। 


গার্মেন্টস সেক্টরে যদি করোনা প্রতিরোধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বড় ধরনের মাশুল দিতে হবে বলেও মন্তব্য করেছেন  বিশ্লেষকরা। তবে শ্রমিকরা করোনা ভাইরাসে মৃত্যু হওয়ার চাইতে পেটের ক্ষুধাকেই ভয় বেশি পান বলে জানিয়েছেন।


শিল্প প্রতিষ্ঠান খোলার সংবাদে অনেকে জীবন জীবিকার তাগিদে সড়ক পথে বিভিন্নভাবে ছুটছে নারায়ণগঞ্জের দিকে। করোনা ভাইরাস থেকে জনগনকে ঘরে রাখতে সরকার কয়েকটি ধাপে বাড়িয়েছে লকডাউন। নারায়ণগঞ্জে লকডাউনে শতকরা ৭৫ ভাগ মানুষ ঘরে অবস্থান করছেন। 


তবে সকালের বাজার এবং বিকেলে মাঠ ঘাটে ২৫ শতাংশ মানুষকে বিভিন্ন এলাকায় সড়কে অযথা ঘোরা ফেরা করতে দেখা গেছে শুরু থেকেই। এই ২৫ শতাংশ মানুষই অসচেতন যারা  বিভিন্ন গার্মেন্টস এবং শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক। যারা লকডাউনে আটকা পড়ে গেছেন। 


তাদের কারনেই মূলত নারায়ণগঞ্জ রয়েছে সবচেয়ে ঝটুকির মধ্যে। আর সেই শ্রমিক শ্রেনী গার্মেন্টস খোলার কারণে আগের চেয়ে বেশি বিভিন্ন পাড়া মহল্লায় ঘোরা ফেরা এবং চলাচল করবে। এতে  বিভিন্ন এলাকার মানুষও ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করছে স্থানীয়রা। 


নারায়ণগঞ্জে শুধুমাত্র বহিরাগত শ্রমিকরা যেভাবে লকডাউনে  ঘোরা ফেরা করেন তাদের ঘরমুখি করতে প্রশাসনকে হিমশিম খেতে দেখা গেছে। গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে মানুষের অসচেতনতার বিষয়টি। তবে এর মধ্যে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যাও যেমন বেড়েছে তেমনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছে অনেকে। 


ফতুল্লার বিসিক শিল্প এলাকার ক্রোনী এ্যাপারেলসের একজন  শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন,পেটের দায়ে পরিবার পরিজন নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করছেন কয়েক বছর ধরে। সম্প্রতি লকডাউনের কারণে কষ্টে দিনাতিপাত করছেন তিনি। তিনি মাসদাইর এলাকায় বসবাস করেন। 


সেখানে সরকারের পক্ষ থেকে কোন প্রকার ত্রাণ পাননি তিনি। তাই তিনি গার্মেন্টস খোলার পক্ষেই তার মতো শ্রমিকরা। করোনায় মৃত্যুকে তিনি যতোটা না ভয় পান,তার চেয়ে ক্ষুধাকে তিনি ভয় পান বলে জানান। 


এ ব্যাপারে ফতুল্লা এলাকাবাসী বলেন, সরকার করোনা মোকাবেলায় যেখানে লক ডাউনের সময় সীমা বাড়াচ্ছে। সেখানে কেনো কার স্বার্থে পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। অল্প পরিসরে প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিলেও শিল্প মালিকরা সরকারের নির্দেশনা মানছে না ।


তারা পুরোদমে পোশাক কারখানা চালু করেছে। যারা না আসতে পারছে তাদেরকে  প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলেও জানান তারা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিরূপ মন্তব্য করছেন।

 

বিকেএমইএর ১ম সহ সভাপতি মোহাম্মদ হাতেম গনমাধ্যমকে জানান,সরকারের নির্দেশে বিকেএমইএ ও বিজেএমই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে নিটিং ও ডাইং কারখানা চালু করার। সেই সঙ্গে গার্মেন্টসের স্যাম্পল  সেকশন সীমিত আকারে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আর কাটিং এবং সুইং  সেকশন চালু হবে ২ মে  থেকে। 

 

শহরের  একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন,গার্মেন্টস চালু করা হলেও সামাজিক দূরত্ব  মেনেই কাজ চলছে। এ ছাড়া করোনা সংক্রমণ  রোধে যা যা করণীয় তার সব ব্যবস্থা করা হয়েছে। মাত্র ২০ ভাগ শ্রমিক কাজে  যোগ দিয়েছে এতে শ্রমিকদের জটলা হওয়ার কোন আশঙ্কা নেই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন