রাসেল আদিত্য : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত জনজীবন। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় লকডাউন থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘরবন্দি রয়েছে লাখ লাখ মানুষ। ছেদ পরেছে মানুষের সাধারণ জীবন-যাপনে।
এর মধ্যেই শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে মানুষ সিয়াম সাধনার সাথে সাথে বাহারি ইফতারের স্বাদ নেওয়ার জন্য ইফতার কিনতো। বিভিন্ন রেস্টুরেন্টসহ ফুটপাতে শোভা পেত বাহারি ইফতারের দোকান। কিন্তু এবার অনেকটা নিরবে নিভৃতে চলে গেল তিনটি রোজা। এখন আর রাস্তায় দেখা যায়না বাহারি ইফতারের দোকানসহ এর হাজার ক্রেতা।
অন্যদিকে, মসজিদগুলো বন্ধ থাকায় মুসুল্লিরা ঘরে বসে আদায় করছে পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবির নামাজ। অন্য বছরগুলোর রমজানের সময় মসজিদগুলোতে থাকতো উপচে পড়া ভিড়। কিন্তু এখন ঘরে বসেই আদায় করছে পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবির নামাজ।
এ ব্যাপারে জানতে চাইলে আমরা নারায়ণঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরউদ্দীন আহম্মেদ বলেন, পরিবেশ পরিস্থিতি এমন হয়েছ যে মানুষের স্বাভাবিক জীবন প্রণালী সম্পূর্ণ ভেঙ্গে পরছে।
পাশাপাশি মানুষের ধর্মীয় যে কাজগুলি নামাজ, রোজা বা অন্যান্য ধর্মীয় ইবাদতগুলো যা মানুষ একসাথে করতো তা সম্ভব হচ্ছে না। আমাদের ইসলাম ধর্মে আছে যদি মনে হয় জীবনঘাতি কোন ব্যাপার আছে তাহলে মসজিদে না যাওয়ার জন্য নির্দেশনা আছে।
তিনি আরও বলেন, এখন যে পরিস্থিতি আমরা যদি মসজিদে যাই এবং একসাথে নামাজ আদায় করি, তারাবির নামাজ বা পাচঁ ওয়াক্ত নামাজ এগুলো করতে গেলে যদি কেউ আক্রান্ত থাকে তার মাধ্যমে আরও অনেকের দেহে ছড়িয়ে যাবে। এজন্য এখন যে অবস্থা আছে সে অবস্থা আমাদের মানুষের বেঁচে থাকার জন্য ভালো এবং আমাদের মেনে নিতে হবে।
নুরউদ্দীন আহম্মেদ বলেন, কিন্তু ধর্মীয় যে অনুভূতি আছে সেট আমাদের মনে লাগে। আমরা আজকে অনুভব করতে পারছি যে আমরা মসজিদে যেতে পারি না, একসাথে ইফতার করতে পারি না। প্রতিবছর কোনো না কোনো সংগঠন মাসব্যাপী ইফতারের আয়োজন করতো। আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে ছিন্নমূল মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ইফতার করাতাম সাধে আমরাও করতাম।
এতে একটা মানসিক প্রশান্তি আসতো। আগে আমাদের বেঁচে থাকতে হবে। এখন আমদের সারা পৃথিবীর মানুষের প্রধান কাজ হচ্ছে বেঁচে থাকার জন্য নিরাপদ থাকা। বেঁচে থাকলে পরে আমাদের যে জীবন-যাপন প্রণালী, সামাজিক যে অবস্থান আমরা যে ধরনের কাজ বা ধর্ম কর্ম সবকিছু করা যাবে।
রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবির নামাজ মসজিদে আদায় করতেন কিন্তু এখন বাসায় বসে করতে হচ্ছে- এ ব্যাপারে জানতে চাইলে শহরের মিশন পাড়ার মাহফুজুর রহমান নামের একজন জানান, আগের রোজাগুলো ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যে পালন হয়েছে।
এখন এ অবস্থায় রাষ্ট্র আমাদের যে সিদ্ধান্ত দিয়েছে তা মেনে নিতে হবে। যেহেতু ইমাম সাবেবেরা বলেছেন বাসায় বসে নামাজ আদায় করতে হবে। তাই আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। আমি যদি অন্য কারো দ্বারা আক্রান্ত হই তাহলে আমার দ্বারা পরিবারের সবাই আক্রান্ত হবে। আর তাই আমরা এভাবে মেনে নিয়েছি। তাছাড়া বাসায় বসে তো ইবাদত বন্দেগি করা যায়। সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই।
শহরের শীতলক্ষ্যা বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাও. বাকী বিল্লাহ বিন শেরখানী বলেন, প্রতিবার আমদের মসজিদে রমজানের সময় ইফতারের আয়োজন করা হতো। সমাজের ছিন্ন্নমূল মানুষসহ সবাই ইফতার করতো।
এখন করোনা ভাইরাসের মহামারির কারণে এটা বন্ধ হয়েছে। বড় বড় আলেম ওলামারা একমত হয়েছেন গণ-বিচ্ছিন্ন থাকার জন্য। হযরত মুহাম্মদ (স.) মহামারীর সময় ঘরে অবস্থান করতে বলেছেন বা যেখানে আছেন সেখানে অবস্থান করতে বলেছেন। আর এর মধ্যে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদের মৃত্যুর মর্যাদা পাবে।
তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা, এটা বাসায় বসে পড়লেও সওয়াব পাওয়া যাবে। আর এমনিতেও রমজান মাসে নফল এবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়।
এদিকে, গতকাল পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৬২৫ জন, মৃত্যু হয়েছে ৪২ জনের এবং সুস্থ হয়েছে ২৫ জন। দেশে করোনা শনাক্তের সংখ্যা ৫ হাজার ৯১৩। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন।
দেশে করোনায় মোট মারা গেছেন ১৫২ জন এবং সুস্থ হয়েছেন ১৩১ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


