বাজারগুলোতে সামাজিক দূরত্ব না মেনে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভীড়
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৮:৪৮ পিএম
যুগের চিন্তা : করোনার হটস্পট জেলা নারায়ণগঞ্জে লকডাউনের ১৮ তম দিনেও সবকিছু অনেকটা স্বাভাবিক নিয়মেই চলছে। বিভিন্ন মার্কেট, দোকানপাট ও সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকলেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না এবং সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই।
আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকলেও নানা অজুহাতে লকডাউন অমান্য করে পথেঘাটে মানুষ অবাধে চলাচল করছেন। খাদ্যপণ্য পরিবহনের পাশাপাশি ছোট বড় বিভিন্ন ধরনের যাত্রীবাহী যানবাহনও চলছে অহরহ।
রমজান মাসের প্রথম দিন থেকেই নগরীর বিভিন্ন কাঁচাবাজার ও পাইকারি পণ্যের বাজারগুলোতে এ অবস্থা চলছে। দ্বিগুবাবুর বাজার ও কালিরবাজারসহ সবখানেই ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভীড়। জেলা প্রশাসন এবং বাজার নিয়ন্ত্রণ কমিটি সামাজিক দূরত্ব মেনে চলতে মাইকিংসহ নানাভাবে মানুষকে সতর্ক করলেও কেউ সেটা মানছেন না। বেশিরভাগ মানুষের মধ্যেই এই নিয়মকানুনগুলো মেনে চলার ব্যাপারে অনীহা লক্ষ্য করা যাচ্ছে।
জেলা প্রশাসন থেকে বাজারগুলোতে বিক্রেতাদের যে দূরত্ব বজায় রেখে বেচাবিক্রির নির্দেশনা দেয়া হয়েছিল কেউই সেটা মেনে চলছেন না। প্রতিটি দোকানেই ক্রেতাদের জটলা ও ভীড় লেগেই থাকছে। এসব কারণে নারায়ণগঞ্জে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য ডা. জাহিদুল ইসলাম বলেন, এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে জেলার পরিস্থিতি আরো ভয়াবহ অবনতি ঘটবে বলে আশংকা রয়েছে। তিনি সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে দুইজনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে এবং আক্রান্ত ৬২৫ জন। তবে চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছেন ২৫ জন। গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন সেন্টারে ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪১ জনেরই করোনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৮৬৭ জনের।
তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়। জেলায় আক্রান্ত ৬২৫ জনের মধ্যে ৪৫১ জনই সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড এলাকার বাসিন্দা। জেলায় মৃত্যু হওয়া ৩৭ জনের মধ্যে ২৬ জনই সিটি এলাকার। এ কারণে সিটি কর্পোরেশনকে সবচেয়ে ঝুঁকির এলাকা বলে মনে করছে জেলা স্বাস্থ্যবিভাগ। শনিবার সকালে জেলা স্বাস্থ্যবিভাগের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।


