নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯৪ : আইইডিসিআর
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৭:২২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এবং নারায়ণঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। গত ৮ মার্চ প্রথম শনাক্ত দেশের করোনা আক্রান্ত তিন জনের মধ্যে দুইজনই ছিল নারায়ণগঞ্জের। এরপর এপ্রিলের শুরু থেকেই এখন পর্যন্ত বেড়েই চলেছে জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রথমে রেডজোন (ক্লাস্টার এরিয়া) এবং পরে হটস্পট হিসেবে চিহ্নিত করে ৭ এপ্রিল রাতে পুরো নারায়ণগঞ্জকে লকডাউনের ঘোষণা দেয়া হয়।
সর্বশেষ নারায়ণগঞ্জ জেলায় শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ২৮ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর। আইইডিসিআর এর নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়।
তবে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় জেলায় নতুন ৪১ জন আক্রান্তসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। সর্বমোট জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৯জন।


