নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সরকারি ত্রাণ পেলো ৩৩০৮২টি পরিবার
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১১:০৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় এখন পর্যন্ত (২৩ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ত্রাণ সামগ্রী বিতরণের জন্য ৩৩০.৮২ মেট্রিক টন চাল ও ১৫ লাখ ৯০ হাজার ৮০০ টাকা বরাদ্দ পেয়েছে । যার মধ্যে এখন পর্যন্ত ৩৩০.৩২ মেট্রিক টন চাল ও ১৫ লাখ ৯০ হাজার ৮০০ টাকা উত্তোলন করা হয়েছে। বিতরণ করা হয়েছে ৩৩০.৮২ মেট্রিক টন চাল, ১৯.৫৮২ মেট্রিক টন ডাল। এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পেয়েছে ৩৩ হাজার ৮২ টি পরিবার। সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৯ নারী কাউন্সিলরের মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে করোনা সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী স্বাক্ষরিত নাসিকের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নমুনা সংগ্রহ, মৃতদেহ সৎকার, মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সেবা পরামর্শ, মশক নিধন কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণসহ অন্যান্য আরও কার্যক্রম চলমান রয়েছে।
এর মধ্যে করোনা প্রতিরোধ ও মোকাবেলায় নাসিকের মেডিকেল টিমের মাধ্যমে এই পর্যন্ত স্বাস্থ্য সেবা পরামর্শ গ্রহণ করেছেন মোট ৪৪৩৭ জন। এখন পর্যন্ত নগর ভবনের কন্ট্রোল রুমে মোট কলসংখ্যা ২৫৬টি। নমুনা সংগ্রহ করার জন্য অনুরোধ করেছেন মোট ৭৩০ জন। যার মধ্যে এখন পর্যন্ত ৩৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষায় মোট ১১২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
কার্যক্রমের বিবরণীতে উল্লেখ করা হয়, মৃতদেহ সৎকার করা হয়েছে মোট ৬ জনের। পাশাপাশি মৃতদেহ সৎকারে এখন পর্যন্ত সহযোগিতা প্রদান করা হয়েছে মোট ১০৮ জনের। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গত ২৪ ঘন্টায় নাসিকের ৬টি গাড়ি দিয়ে ৯৩ হাজার লিটার জীবাণুনাশক পানি স্প্রে করা হয়েছে।
বিবরণীতে আরও উল্লেখ করা হয়, মশক নিধন কার্যক্রমের জন্য ২৫ জনের একটি স্পেশাল টিম ও ২৭ টি ওয়ার্ডে ১৩৫ জন মশক নিধন কর্মী প্রতিদিন মশার ঔষধ ছিটানোর কাজ করছেন। পাশাপাশি পরিচ্ছন্ন কার্যক্রমের জন্য ২৭টি ওয়ার্ডে ৯৩০ জন পরিচ্ছন্নকর্মী কাজ করছে বলেও বিবরণীতে জানানো হয়।


