ডেস্ক রিপোর্ট : সারা বিশ্ব কাঁপছে করোনা ঝড়ে, এই ঝড়ে কাঁপছে গোটা বাংলাদেশও। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১২৭ জন। এরমধ্যে আজ বৃহস্পতিবার মারা গেছে সাতজন। বাংলাদেশে করোনা আক্রান্ত প্রথম যে তিনজন রোগী শনাক্ত হয় তারা নারায়ণগঞ্জের বাসিন্দা। এখন পর্যন্ত রাজধানী ঢাকার পরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু এই নারায়ণগঞ্জ শহরেই।
করোনায় আক্রান্ত রোগী মারা গেলে দাফন বা সৎকারের জন্য কেউ কাছে আসছে না। সংক্রমণের ভয়ে সন্তান, স্ত্রী, ভাইবোন, বাবা-মা দূরে সরে থাকছে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সবকিছুকে উপেক্ষা করে লাশের সহায় হয়ে আছেন। তাঁর এই কাজ সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। মানুষ তাঁকে সাধুবাদ জানাচ্ছে। মূলত মানবিক কারণ আর আল্লাহকে খুশি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তিনি এ কাজ করছেন বলে জানিয়েছেন।
মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের ছোটভাই। খোরশেদ তাঁর অনুসারীদের নিয়ে একটি দলও গঠন করেছেন। যাদের কাজই হচ্ছে, করোনা আক্রান্ত বা সন্দেহে কেউ মারা গেলে তাদের দাফন করা। এ পর্যন্ত তিনি ২২টি লাশ দাফন ও সৎকার করেছেন।
মাকসুদুল আলম খন্দকার খোরশেদের এ কাজের সাধুবাদ জানিয়ে সিনিয়র সাংবাদিক শহীদুল হাসান খোকন তাঁর ফেসবুক ওয়ালে একট ছবি শেয়ার করে লেখেন, ‘ছবিটা আমার অসাম্প্রদায়িক বাংলাদেশের। নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা যান হিন্দু নারী গায়েত্রী দেবী বৈশাখী। পরিবারের আপনজনরা এগিয়ে আসেননি তাঁর সৎকারে। এগিয়ে এসেছেন মুসলিম খোরশেদ আলম ও তাঁর দলের ভলেন্টিয়াররা। পুরোহিত ডেকে হিন্দু রীতিতে দাহ হয়েছে বৈশাখীর। স্যালুট ভাই খোরশেদ আপনাদেরকে।’
শহীদুল ইসলাম বাবুল নামের একজন রাজনৈতিক নেতা নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ‘গলাচিপা নিবাসী গায়ত্রী দেবী বৈশাখী (৪৮) আজ মুগদা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর নিকটাত্মীয়দের কেউ লাশ সৎকার করতে এগিয়ে না আশায় খোরশেদ ভাই তাঁর টিম নিয়ে সৎকারের দায়িত্ব পালনে এগিয়ে আসেন। খোরশেদ ভাই নিজেই প্রয়াত গায়ত্রী দেবীর মুখাগ্নি করেন। এটি বাংলাদেশের আবহকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নজিরও বটে।’
নারায়ণগঞ্জের বাসিন্দা ও একটি টেলিভিশন চ্যানেলের সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল নিজের ফেসবুক ওয়ালে এক নারীকে দাহ করার সময় খোরশেদের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। শ্রদ্ধা আমাদের করোনাযোদ্ধা, রিয়েল হিরো যুবদল সভাপতি ও নারায়ণগঞ্জের কাউন্সিলর খোরশেদ ভাই।’
সাংবাদিক লুৎফর রহমান কাকন তার ফেসবুক ওয়ালে লেখেন, এই ছবিগুলো ধর্মান্ধদের বেশি করে দেখা উচিত। দেখ, ধর্মের বেড়াজাল ছিন্ন করে বিপন্ন মানুষের জন্য লড়ে যাচ্ছে একজন খোরশেদ কমিশনার ও তার সহযোগীরা । দূর্যোগে সবাই মানুষ কারো আলাদা কোন পরিচয় থাকতে নেই। ধন্যবাদ, খোরশেদ ভাই।
এ ব্যাপারে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘বিগত ১৭ বছর কমিশনার হিসেবে মানুষের জন্য কাজ করছি। আর এখন মানুষের সবচে ভয়াবহ খারাপ সময়। যদি মানুষের পাশে না থাকি তাহলে কখন থাকব?‘
খোরশেদ বলেন, ‘আমি দুটো কারণে করোনায় মারা যাওয়া রোগীদের দাফন ও সৎকার করছি।। প্রথমত. শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আল্লাহকে খুশি করার জন্য। আর দ্বিতীয়ত. মানবিক কারণে। মারা যাওয়া মানুষকে রেখে স্বজন চলে যাচ্ছে। তখন আমি যে আক্রান্ত হবো না এটা কে বলতে পারে? তাই কোনোকিছুর ভয় না করে শুধু আল্লাহকে খুশি করতেই আমি এ কাজে এগিয়ে এসেছি।’
নারায়ণগঞ্জের এই কাউন্সিলর আরো বলেন, ‘ভাই, আমরা যারা রাজনীতি করি এবং জনপ্রতিনিধি হই তারা এসবের জন্য অনেক সময় অনেক নাটক করি।। কিন্তু এ সময় মৃত্যুকে সঙ্গে নিয়ে কেউ নাটক করে না।। আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহকে খুশি করতে চাই। আর মানুষগুলোর শেষ বিদায়ে যেন কোনো কষ্ট না থাকে সেজন্য আমার এই প্রচেষ্টা।’
তিনি জানান, ২৩ এপ্রিল পর্যন্ত ১৯টি দাফন ও ৪টি সৎকারের কাজ সম্পন্ন করেছে তার টিম।


