Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুই সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জে পুরোদমে করোনার চিকিৎসা

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১০:৪০ এএম

দুই সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জে পুরোদমে করোনার চিকিৎসা
Swapno

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে রাজধানী লাগোয়া জেলা নারায়ণগঞ্জে। লকডাউন দিয়েও মানুষকে ঘরে রাখতে না পারায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ রোগী শনাক্ত হওয়ায় এ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯৯ জন। এ সময় আরও দুজন মারা যাওয়ায় মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

 

অথচ এ পর্যন্ত কেবল ১৬ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। এর অন্যতম কারণ জেলায় এ রোগের চিকিৎসা না হওয়া। তাই নারায়ণগঞ্জের সার্বিক অবস্থা নিয়ে কথা হয় খানপুরে ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ সামসুদ্দোহা সরকার সঞ্জয়ের সঙ্গে। নগরের এ হাসপাতালটিকেই করোনার (কোভিড-১৯ রোগ) চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে।

 

ডা. সঞ্জয় আমাদের সময়কে বলেন, ‘রাজধানী ঢাকার পরই নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি করোনার প্রভাব। ফলে সরকার এ জেলাকে গুরুত্ব দিয়ে একটি পরিপূর্ণ করোনা হাসপাতাল তৈরির নির্দেশ দিয়েছেন।’ করোনা সংক্রমণের শুরু থেকেই নারায়ণগঞ্জে করোনা চিকিৎসায় একটি হাসপাতাল এবং রোগটি পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবি তোলে স্থানীয় সুশীল সমাজ।

 

যদিও সেই বার্তা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেনি তখনও। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক ভিডিও বার্তায় ডা. সঞ্জয় প্রধানমন্ত্রীর কাছে একটি পিসিআর ল্যাব স্থাপনের জোরালো দাবি জানান। এ বিষয়ে উদ্যোগ নিতে সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সর্বশেষ অবস্থা জানিয়ে ডা. সঞ্জয় বলেন, ‘নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালের মধ্যে খানপুরকেই ডেডিকেটেড হাসপাতাল বা পুরোপুরি করোনার চিকিৎসার জন্য রেডি করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পিডব্লিউডি হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেটর স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের কাজ করছে। সর্ব্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে সব কাজ শেষ হবে। এর পরই হাসপাতালটিতে পুরোদমে কোবিড-১৯ বা করোনা রোগের চিকিৎসা হবে। তবে চিকিৎসাসেবায় নিয়োজিত নার্সদের এখনো থাকার ব্যবস্থা হয়নি। দায়িত্ব শেষে হাসপাতালের ফ্লোরেই তারা থাকছেন এখন।’ তিনি বলেন, ‘ইতোমধ্যে এখানে করোনার চিকিৎসাও চলছে। উপসর্গ নিয়ে আসা ২২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। এখনো ১৯ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জন পরুষ এবং তিনজন নারী। অন্যদিকে অন্যান্য রোগের জন্য ভিক্টোরিয়া জেনালের হাসপাতাল রয়েছে। সেখানে তারা তাদের চিকিৎসা করাতে পারছেন।’

 

 

রোগী না দেখে ঢাকায় পাঠিয়ে দেওয়ার অভিযোগ আছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেÑ এ বিষয়ে ডা. সঞ্জয় বলেন, ‘আসলে মানুষকেও পুরো বিষয়টি বুঝতে হবে। করোনা রোগীদের কয়েকটি ধাপ বা পর্যায় রয়েছে। কোনো কোনো উপর্সগ প্রাইমারি, কোনোটি সিভিয়ার, কোনো কোনো উপসর্গ খুবই ক্রিটিক্যাল। এর মধ্যে যেসব রোগীর জন্য আইসিইউ বা ভেন্টিলেশন দরকার হবে না বা কিডনির সমস্যা নেই, ডায়ালাইসিস দরকার হবে না; তাকে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু যখন আমরা দেখি কোনো রোগীর আইসিইউ, ভেন্টিলেশন বা ডায়ালাইসিস দরকার তখন তো তাকে আমরা ভালো চিকিৎসার জন্য যেখানে পাঠানো দরকার সেখানেই পাঠাব। কারণ এখানে ওই সুবিধাগুলো নেই। যার আইসিইউ দরকার তাকে এখানে রাখা মানে রোগীর জীবনের জন্যই বিপদ। এখানকার চিকিৎসক ও নার্সরা সর্ব্বোচ্চ দিয়েই চেষ্টা করছেন মানুষের চিকিৎসার জন্য। খানপুর হাসপাতালে এখন গড়ে ৫০ রোগী আসছে।’ ডা. সঞ্জয় আরও বলেন, ‘এখনো এ হাসাপাতালের নার্সদের থাকার কোনো ব্যবস্থা হয়নি। তারা দিনরাত পরিশ্রম করে ফ্লোরে থাকছেন। তাদের পরিবহনের জন্য গাড়ির ব্যবস্থা করা যায়নি। যদিও এ বিষয়ে কথা হচ্ছে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্টদের সঙ্গে।’

 

করোনা সতর্কতা নিয়ে এ চিকিৎসক বলেন, ‘এটা (করোনা) একটা বৈশ্বিক দুর্যোগ। প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে সাবধান ও সতর্ক থাকা এবং দুর্যোগ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করা। আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এ সময়টায় সবাইকেই সর্ব্বোচ্চ সতর্কতায় থাকা দরকার। এখন তেমন কোনো উপসর্গ ছাড়াও মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে।’

 

(সূত্র : আমাদের সময়)

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন