ফাইল ছবি
বিশেষ প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : সালমা বেগম শহরের দেওভোগ পানির ট্যাংকী এলাকার বাসিন্দা। স্থায়ী বাসিন্দা নয়, ভাড়াটিয়া।
থ্রী পিস ও মেয়েদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ফেরি করে বিক্রি করতেন। থ্রী পিসের গাট্টি নিয়ে ছুটে বেড়াতেন এক এলাকা থেকে অন্য এলাকায়।
তিন জনের সংসার কোন মতে চলে যেত। স্বামী নেই। করোনা-সংকটে দু’টি সন্তান নিয়ে তার অভাবের সংসার এখন চলেনা। স্থায়ী বাসিন্দা না হওয়ায় ত্রাণ মিলেনি। জনপ্রতিনিধিদের কাছে গিয়েও লাভ হয়নি। ঘরে খাবার নেই।
সালমা বেগম এখন প্রতিদিন শহরে ছুটে বেড়ান ত্রাণের আশায়। এ মোড় থেকে ওই মোড়ে ছুটে যান ত্রাণের আশায়। শুধু সামলমা বেগম নন। এমন অনেক লোকজন ত্রাণ পাচ্ছেন না।
নাগবাড়ি এলাকার বাসিন্দা জুলহাস মিয়া। সে একজন রিক্সা চালক। লকডাউনের আগেও তার কোন সমস্যা হয়নি। সারাদিন রিক্সা চালিয়ে যা আয় হত-তাতে সংসার চলে যেত। আজকে তিন দিন ধরে ঘরে চাল নেই।
গ্যারেজ মালিক কিছু ত্রাণ দিয়েছিল তাতে সপ্তাহ খানেক গেছে। গ্যারেজ মালিকও অসহায়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কোন লাভ হয়নি। কেহ তাকে স্লিপ দেয়না। স্লিপ ছাড়া ত্রাণ মিলেনা।
পশ্চিম দেওভোগ লিচুবাগ এলাকার বাসিন্দা জামিল হোসেন। করোনার আগে সে ছিল দুধ ব্যবসায়ী। করোনার কারণে ব্যবসা বন্ধ। এখনো বাড়ী ভাড়া দিতে পারেনি।
অবস্থা বেগতিক দেখে বাড়ীওয়ালা চাপ দেয়নি। জামিলের ঘরে খাবার নেই। সে কারো কাছে নিজের অবস্থা তুলেও ধরতে পারছেনা। আশপাশের অনেকে ত্রাণ পেলেও জামিলের মত হাত পাততে না পারা মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছে।
শহরতলীর পশ্চিম দেওভোগ বাংলাবাজার, মাদ্রাসার মোড়, বাঁশমুলি, গাইবান্ধা বাজার, বারৈভোগসহ আশপাশ এলাকার মানুষের অভিযোগ-সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণ হচ্ছেনা।
তাছাড়া কোনটা সরকারি ত্রাণ আর কোনটা আওয়ামীলীগ নেতাদের নিজস্ব ফান্ডের ত্রাণ তা বোঝা যাচ্ছেনা। নেতারা মুখ চিনে ত্রাণ দিচ্ছে।
এমনও ঘটছে তাদের পছন্দের পরিবারের সকল সদস্য একাধিকবার ত্রাণ পাচ্ছে। ত্রাণ বিতরণে চলছে রাজনীতি। সরকারি ত্রাণকে নিজেদের ত্রাণ বলেও অনেকে প্রচার করছে।


