করোনাভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৫ সদস্য
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৯:৫৩ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৫ সদস্য। এছাড়া করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর ২০ সদস্যকে ।
বুধবার (২২ এপ্রিল) জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম ও র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে এরা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলাবাহিনীর এ দুই কর্মকর্তা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, জেলা পুলিশের ১৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ৩ জন পরিদর্শক ও ১২ জন কনস্টেবল পদমর্যাদার।
জেলা পুলিশ লাইনসে বিশেষভাবে ও বাসায় ১২ জনকে আইসোলেশন রাখা হয়েছে এবং ৩ জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। এদের সবাই সুস্থ রয়েছেন।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, আমাদের কয়েকজন সদস্যের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাদের সংস্পর্শে থাকা ২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে কে বা কারা আক্রান্ত বা আদৌ আক্রান্ত কি-না।


