Logo
Logo
×

বিশেষ সংবাদ

লকডাউনে থাকার শর্ত:৫ কেজি গরুর মাংস,পাবদা ,রুপচাঁদা,গরুর জন্য ঘাস

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৬:৪৭ পিএম

লকডাউনে থাকার শর্ত:৫ কেজি গরুর মাংস,পাবদা ,রুপচাঁদা,গরুর জন্য ঘাস
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে পুরো নারায়ণগঞ্জ এখন লকডাউন। ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাটিও। নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত উপজেলাগুলোর মধ্যে সোনারগাঁ এখন ঝুঁকিপূর্ণ’র দিক দিয়ে অন্যতম। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত রোগীর সংখ্যা। এদিকে পরিস্থিতি সামাল দিতে সোনারগাঁও উপজেলা প্রশাসনও হাল ধরেছে শক্ত হাতে। লকডাউন, আক্রান্ত রোগীর মৃত্যুর পর দাফন কার্য সম্পন্ন, গরীব-দুঃস্থ পরিবারগুলোতে ত্রান পৌঁছে দেয়া সকল কাজই চলছে।

 

তবে এ সকল কাজ করতে গিয়ে পড়তে হচ্ছে নানা রকম পরিস্থিতিতে। তেমনই এক পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে একটি অভিজ্ঞতা প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল:

সাবাস বৈদ্যের বাজার:

আপনাদের নিশ্চয়ই মনে আছে সোনারগাঁয়ে প্রথম করোনা সনাক্ত হয়েছিল গত ১৩ই এপ্রিল বৈদ্যের বাজারে। সেদিন প্রশাসনিকভাবে যা যা করার তার সবটটুকুই  আপনাদের জন্য গভীর মমত্ববোধ ও দক্ষতার সাথে করেছিলাম আমরা। দ্রুত ডাক্তার, ম্যাজিস্ট্রেট ও পুলিশ পৌঁছানো, অ্যাম্বুল্যান্স পাঠানো, রোগীকে হাসপাতালে পাঠানো,পরিবারের লোকেদের সাথে কথা বলা,প্রতিবেশীদের সাথে কথা, কোয়ারেন্টাইন ও লক ডাউন।

ঠিক তারপরদিন তার প্রতিবেশীরা ফেসবুকে গুজব ছড়িয়ে দিলো-আসলে ছেলেটির একটু ঠান্ডা লেগেছে আর কিছুই হয়নি। ম্যাজিস্ট্রেট পুলিশ এসে এমনিতেই ছেলেটিকে ধরে নিয়ে গেছে!! এরপর যথারীতি সবাই অসচেতন হয়ে পড়লো। (পরে গুজব ছড়ানো একজন ব্যক্তিকে জেল ও জরিমানাও করা হয়েছিলো)

 সেই লক ডাউনে থাকা প্রতিবেশিদের মধ্যে যারা নিম্ম মধ্যবিত্ত ও দুস্থ, স্বেচ্ছাসেবক দিয়ে নিয়মিত গোপনে আমরা তাদের বাসায় খাবার পৌঁছে দিতাম। এটা দেখে চারতলা পাঁচতলা বাড়ীওয়ালারাও আমাদের তালিকা দিতে শুরু করলো।

খুব সুন্দর তালিকাঃ

১। গরুর মাংস ৫ কেজি

২। পাবদা মাছ ১ কেজি

৩। গলদা চিংড়ি ১ কেজি

৪। রুপচাঁদা ১ কেজি

৫। লাল শাক,পাটশাক,লাউ,করল্লা

৬। সারজেল এক পাতা

৭। ডেটল এক বোতল

আমরা বাজার করে দিতে রাজী হলাম কিন্তু উনি টাকা দিতে রাজী না!! খুব রাগ করলেন উনি "টাকা দিলে তো উনিই নিজেই কিনতে পারেন আমরা কেন!!"

একজন ভদ্র মহিলা বললেন উনার গরুটা দুই তিন দিন খাস খায় না। স্বেচ্ছাসেবকটীমকে উনি ঘাস কেটে আনতে বললেন!! গরুর জন্য অন্য খাবার তিনি নিবেন না!!

প্রতিবেশীদের সেদিনের ফেসবুক গুজব আর কোয়ারেন্টাইন না মানা আমাদের কত বড় ক্ষতি করেছে ফলাফলটা দেখুনঃ

 

আমাদের মোট ১১ জন করোনা আক্রান্তের ৪ জনই বৈদ্যের বাজারের!!

 

ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেদের দিয়ে সুযোগ বুঝে গরুর ঘাস কাটা ভদ্র মহিলার এই অদ্ভুত খায়েশ...লক্ষ কোটি টাকা জমিয়ে রেখে সুযোগবুঝে বাজার করিয়ে নেয়া।

নিজেদের সব জ্ঞান ফেসবুকে ঢেলে দিয়ে মার্কজুগারবার্গকে কাঁচকলা দেখিয়ে মুচকি হাসা-"তুই দেখ আমি কে!!" আমাদের এইসব প্রবণতার জন্যই কিনা জানি না রবীন্দ্রনাথ দুঃখভরে লিখে গিয়েছিলেন-

"সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,

 রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।"

 উল্লেখ্য, করোনাভাইরাস এর প্রকোপে নারায়ণগঞ্জ এখন আতঙ্কের নাম। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫০৮ জনে। এর মধ্যে মারা গেছেন ৩৫ জন।  আর মাত্র সুস্থ হয়েছে ১৬জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন