নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৭:১৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফতুল্লা এলাকার এক নারী ও পুরুষ ।
সোমবার ( ২০ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- ফতুল্লা দক্ষিন সস্তাপুর এলাকার তাহমিনা আক্তার (৫০) , ধর্মগঞ্জ পাকাপুল এলাকার আব্দুর রাজ্জাক (৫৫)।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তাহমিনা আক্তার। এর আগে একই দিন ভোরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আব্দুর রাজ্জাকের।
মৃত আব্দুর রাজ্জাকের স্বজনদের সূত্রে জানা যায়, করোনা উপসর্গ থাকায় দু’দিন আগেই নমুনা সংগ্রহ করা হয়েছিল আব্দুর রাজ্জাকের। পরে ১৮ এপ্রিল ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়ার পথে তার মৃত্যু। পরে সোমবার করোনা রিপোর্ট পজেটিভ আসে তার। তাকে নিজ এলাকায় দাফন করা হয়েছে।
এদিকে তাহমিনা আক্তারের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত জ্বর, শ্বাসকষ্ট থাকায় গত ১৩ এপ্রিল কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাহমিনা আক্তারকে। করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার করা হয়। পরে ১৪ এপ্রিল তার করোনা শনাক্ত হলে ১৮ এপ্রিল সন্ধ্যায় মারা যান। রোববার সন্ধ্যায় খিলগাঁও তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
প্রসঙ্গত, জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪১১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের।


