Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভালো নেই ২ লাখ তাঁত শ্রমিক, নেই কোন অবলম্বন 

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৪:৩০ পিএম

ভালো নেই ২ লাখ তাঁত শ্রমিক, নেই কোন অবলম্বন 
Swapno

ইমতিয়াজ আহমেদ (যুগের চিন্তা ২৪) : তাঁতশিল্পে চরম দুর্দিন নেমে এসেছে। তাঁত শিল্পী ও এই শিল্পের সাথে জড়িত প্রায় ২ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে। ভালো নেই তারা। কর্মহীন হয়ে হাতে জমানো টাকা-পয়সাও ফুরলো। মহাজনদের কাছে পাওনা বিল ঠাঁই নিয়েছে বকেয়ার ঘরে। জীবন যে আর চলেনা। খাদ্য সংকটে পড়ার আশংকায় দিনাতিপাত করছে। 

 

এদিকে, তাঁতী পরিবারের দুঃখ-দুর্দশার কথা গণমাধ্যমে ফলাও করে প্রকাশিতও হচ্ছেনা। ফলে তাদের জীবনে নেমে এসেছে অমানিষার ঘুটঘুটে কালো অন্ধকার। তাঁত অধ্যূষিত রূপগঞ্জ, সোনারগাঁও, নরসিংদীর কিছু অংশ  ও আড়াইহাজার উপজেলার দুই লাখ তাঁত শ্রমিকের বেঁচে থাকার কোন অবলম্বন নেই। 

 

করোনার আগে আর্থিক অনটনের সাথে কঠিন জীবন সংগ্রামে লিপ্ত থেকেও টিকে থাকতে পেরেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি অনেক ভয়াবহ বলে হাহাকার করছেন এই অঞ্চলের তাঁত শিল্পের সাথে যুক্ত শ্রমিকরা। তাঁত শিল্পের সাথে জড়িত ২ লাখ শ্রমিকের জন্য সরকারের কোন প্রণোদনার খবরও মিলেনি। 


তাঁত শিল্পের সাথে জড়িতদের ভাষ্য, সরকার তাঁত শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে যেন বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেন। কেননা ৪/৫ শতাংস হারের সুদে ঋণ নেয়ার সুযোগ থাকলেও তার সুফল কোন দিনই একজন সাধারণ তাঁতী পাবেনা। 


সেই সুবিধা শিল্প-উদ্যেক্তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একমাস ফ্যাক্টরী বন্ধ থাকাতেই তাঁত শ্রমিকের ঘরে অনাহার-অর্ধাহারের সাথে উপোষ কাপাষ চলছে। অনেক দক্ষ তাঁতী এক মাসেই দুঃস্থ পড়েছেন।

 
প্রভাকরদী বাসস্ট্যান্ডে কিছু কলা নিয়ে বসে আছেন আজমত উল্লাহ। এমনিতেই রাস্তায় লোক চলাচল কম। যাওবা কয়েকজন মানুষ বাজারে আসছে তারা কেহ কলার দামও জিজ্ঞেস করেনা। পড়ন্ত বিকেলে একজন ক্রেতা মিললো। তিন হালি কলা বিক্রি করলেন। কেনা দাম কোনমতে উঠে এসেছে। 


সন্ধ্যা নাগাদ আরো কিছু কলা বিক্রি হল। বাসস্ট্যান্ড খালি হচ্ছে। সুনশান নিরবতা। আজমত উল্লাহ সারাদিনের বিক্রিতে দুই কেজি মোটা চাল ও এককেজি আলু ও এক পোটলা লবন কিনে বাড়ির পথ ধরলেন। সেই সকালে বেরিয়ে ছিলেন। কথা ছিল কলাগুলো দুপুরের মধ্যে বিক্রি হয়ে গেলে চাল-ডাল কিনে বাড়ি ফিরবেন। 

 

সকালে একটা রুটি খেয়ে কোনমতে বেরিয়ে পড়েছিলেন। ঘরে চাল-ডাল ছিলনা। আজকের দিনটিতে তার পরিবারের ৬ জন সদস্য এক বেলা উপোষ করলেন। আজমত উল্লাহর অবস্থা এতটা কাহিল ছিলনা। তিনবেলা পেট পুরেই খেতে পারতেন। তাঁর বাড়িতে নিজের হ্যান্ডলুম (হস্তচালিত তাঁত) রয়েছে। আর্থিক অনটনের মধ্যে দিয়েও দিন ভালই চলে যেত। 


কিন্তু করোনার মহামারীতে তাঁত একেবারেই বন্ধ। মহাজনেরা বকেয়া বিলও আটকে দিয়েছে। তাই উপায়ান্তর না দেখে আজমত বাজারে গিয়ে কলা বিক্রি করতে শুরু করেছে। বাজারে থাকলে কোথাও ত্রাণ দিলে খবর পাওয়া যায়। অনেকের সাথে সেও ছুটে যায়। মাঝে মধ্যে ত্রাণ পেয়েও যায়। 


একজন দক্ষ গামছার কারিগর আজ আর্থিক দূরাবস্থায় পড়ে দুঃস্থে পরিণত হয়েছেন। প্রথম কয়েকদিন তার কাছে বাধো বাধো লাগতো। এখন দুঃস্থ আজমতউল্লাহর সবকিছু সয়ে গেছে। পরিবারের সবার মুখে অন্তত একবেলা আহার তুলে দিতে পথে নেমেছেন একজন দরিদ্র তাঁতশিল্পী।

 
আড়াইহাজার উপজেলার ২ পৌর সভার ও ১০ ইউনিয়নে প্রায় ৮০ হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকে পাওয়ারলুমসহ বিভিন্ন মিল ফ্যাক্টরী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই অবস্থা দিখা দিয়েছে।


আড়াইহাজার পল্লী বিদ্যুৎ সুত্রে জানা গেছে, আড়াইহাজার জোনাল অফিসের আওতাধীন এলাকায় বৃহৎ শিল্প ২শ৫০টি এবং ক্ষুদ্র শিল্প ২হাজার ৪শ রয়েছে। এই সকল ফ্যাক্টরী বন্ধ থাকায় উক্ত প্রতিষ্ঠানে কর্মরত ৩৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। 


অপর দিকে গোপালদী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন এলাকায় ৬৬টি বৃহৎ শিল্প ও ২হাজার ৯শ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান রয়েছে। কারখানা গুলো বন্ধ থাকায় ৪৫ হাজার শ্রমিক  বেকার হয়ে পড়েছে।
 
 
কল্যান্দী বাজারে জাফর শেখের মুদি দোকানের সামনে পাতা বেঞ্চিতে নিয়ম মেনেই বসেছিল আলমগীর হোসেন ও জাকির শেখ। দোকানদার সদাই দিতে ব্যস্ত। তারা দু’জন আসলে অপেক্ষা করছিলেন বাকিতে কিছু চাল নেয়ার জন্য। ঘরে এক ছটাক চালও নেই। 


দোকানদারের জিজ্ঞাসা, ‘টেকা কবে দিবা, আমিওতো ছোট মানুষ। পুঁজি নাইক্কা। সবাই খালি বাকি চায়। কয় বস্তা চাল আছে। বাকি দিতে দিতে ফুরাইবো। এরপর মাল আনতে না পারলে আমি চলমু কেমনে ?’  দোকানদারের কথার খোঁচায় ওরা দু’জন যবুথবু হয়ে বসে। 


আবারো কাতর মিনতি। ‘ও শেখের বেটা আরে আইজ না হয় ৫ কেজি চাইল দেও। দেহি সামনের সাপ্তায় কিছু বিলটিল পাইলে টেকাটা দিয়া যামু। তাও যদি না পারি আমার  মোবাইলটা আর বিদেশী টর্চলাইট টা দিয়া দিমুনে।’ আলমগীর ও জাকির শেখ পেশায় তাঁতশিল্পী। করোনার থাবায় ওদের কাজকর্ম লকডাউন হয়ে গেছে। 


হাতে জমানো টাকা-পয়সা শেষ। ঘরে চাল নেই। সকালে উনুনে আগুণ জ¦লেনা। কয়েকটা কচি মুখ। ক্ষুধার জ¦ালায় কাঁদছে সবার ছোট বোনটি। আলমগীর ও জাকির শেখ এর মত অন্তত ৮০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে আড়াইহাজার উপজেলায়। 


ইদানীং তাতঁশিল্পীদের সাধারণ শ্রমিক হিসেবেই গণ্য করা হয়। উপজেলার তাঁতশিল্পী এবং তাঁতের সাথে জড়িত শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।  গত কয়েক মাস ধরে তাঁত শিল্পে চলছিল আর্থিক মন্দা। 


আর্থিক অনটনের মধ্য দিয়েও এতদিন শিল্পটি টিকে ছিল, কিন্তু করোনা ভাইরাস সংক্রান্ত লকডাউনের ফলে তাঁতের কাজ বন্ধ হয়ে আছে। কবে তাঁত বোনার কাজ শুরু হবে তার কোনও ঠিক নেই।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন