ডেস্ক রিপোর্ট : রাজধানী থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বের পথ নারায়ণগঞ্জ শহর। ঘনবসতি এ বন্দরনগীরতে তাই করোনার প্রভাবও বেশি। প্রতিদিন বাড়ছে সংক্রমিতের সংখ্যা, মৃত্যুর হারও নেহাত কম নয়। মহামারীর এ সময়ে এখানকার কর্মজীবী লোকজন অন্যান্য এলাকায় পালিয়ে যাওয়ার কারণে ওই জেলার মানুষও আক্রান্ত হচ্ছে বলে খবর। অনেকে করোনার উপসর্গ নিয়ে বাড়ি ফিরে মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন।
ভাইরাসটি যখন প্রথম হানা দেয়, তখন চাইনিজ দেখলেই উদ্বিগ্ন হয়ে পড়তেন বিশ্বের অনেকেই। আর দেশের মধ্যে এখন নারায়ণগঞ্জের বাসিন্দা জানতে পারলেই দানাবাঁধে করোনা সন্দেহ। কেননা প্রাণঘাতী ভাইরাসটিতে দেশে প্রথম আক্রান্ত ব্যক্তি শনাক্ত ও মৃত্যু এ জেলাতেই।
একাধিক চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, শুরু থেকেই করোনা ভাইরাসকে গুরুত্ব দেয়নি নারায়ণগঞ্জবাসী। এমনকি এখন যে রোজ রোগীর সংখ্যা বাড়ছে, তবু অধিকাংশ মানুষকে ঘরে আটকে রাখা যাচ্ছে না। করোনা সংক্রমণকে এখনো তারা খুবই হালকাভাবে নিচ্ছেন। পরিস্থিতির ভয়াবহতা দেখে জেলায় করোনা ভাইরাস শনাক্তে পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাব স্থাপনের দাবি উঠলে এর বিরোধিতাও করেছেন অনেকে। প্রস্তাবিত ল্যাব স্থাপনের জায়গা রূপগঞ্জ থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে তারা রাস্তায়ও নামেন।
এদিকে সর্বশেষ হিসাব অনুযায়ী, নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩০৫ জন। যদিও ধারণা করা হচ্ছে আক্রান্তের তুলনায় তা নগণ্য। কারণ উপসর্গের তুলনায় খুবই কমসংখ্যক মানুষকেই পরীক্ষা করা হয়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, বেশিসংখ্যক মানুষকে করোনা পরীক্ষা করা গেলে শনাক্তের সংখ্যা আরও অনেক বাড়বে। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতেরসংখ্যাও। প্রতি ৮ ঘণ্টায় একজনের মৃত্যু হচ্ছে এ জেলায়। গতকাল রবিবার পর্যন্ত ২৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই নারায়ণগঞ্জকে প্রথমে ক্লাস্টার, দ্বিতীয় রেডজোন, সবশেষে এপি সেন্টার হিসাবে চিহ্নিত করা হয়।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধানত চারটি কারণ চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। প্রথমত বিদেশ ফেরতদের চিহ্নিত করতে না পারা এবং সর্বত্র এদের অবাধ বিচরণ, যার মধ্যে দেশের প্রথম শনাক্ত দুই ইতালি প্রবাসী রয়েছেন। দ্বিতীয়ত এ রোগে প্রথম মৃত্যু হওয়া লাশ দাফন করা হয় মিথ্যার আশ্রয় নিয়ে, সেখান থেকেও ভাইরাসটি ছড়িয়ে পড়ে। তৃতীয়ত গত ৫ এপ্রিল জেলায় কয়েক লাখ শ্রমিকের প্রবেশ। চতুর্থত লকডাউন না মানা।
পর্যবেক্ষণে দেখা যায়, করোনার ভয়ে গত ফেব্রুয়ারি ও মার্চে নারায়ণগঞ্জের প্রায় সাড়ে ৫ হাজার প্রবাসী দেশে চলে আসেন। এর মধ্যে জেলা প্রশাসন মাত্র ১১৫০ প্রবাসীকে চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠালেও নজরদারি না থাকায় তারা নিয়মকানুন মানেনি তেমন কেউ-ই। এ ছাড়া ৮ মার্চ সর্বপ্রথম দেশে যে তিনজন করোনা আক্রান্ত চিহ্নিত হন, তাদের দুজনই শহরের জয়নাল প্লাজার ইতালি প্রবাসী। শরীরে ভাইরাস নিয়ে তারা শহরের বিভিন্ন এলাকাই ঘুরে বেড়িয়েছেন। যদিও তারা চিকিৎসা নিয়ে এখন সুস্থ।
এদিকে নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৩০ মার্চ প্রথম মারা যান বন্দরের এক নারী। অথচ কুর্মিটোলা হাসপাতাল থেকে দেওয়া তার মৃত্যু সনদে লেখা ছিল ব্রেন স্ট্রোকের কথা। তাই স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। কিন্তু মৃতদেহের নমুনা পরীক্ষা করে ২ এপ্রিল জানানো হয়, ওই নারীর করোনা পজিটিভ ছিল। পরে দাফনের সঙ্গে সম্পৃক্ত ২৫ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়। লকডাউন করা হয় শতাধিক পরিবারকে। তার পরও তাদের অনেকেই এখন করোনায় আক্রান্ত।
একই অবস্থা হয় নারায়ণগঞ্জে অন্তত আরও দুজনের মৃত্যুর পর। এ ছাড়া শিল্পনগরী হওয়ায় এ জেলায় শত শত গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। সর্বশেষ গত ৫ এপ্রিল কর্মক্ষেত্রে যোগ দিতে নারায়ণগঞ্জে আসেন গ্রাম থেকে ফেরা প্রায় ৮ লাখ শ্রমিক। শ্রমজীবী এসব মানুষের মিছিলের সঙ্গেও করোনা ছড়িয়েছে বলে ধারণা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আবার রাজধানীর এত কাছের শহর হলেও করোনা চিকিৎসায় খুবই অবহেলার শিকার হচ্ছেন নারায়ণগঞ্জের রোগীরা। উপসর্গ নিয়ে পরীক্ষা করতে চাইলেও তা সম্ভব হয়নি প্রথম দিকে।
অভিযোগ রয়েছে- শহরের জামতলা এলাকার এক গৃহিণী আইইডিসিআরে ফোন করে জানান- তার স্বামী করোনা পজিটিভ হয়ে হাসপাতালে। বর্তমানে তিনিও ভাইরাসটির উপসর্গ নিয়ে ভুগছেন। কিন্তু তার অনুরোধকে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গে পরীক্ষা করানো হয়নি।
এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ জানান, দেশে প্রথম করোনায় আক্রান্ত শহরের জয়নাল প্লাজায় দুই ইতালি প্রবাসী। তারা দুজন দেশে আসার পর অন্তত ৫ দিন জেলার বিভিন্ন এলাকা ঘুরেছেন। শহরের পপুলার হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসা নিতে গিয়েই প্রথম চিকিৎসককে বলেন- তারা ইতালি থেকে এসেছেন। এর পর ওই চিকিৎসক তাদের কুর্মিটোলা হাসপাতালে পাঠালে সেখানে করোনা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, তাদের মাধ্যমেই এ জেলায় করানো ছড়িয়েছে।
এ ছাড়া করোনায় জেলায় প্রথম মৃত্যু হওয়া বন্দরের গৃহবধূর মরদেহ কুর্মিটোলা থেকে প্যাকেট করে দেওয়া হয়। কিন্তু সেটি খুলে পরিবার স্বাভাবিকভাবেই জানাজা দেয়। এমনকি লাশকে গোসল করায় সিদ্ধিরগঞ্জের একটি পরিবারের লোকজন। অসুস্থ ওই নারীকে নিয়ে বাপের বাড়িও গিয়েছিলেন তারা।
সিভিল সার্জন ইমতিয়াজ আরও জানান, নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকরা ভাসমান। ঘোষিত ছুটি প্রত্যাহারের পর ৫ এপ্রিল দলে দলে নারায়ণগঞ্জে প্রবেশ করেন তারা। এ ছাড়া জেলার লোকজনকে কিছুতেই লকডাউন মানানো যাচ্ছে না। আর এ কারণেই নারায়ণগঞ্জে এত দ্রুত করোনা ছড়াতে পারে বলে তার মত।
(সূত্র : আমাদের সময়)


