Logo
Logo
×

বিশেষ সংবাদ

এখনো না’গঞ্জের ৩০ প্রতিষ্ঠানের ১৩ হাজার শ্রমিক বেতন পাননি

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৯:৪৪ এএম

এখনো না’গঞ্জের ৩০ প্রতিষ্ঠানের ১৩ হাজার শ্রমিক বেতন পাননি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ১৬ এপ্রিলের মধ্যে কারখানা শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশনা থাকলেও এখনও বেতন পরিশোধ হয় করেনি নারায়ণগঞ্জে একাধিক শিল্প কারখানা মালিকরা। ফলে বেতন না পেয়ে করোনাভাইরাসের ঝুঁকি আর লকডাউন উপেক্ষা করে প্রতিদিনই সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শত শত শ্রমিকরা। কখনও মালিক পক্ষের আশ্বাসে কখনও আবার পুলিশের লাঠি চার্জে  দিন শেষে শূণ্য হাতেই ঘরে ফিরতে হচ্ছে এ সকল শ্রমিকদের।

 

জেলা কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের তথ্যানুযায়ী,  ১৬ এপ্রিলের মধ্যে যেসব কলকারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের মজুরি ও বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হয়েছে নারায়ণগঞ্জের এমন ৩০টি কলকারখানা ও প্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল সব শিল্প কলকারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

এদিকে তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জে ৩০টি প্রতিষ্ঠানের ১৩ হাজার শ্রমিকের বেতন এখনও পরিশোধ করা হয়নি। এর মধ্যে ৭টি কারখানা ও প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধের সময়কাল সম্পর্কে কিছুই জানাতে পারে নি।

 

বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সহসভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার জানান, নারায়ণগঞ্জে বিকেএমইএর সংগঠভুক্ত  অধিকাংশ কারখানাই বেতন পরিশোধ করেছে। যারা এখনও পরিশোধ করেনি তাদের সাথে কথা হয়েছে। তারা কথা দিয়েছে এ সময়ের মধ্যেই বেতন পরিশোধ করবে। তবুও যারা করছে না তাদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। তবে কতগুলো প্রতিষ্ঠান এখন পর্যন্ত বেতন পরিশোধ করতে পারিনি তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

 

তিনি আরো জানান, মন্ত্রণালয়ে  পাঠানো তালিকার মধ্যে বিকেএমইএ ও বিজেএমইএ’র সংগঠনভুক্ত নয় এমন অনেক কারখানা রয়েছে। ফলে তাদের বিষয়টি আমরা বলতে পারছি না।

 

এব্যাপারে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এমএ শাহীন জানান, করোনা সংকটের শুরুতে'ই গার্মেন্টস মালিকরা পোশাক ক্রয় আদেশ স্থগিত ও বাতিল সহ নানা অজুহাত দেখিয়ে শ্রমিকের মজুরি পরিশোধের কথা বলে সরকারের কাছ থেকে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা নিয়েছে। তা সত্ত্বেও মালিকরা অনেক কারখানায় বেতন না দিয়ে উল্টো শ্রমিক ছাঁটাই ও কারখানা লে-অফ ঘোষণা করছে। এখনো কাঠেরপুলের ক্যাডটেক্স গার্মেন্টস, ওয়াবদার পুলের প্যারাডাইজ কেবল, বিসিক এলাকার রিফলাইন গার্মেন্টস, মার্টিন নিটওয়ার, লালপুর এলাকার ইউনিটেক্স, পুলিশ লাইন এলাকার টিএস স্পোর্টস লিমিটেড, লামাপাড়া এলাকার রূপসী নিটওয়্যার, কাঁচপুর এলাকার জয়া গ্রুপ ও সিনহা গার্মেন্টসসহ অনেক কারখানায় মার্চ মাসের বেতন দেওয়া হয়নি। তার মধ্যে আবার কাঠের পুলের টাইম সোয়েটারে অন্তত ২৫০ জন বিসিক ক্রোনি গ্রুপে ৩ শতাধিক, ইউরোনিক গার্মেন্টসে শতাধিক ও বিভিন্ন কারখানায় মোবাইল ফোনে ছাঁটাই ঘোষণা অব্যাহত রেখেছে। 

 

মালিকদের এই অমানবিক ঘৃণ্য বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি  বলেন- মালিকদের এসব প্রবণতা পরিহার করতে হবে। মহামারী মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে মজুরি দিতে হবে এবং কোন অবস্থাতেই শ্রম আইন ২০০৬ এর ধারা ১২ ও ১৬ মোতাবেক কারখানা লে-অফ করা যাবে না। ছাঁটাই-বরখাস্ত, জোরপূর্বক ইস্তফা বন্ধ ও সকল চাকুরিচ্যুতি বাতিল করতে হবে।

 

অন্যথায় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন মহামারী শেষে ছাঁটাই লে-অফ এর কারণে যে শ্রমিক বিদ্রোহ ঘটবে তার দায়দায়িত্ব গার্মেন্ট মালিক ও সরকারকে'ই নিতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন