লকডাউন উপেক্ষা করে প্রতিদিন সড়ক-মহাসড়কে নামছে হাজারো শ্রমিক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:৫৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ১৬ এপ্রিলের মধ্যে কারখানা শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশনা থাকলেও এখনও বেতন পরিশোধ হয় করেনি নারায়ণগঞ্জে একাধিক শিল্প কারখানা মালিকরা। ফলে বেতন না পেয়ে করোনাভাইরাসের ঝুঁকি আর লকডাউন উপেক্ষা করে প্রতিদিনই সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শত শত শ্রমিকরা। কখনও মালিক পক্ষের আশ্বাসে কখনও আবার পুলিশের লাঠি চার্জে দিন শেষে শূণ্য হাতেই ঘরে ফিরতে হচ্ছে এ সকল শ্রমিকদের।
জেলা কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৬ এপ্রিলের মধ্যে যেসব কলকারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের মজুরি ও বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হয়েছে নারায়ণগঞ্জের এমন ৩০টি কলকারখানা ও প্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল সব শিল্প কলকারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এদিকে তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জে ৩০টি প্রতিষ্ঠানের ১৩ হাজার শ্রমিকের বেতন এখনও পরিশোধ করা হয়নি। এর মধ্যে ৭টি কারখানা ও প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধের সময়কাল সম্পর্কে কিছুই জানাতে পারে নি।
ফতুল্লা টাগারপাড়া এলাকায় অবস্থিত ইউনিটেক্স কটনওয়্যার প্রাঃ লিমিটিডের শ্রমিক জাহানার আক্তার। তার প্রতিষ্ঠানের এখনও ৪২০জন শ্রমিক এখনও বেতন পায়নি। তিনি জানান, পেটের দায়ে কাজ করি। কিন্তু কাজ করেও যদি বেতন না পাই তখন আর বাঁচতে মন চায় না। করোনাভাইরাসের কারণে এখন জীবন অনেক দুর্বিসহ হাতের কাজ যাও করতাম তা বন্ধ। মালিক কবে দিব তাও জানি না। এর মধ্যে দু’একবার গেছিলাম কিছু বলে নাই।
শহরের নীট বাংলা কারখানার শ্রমিক জাহিদুর রহমান জাহিদ ও তার স্ত্রী মুনমুন বেগম জানান, একই কারখানায় কাজ করায় তারা এখন বিপাকে। তাদের মত এমন ৫০ জন শ্রমিক এখনও বেতন পায় নি। ২১ তারিখ বেতন পরিশোধের তারিখ দিলেও তা নিয়ে সন্দিহান এ শ্রমিক দম্পতি।
তবে খোঁজ নিয়ে জানা যায়, এ সকল তালিকার বাইরেও রয়েছে একাধিক কারখানা ও প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্যারাডাইজ ক্যাবল লিমিটেড। রোববার সকাল থেকেই নারায়ণগঞ্জের চাষাঢ়ার বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে সদর উপজেলাধীন ফতুল্লা এলাকায় অবস্থিত প্যারাডাইস ক্যাবল লিমিটেডের তিন শতাধিক শ্রমিক।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত ১২ মাস যাবৎ কোনো বেতন পরিশোধ করে নি এ প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির মালিকদের অর্ন্তঃদ্ব›েদ্ধ বন্ধ হয়ে গেছে উৎপাদন কার্যক্রমও। এতে বেকার হয়ে পড়েছে কয়েকশ শ্রমিক। যার কারণে মানবেতর জীবন যাপন করছেন কর্মহীন হয়ে পড়া কয়েকশ শ্রমিক।
শ্রমিক নাজমুন্নাহার জানান, পেট তো লক ডাউন মানে না। কি করবো এখন? আমরা সবকিছু মানবো আমাদের খাবারের ব্যবস্থা করুন। আমাদের ন্যায্য পাওনা পাইয়ের দেয়ার ব্যবস্থা করে দেন।
আরেক শ্রমিক আব্দুল্লাহ্ জানান, সরকার তো আমাদের বেতন পরিশোধের নির্দেশনা দিয়েছে তাহলে মালিকরা বেতন দেয়া না কেন? মাসের পর মাস শেষ হইয়া যায় বেতন তো পাই না। এহন তো অন্য কাজও করতে পারমু না। সব বন্ধ। তাইলে পোলা মাইয়া নিয়া খামু কি?
অন্যদিকে গতকাল নারায়ণগঞ্জের উকিলপাড়া এলাকায় ২ মাসের বকেয়া বেতনের দাবিতে মালিকের বাসা ঘেরাও করে জি ডি এল নামক এক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ এসে মালিক পক্ষের সাথে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করে।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, এপ্রিলে আজকে ১৮ তারিখ কিন্তু আমাদের তিন শতাধিক শ্রমিকের এখনও মার্চসহ দুই মাসের বেতন বাকি। আমরা বেতন নিতে ৫ এপ্রিল, ১৬ এপ্রিল কারখানায় যাই কিন্তু আমাদের বেতন না দিয়ে ফিরিয়ে দেয়া হয়। এখন কারখানা কর্তৃপক্ষ আমাদের কোনো কিছু বলছেও না। আমরা এমনিতেই এই করোনা ভাইরাসের কারণে দুর্বিসহ জীবন যাপন করছি। তারওপর বেতন পরিশোধ নিয়ে কারখানা কর্তৃপক্ষের তালবাহানা আমরা এখন কোথায় যাব?
তবে এ সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে জানিয়ে জি ডি এল কারখানার মালিক মজিবুল হক জানান, আসলে দুই মাস নয় দেড় মাসের বেতন বাকি। এ ব্যাপারে বিএকএমই’র সাথে আমার কথা হয়েছে। দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে।
এদিকে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সহসভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার জানান, নারায়ণগঞ্জে বিকেএমইএর সংগঠভুক্ত অধিকাংশ কারখানাই বেতন পরিশোধ করেছে। যারা এখনও পরিশোধ করেনি তাদের সাথে কথা হয়েছে। তারা কথা দিয়েছে এ সময়ের মধ্যেই বেতন পরিশোধ করবে। তবুও যারা করছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। তবে কতগুলো প্রতিষ্ঠান এখন পর্যন্ত বেতন পরিশোধ করতে পারিনি তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
তিনি আরো জানান, মন্ত্রণালয়ে পাঠানো তালিকার মধ্যে বিকেএমইএ ও বিজেএমইএ’র সংগঠনভুক্ত নয় এমন অনেক কারখানা রয়েছে। ফলে তাদের বিষয়টি আমরা বলতে পারছি না।
এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এমএ শাহীন জানান, করোনা সংকটের শুরুতে'ই গার্মেন্টস মালিকরা পোশাক ক্রয় আদেশ স্থগিত ও বাতিল সহ নানা অজুহাত দেখিয়ে শ্রমিকের মজুরি পরিশোধের কথা বলে সরকারের কাছ থেকে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা নিয়েছে। তা সত্ত্বেও মালিকরা অনেক কারখানায় বেতন না দিয়ে উল্টো শ্রমিক ছাঁটাই ও কারখানা লে-অফ ঘোষণা করছে। এখনো কাঠেরপুলের ক্যাডটেক্স গার্মেন্টস, ওয়াব্দার পুলের প্যারাডাইজ কেবল, বিসিক এলাকার রিফলাইন গার্মেন্টস, মার্টিন নিটওয়ার, লালপুর এলাকার ইউনিটেক্স, পুলিশ লাইন এলাকার টিএস স্পোর্টস লিমিটেড, লামাপাড়া এলাকার রূপসী নিটওয়্যার, কাঁচপুর এলাকার জয়া গ্রুপ ও সিনহা গার্মেন্টসসহ অনেক কারখানায় মার্চ মাসের বেতন দেওয়া হয়নি। তার মধ্যে আবার কাঠের পুলের টাইম সোয়েটারে অন্তত ২৫০ জন বিসিক ক্রোনি গ্রুপে ৩ শতাধিক, ইউরোনিক গার্মেন্টসে শতাধিক ও বিভিন্ন কারখানায় মোবাইল ফোনে ছাঁটাই ঘোষণা অব্যাহত রেখেছে।
মালিকদের এই অমানবিক ঘৃণ্য বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন- মালিকদের এসব প্রবণতা পরিহার করতে হবে। মহামারী মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে মজুরি দিতে হবে এবং কোন অবস্থাতেই শ্রম আইন ২০০৬ এর ধারা ১২ ও ১৬ মোতাবেক কারখানা লে-অফ করা যাবে না। ছাঁটাই-বরখাস্ত, জোরপূর্বক ইস্তফা বন্ধ ও সকল চাকুরিচ্যুতি বাতিল করতে হবে।
অন্যথায় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন মহামারী শেষে ছাঁটাই লে-অফ এর কারণে যে শ্রমিক বিদ্রোহ ঘটবে তার দায়দায়িত্ব গার্মেন্ট মালিক ও সরকারকে'ই নিতে হবে।


