নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু, সর্বমোট ২৭ জনের প্রাণহানি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৮:১২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মমতাজ সালাম বেবী (৬০) নামে আরও এক নারী ।
মমতাজ সালাম বেবী’র পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মমতাজ সালাম বেবী’র স্বামী এসএম আব্দুস সালাম জানান, গত ৪ এপ্রিল থেকে মমতাজের জ্বর ছিল। এর মধ্যে ঔষধ সেবনে সুস্থ হন তিনি। কিন্তু ১১ এপ্রিল থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে সিদ্ধিরগঞ্জ সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে নমুনা সংগ্রহ করা হয়। ১৪ এপ্রিল রিপোর্ট আসলে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এদিকে অবস্থার অবনতি হলে হাসপাতালে আইসিওতে রাখা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এ নিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। আইইডিসিআর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন ও নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। বর্তমানে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৮৬ জন।


