দিনে কঠোর হলেও রাতে ত্রাণ নিয়ে অসহায়দের দরজায় র্যাব-১১ (ভিডিও)
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৫:২১ পিএম
বিশেষ প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : সমাজের অপরাধ প্রবণতা দূর করতে যুগান্তকারী ভূমিকা পালনকারী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব এখন আর্ত মানবতার সেবায় কাজ করছে।
নারায়ণগঞ্জে লকডাউনে সামাজিক নিরাপত্তা বজায় রাখা ও ঘরবন্দি কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে র্যাব-১১ সদস্যরা। দিনের বেলায় কঠোর ভূমিকায় থাকা র্যাব সদস্যরাই রাতের বেলায় ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন দুঃস্থ মানুষের দরজায়।
র্যাবের কল্যাণে খাবার পাচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবারও। র্যাব-১১ এর সদস্যরা খোঁজখবর নিয়ে বিভিন্ন এলাকায় হাত পাততে না পারা মানুষের মধ্যেও ত্রাণ দিচ্ছেন। লকডাউন পরিস্থিতিতে র্যাবের ভূমিকা নারায়ণগঞ্জের বোদ্ধামহলে প্রশংসিত হয়েছে।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় ৫‘শ পবিারের মধ্যে ত্রাণ পৌঁছে দেয়। করোনা ভাইরাসের প্রভাবে মানুষ যখন ঘরবন্দি, তখন কর্মহীন মানুষের ঘরে ঘরে ছুটে যাচ্ছে র্যাব।
শহরের বাবুরাইল, ভূঁইয়াপাড়া এবং ফতুল্লার পোস্ট অফিস ও রেললাইন এলাকায় ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় র্যাব সদস্যরা।
র্যাবের ত্রাণ পেয়ে বাবুরাইলের কয়েকজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ জানান, আমরা খুব খুশি। এটা আল্লাহর রহমত। আমরা কারো কাছে যেতে পারিনা। এলাকার নেতারাও খোঁজখবর নেয়না। সবাই ত্রাণ দেয় দরিদ্র মানুষকে।
দেখা যাচ্ছে একটি দরিদ্র পরিবারের সকল সদস্য বার বার ত্রাণ পাচ্ছে। অথচ পাশেই কয়েকটি মধ্যবিত্ত পরিবারের ঘরে খাবার নেই। তাদেরকে কেহ জিজ্ঞাসাও করেনা।
এক্ষেত্রে র্যাব-১১ এর সদস্যরা ভাল কাজ করেছে। তাঁরা সকলের ঘরে ঘরে ত্রাণ দিয়ে গেছে। র্যাব সদস্যরা রাতের বেলায় এসে ত্রাণ দিয়ে গেছে। আমরাতো কারো কাছে চাইতে পারিনা।
শহরের ভূঁইয়াপাড়ার বাসিন্দা জামিল জানান, ভাই দুধের ব্যবসা করতাম। করোনায় দুধ বিক্রি বন্ধ। ধার দেনা করে সংসার চলছে কোনমতে। কারো কাছে হাত পাততে পারিনা। কাউন্সিলররা ত্রাণ দেয় গরিবগো। আমাগো ঘরের সামনে দিয়া ত্রাণ নিয়া যায় অন্যেরা পায়। আমরা পাইনা। আমরাতো হাহাকার কইরা চাইতে পারিনা।
তবে শুক্রবার রাতে দরজায় টোকা দিয়া র্যাব সদস্যরা ত্রাণ দিয়া গেছে। ভাই খুব খুশি অইছি। মনে অইলো এটা আল্লাহপাকের অশেষ রহমত। ভাল ত্রাণ দিছে। এভাবে সবাই যদি ত্রাণ দিত-তাহলে কেহ না খেয়ে মরবেনা। কারো ঘরেই হাহাকার থাকবেনা।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপউদ্দিন বলেন, র্যাব মানুষের কল্যাণে কাজ করছে। এই দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। তাই ঝুঁকি জেনেও আমরা পিছ পা হচ্ছিনা। আমাদের প্রত্যেক সদস্য অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনারা সকলেই ঘরে থাকুন। নিজে নিরাপদে থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আপনারা কেউ না খেয়ে থাকবেন না। সবাই সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকুন। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা আছি।
পর্যবেক্ষক মহলের মতে, র্যাব-১১ নিসন্দেহে ভাল কাজ করছে। তাঁরা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে। তাদের ভাল দিকটি হলো মধ্যবিত্ত শ্রেণীর লোকজনকে ত্রাণ পৌঁছে দেয়া। সমাজের এই শ্রেণীটি যে কোন দুর্যোগেই ঘরে বসে মার খায়। কারো কাছে হাত পাততে পারেনা।
তাছাড়া স্থানীয় নেতা বা জনপ্রতিনিধিরা যখন ত্রাণ দেয়, তখন এই শ্রেনীটিকে বাদ দেয়া হয়। জনপ্রতিনিধিরা মনে করেন এদের অবস্থা ভাল। কোন না কোনো ভাবে এদের দিন কেটে যাবে। এরা না খেয়ে মরবেনা।
কিন্তু বিপদের দিনে জনপ্রতিনিধিদের এমন ধারণায় মধ্যবিত্ত শ্রেণীর বিপদ আরো বাড়বে। ঠিক এই বিষয়টি আমলে নিয়ে সমাজের মূল পয়েন্টে অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর পাশে দাঁড়িয়েছে র্যাব সদস্যরা। দুর্যোগকালীন সময়ের মহতি উদ্যোগ র্যাব-১১ এর ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে দেশবাসীর কাছে।


