করোনায় দেশে গত ২৪ ঘন্টায় মৃত ৭ জনের মধ্যে নারায়ণগঞ্জেরই ৪ জন
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৩:৩৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় (১৯ এপ্রিল সকাল ৮টা) পর্যন্ত মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জনই নারায়ণগঞ্জের। বাকি ৩ জন ঢাকার। মৃতদের মধ্যে ৫ পুরুষ, নারী ২ জন মহিলা।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইনসংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এই তথ্য জানান।
এছাড়া তিনি জানান, করোনায় দেশে আক্রান্ত হয়েছেন ৩১২ জন। এর মধ্যে ৬৬ ভাগ পুরষ, ৩৪ ভাগ নারী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জে ৩১ ভাগ, ঢাকায় ৪৪ ভাগ, সারা দেশে ২৫ ভাগ।
এর আগে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, নতুন আরো ২৯ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৩০ জন। নতুন ২ জনের মৃত্যুসহ করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০জন। এপর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ৯ জন। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায় সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তর সংখ্যা ২৩৩ জন, মারা গেছেন ১৫ জন।
তবে রেহাই নেই সিটি করপোরেশনের বাইরে নারায়ণগঞ্জের উপজেলাগুলোতেও। সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন, মারা গেছেন ৬ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছন ২৪ জন, মারা গেছেন ৪ জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৫ জন, মারা গেছেন একজন। তবে আড়াইহাজার উপজেরায় ৯ জন ও সোনারগাঁ উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হলেও স্বস্তির বিষয় এখনো সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি।


