Logo
Logo
×

বিশেষ সংবাদ

খাদ্য সংকটে কর্মহীনরা: চেয়ারম্যানদের অভিযোগ পর্যাপ্ত সহযোগিতা নেই

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৯:৫৯ পিএম

খাদ্য সংকটে কর্মহীনরা: চেয়ারম্যানদের অভিযোগ পর্যাপ্ত সহযোগিতা নেই
Swapno

তুষার আহমেদ (যুগের চিন্তা ২৪) : করোনায় স্থবির হয়ে পড়ছে নারায়ণগঞ্জ। ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজধানী ঢাকার পর করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে নারায়ণগঞ্জে। এমন পরিস্থিতিতে সর্বপ্রথম এই জেলাটি লকডাউনের আওতায় আনা হয়। 

একই সাথে গত ২৬ মার্চ থেকে কয়েক দফা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত কার্যকর করা হয় সাধারণ ছুটি। আগামীতে আরো বাড়তে পারে ছুটির মেয়াদ। বর্তমান পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে।
 
এমন পরিস্থিতিতে শিল্পনগরী নারায়ণগঞ্জের অর্থনৈতিক চাঁকা যেন আটকে যাচ্ছে। কর্মহীন হয়ে পড়েছে লাখো মানুষ। কর্মহীন শ্রমিকরা তাই রাতের আধাঁরে নারায়ণগঞ্জ ত্যাগ করার কৌশল আটছে। প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যে শুধু ফতুল্লা থেকেই অন্তত এক হাজার শ্রমিক আটকের তথ্য জানিয়েছে থানা সূত্র।  
 
সূত্র বলছে, মিল-ফ্যাক্টরী বা অন্যান্য ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান দিনের পর দিন বন্ধ থাকায় ইতিমধ্যেই খাদ্য সংকটে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। লকডাউন পরিস্থিতিতে সংকটে পরা পরিবারের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। আগামী কয়েক সপ্তাহে সংকটে পড়া পরিবারের সংখ্যা দ্বিগুণ হতে পারে। 

আর ছুটির মেয়াদ আরেক দফা বৃদ্ধি পেলে এই পরিস্থিতি হতে পারে আরো ভয়াবহ। তাই সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও বৃত্তবান রাজনৈতিক ব্যক্তিদের দিকে তাকিয়ে প্রত্যেকেই। কিন্তু চাহিদামত সহায়তা না পেয়ে সরকার ও নিজ নিজ জনপ্রতিনিধিদের সমালোচানাও করছেন সংকটে থাকা পরিবারগুলো।
 
যদিও কর্মহীন মানুষের খাদ্য চাহিদা মেটাতে সরকারের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। ইতিমধ্যেই জেলায় জেলায় সরকারী খাদ্য-সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। তবে বিপুল সংখ্যক জনগোষ্ঠির জন্য তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন জনপ্রতিনিধিরা।
 
এদিকে সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ আবার দাবী করছেন, সরকার পর্যাপ্ত সহায়তা দিলেও জনপ্রতিনিধিরা তা সুষ্ঠ ভাবে বন্টন করছেন না।    
 
অনুসন্ধান বলছে, দেশের অন্যান্য জেলার তুলনায় শিল্প-কারখানা অধ্যুষিত নারায়ণগঞ্জে রয়েছে সবচেয়ে বেশি ঘনবসতি। আর নারায়ণগঞ্জের অন্যতম ঘনবসতি হলো সদর উপজেলার ফতুল্লা থানা এলাকায়। 

ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশিপুর, বক্তাবলী, গোগনগর ও আলীরটেকসহ সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এই সদর উপজেলায় অবস্থিত দেশের অন্যতম শিল্পনগরী বিসিক শিল্পাঞ্চল। ফলে দেশের প্রতিটি জেলার শ্রমজীবি মানুষদের পরিবার গড়ে উঠেছে এই উপজেলায়।
 
কিন্তু সরকারের সহায়তাকি বৃহৎ এই উপজেলার বিপুল সংখ্যক কর্মহীন মানুষের খাদ্য চাহিদা মেটাতে পারছে? এর  উত্তরে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণই বলছেন- সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আসা ত্রান এই বিপুল সংখ্যক পরিবারের জন্য কোন ভাবেই যথেষ্ট নয়। 

যদিও ভবিষ্যতে পর্যাপ্ত ত্রান প্রাপ্তির প্রত্যাশা করছেন প্রত্যেকেই। তবে, সেই প্রত্যাশা কতটুকু বাস্তবে পরিনত হয়, সেটাই দেখার বিষয়।
 
এবিষয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লূৎফুর রহমান স্বপন বলেন, এক কথায় বলতে গেলে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ ফতুল্লা ইউনিয়নের জন্য যথেষ্ট নয়। তার পরও সরকার যা দিচ্ছে তা অসহায় দুস্থদের মাঝে বন্টন করে দিচ্ছি।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফতুল্লা ইউনিয়নে কর্মহীন বা অসহায় পরিবারের তালিকা করতে গেলে ৫০ হাজারের বেশি হবে। সব তালিকা একসাথে করা সম্ভব না। তবে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের মাধ্যমে ২৫ হাজার পরিবারের তালিকা করে সংশ্লিষ্ট খাদ্য অধিদপ্তরে প্রেরণ করেছি। 

এপর্যন্ত ৭ দফায় ১২ হাজার পরিবারের খাদ্য সামগ্রী আমার ইউনিয়নে এসেছে। এর বেশি এখনও পাইনি। বাকি ত্রাণ আসলে তা মানুষের মাঝে পৌছে দেয়া হবে।
 
তাহলে লিস্ট ব্যতিত বাকি ২৫ হাজারেরও বেশি অসহায় পরিবারের জন্য কি ব্যবস্থা নেয়া হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এদের মধ্যে কেউ কেউ হয়তো বিভিন্ন সামাজিক অথবা রাজনৈতিক সংগঠন থেকে সহযোগিতা পাচ্ছেন।

এছাড়া সাংসদ শামীম ওসমানের পক্ষ থেকেও ফতুল্লায় ১ হাজার ৮শত পরিবারে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। এর বেশি আর কি করার আছে?’  
 
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল বলেন, ‘আমার ইউনিয়নে হতদরিদ্র ও কর্মহীন অনেক। কিন্তু প্রাথমিক ভাবে ৯হাজার পাঁচশত লোকের তালিকা করে তা প্রেরণ করেছি। ইতিমধ্যে প্রায় ৭ হাজার পরিবারের মাঝে চাউল বিতরণ করেছি। তবে প্রয়োজন অনুপাতে চাউল পাচ্ছি না।’
 
এক প্রশ্নের জবাবে সাইফুল্লাহ বাদল বলেন, এখন নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ মধ্যবিত্ত সবার তালিকা করা হচ্ছে। কারণ সবার অবস্থাই করুন। আশা করছি সবাই পাবে। এমপি সাহেব আছেন, ওনার তহবিল থেকেও দেয়া হচ্ছে।’
 
বক্তাবলী ইউনিয়নের পরিস্থিতি নিয়ে চেয়ারম্যান মোঃ শওকত আলী বলেন, ‘আমার ইউনিয়নে তুলনা মূলক ঘণবসতি কম। আমি প্রায় ১ মাস পূর্বে ৩ হাজার পরিবারের তালিকা খাদ্য অধিদপ্তরের নিকট প্রেরণ করেছি।

তবে, মানুষের কাজকর্ম না থাকায় এই একমাসের ব্যবধানে আরো প্রায় ২ হাজার পরিবার খাদ্য সংকটে পড়েছে। পরিস্থিতি ভালো না হলে এই তালিকা আরো বৃদ্ধি পাবে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সরকারের ত্রাণ এই ইউনিয়নের জন্য মোটেও পর্যাপ্ত নয়।’  
 
তিনি বলেন, ‘আমি এখনও পর্যন্ত ১৭ টন চাউল পেয়েছি। যা ১৭শ পরিবারের মাঝে বিতরণ যোগ্য। এছাড়াও প্রতি পরিবারের জন্য সরকার মাথা পিছু ৪০ টাকা করে দিচ্ছে, তা দিয়ে যেকোন একটি সামগ্রী কিনে বিতরণ করা হবে।’  
 
তালিকার বাইরে থাকা পরিবার গুলোর জন্য কি ব্যবস্থা নেবেন ? এমন প্রশ্নের জবাবে শওকত চেয়ারম্যান বলেন, ‘চেষ্টা করছি। এছাড়াও সাংসদ শামীম ওসমানের পক্ষ থেকে বক্তাবলীসহ প্রতিটি ইউনিয়নে ১৮শত পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা বিতরণ করা হচ্ছে।’
 
এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বলেন, ‘আমি যা পেয়েছি তা কোন ভাবেই পর্যাপ্ত নয়। আমার ইউনিয়নে ভোটার ছাড়াও অন্তত ১ লাখ ভাসমান মানুষ রয়েছে, যারা বহিরাগত হলেও এখানেই পরিবার পরিজন নিয়ে বছরের পর বছর ধরে বসবাস করছে। এদের প্রত্যেকেরই করুন অবস্থা।’
 
তিনি বলেন, ‘বর্তমানে যাচাই বাছাই করে তালিকা করতে গেলেও ৪৫-৫০ হাজার পরিবারের তালিকা হবে। কিন্তু আমি ১৯ হাজার তালিকা করে খাদ্য অধিদপ্তরে পাঠিয়েছি। ইতিমধ্যে ২১ টন চাউল পেয়েছি, যা পরিবারগুলোতে বিলিয়ে দেয়া হচ্ছে।’
 
তাহলে তালিকার বাইরে থাকা পরিবারগুলোর জন্য কি ব্যবস্থা নিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে আসাদ চেয়ারম্যান বলেন- ‘এমপি সাহেব আমার কাছে তালিকা চেয়েছে, দেখি কি হয় !’
 
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, ‘সবচেয়ে ঘণবসতি ও বৃহৎ ইউনিয়ন হচ্ছে কুতুবপুর। এখানে সরকারের পক্ষ থেকে চাউল দেয়া হলেও তা যথেষ্ট নয়। আমি ৩০ হাজার পরিবারের তালিকা দিয়েছি। সরকারের পক্ষ থেকে মাত্র ৬০টন চাউল দেয়া হয়েছে। 

যা ৬ হাজার পরিবারের মাঝে বিতরণ করেছি। যদিও আমার এখানে অসহায়দের তালিকা করলে অন্তত ৮০ হাজার কর্মহীন বা দরিদ্র পরিবারের তালিকা হবে। আর মধ্যবিত্ততো আছেই। 

কিন্তু আমাদের বুঝতে হবে যে, সরকারের লিমিটেশন আছে। সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নেই সরকার সাধ্যমত চাউল দিচ্ছে। তাই স্বল্পতার কারণে সবার তালিকা এখনও করা হয়নি।’ তালিকার বাইরে থাকাদের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মহান আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই করার নেই।’
 
এদিকে গোগনগর ইউনিয়নের নওশেদ আলী ও আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান এর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি। তাই তাদের পক্ষ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
তবে, উভয় ইউনিয়নের সাধারণ বাসিন্দারের অভিযোগ- তারা সরকারি বা রাজনৈতিক নেতৃবৃন্দদের থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। এর জন্য নিজ নিজ চেয়ারম্যানদেরই দুষছেন স্থানীয়রা। তারা বলছেন- সরকারি ত্রান আনার জন্য কার্যকরি ভূমিকা রাখতে এই দুই চেয়ারম্যান ব্যর্থ হচ্ছেন বলেই সহায়তা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
 
এদিকে আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এর মুঠোফোনে ফোন করা হলেও তিনি রিসিভ করতে সক্ষম হননি। তাই চেয়ারম্যানদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন