যুগের চিন্তা রিপোর্ট : শ্রমিক অধ্যুষিত এলাকা পুরো নারায়ণগঞ্জ। আরো বিশদভাবে বললে নারায়ণগঞ্জের সদর উপজেলাতেই রয়েছে কয়েক লাখ শ্রমিক। পেটের তাগিদের নিজ ভিটামাটি ছেড়ে শ্রমিকরা নারায়ণগঞ্জে এসেছিলেন। একটু ভালো থাকার আসায় পুরো পরিবার নিয়ে নানা প্রতিষ্ঠানে কাজ করেছেন।শ্রমিক অধ্যুষিত এলাকা নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা, সদর ও সিদ্ধিরগঞ্জের শ্রমিকদের মধ্যে কেউবা রিক্সাচালক, কেউবা ভ্যান ড্রাইভার, কেউ নানা গার্মেন্টে কাজ করেন, কেউ ইটভাটায়, কেউ পরিবহনে, কেউ হকার। দিন আনে দিন খান এমন ভাসমান শ্রমিকের সংখ্যাও নারায়ণগঞ্জে নেহাৎ কম নয়। হঠাৎ করে আগ্রাসন চালাতে নারায়ণগঞ্জে এসে উপস্থিত মরণব্যাধি করোনা। করোনা থেকে বাঁচতে ঘরে থাকার নির্দেশনা সরকারের। কিন্তু নারায়ণগঞ্জে থাকা এসব ভাসমান শ্রমিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নারায়ণগঞ্জ ছেড়ে নিজ গ্রামের দিকে ছুটছেন।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, শ্রমিকরা রয়েছে এখন করুণ অবস্থায়। নারায়ণগঞ্জে জীবিকার তাগিদে আসা শ্রমিকরা খাবার পাচ্ছেননা। করোনার গ্রাস থেকে বাঁচতে ঘরে থাকা প্রয়োজন জানলেও ক্ষুধার তাগিদে তাদের বেরিয়ে আসতে হচ্ছে। কেউবা পরিবার নিয়ে ছুটে যেতে চাচ্ছেন নিজ গ্রামে। সরকার জনপ্রতিনিধিদের ত্রাণ পৌঁছে দেয়ার কথা বললেও এক অদ্ভুত কারণে শ্রমিকদের কাছে সেই ত্রাণ পৌঁছাচ্ছেনা। বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কাউন্সিলররা দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। তবে সেই ত্রাণ দিচ্ছেন তাঁরা ভোটার আইডি কার্ড দেখে দেখে। অর্থাৎ ওই এলাকার ভোটার নন এমন কেউ ত্রাণ পাওয়ার আওতায় আসছেননা। যার ফলে বেকায়দায় ও করুণ অবস্থায় পড়েছে ভাসমান শ্রমিকরা। একদিকে হুট করে করোনা গ্রাস করায় হাতে নেই কোন সঞ্চয়, ত্রাণ বিতরণ হলেও বসবাসরত এলাকার ভোটার না হওয়ার দরুণ পাচ্ছেননা ত্রাণ, আবার অন্যদিকে লকডাউন ভেঙে পরিবার নিয়ে গ্রামেও ছুটে যেতে পারছেননা।
গত বেশকয়েকদিন ধরে লাগাতারভাবে লকডাউন ভেঙে নারায়ণগঞ্জ ছেড়ে পালাচ্ছে এমন শত শত নারী-পুুরুষকে আটক করেছে পুলিশ। পুলিশের কাছে সাদামাঠাভাবেই নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেছেন সবাই। পুলিশ আশ^াস দিচ্ছে জনপ্রতিনিধিরা তাদের কাছে ত্রাণ পৌঁছে দিবে। কিন্তু তাতেও সুরাহা না হওয়ায় লকডাউন ভেঙে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই নারায়ণগঞ্জ ছাড়ছে শ্রমিকরা।
বিভিন্ন এলাকায় বিত্তবানরাও মানুষকে ত্রাণ দিচ্ছে সেখানেও হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছে। কেউ ত্রাণ বঞ্চিত হলেই ওই দিন তাকে না খেয়ে থাকতে হচ্ছে পরিবারকে নিয়ে। হাজারে হাজারে মানুষকে ত্রাণ দিতে হিমশিম খাচ্ছেন অনেকেই। তারা বলছেন, দলে দলে লোক আসছেন, এভাবে কত দিন তারা ত্রাণ দিতে পারবেন? প্রশাসনের উচিৎ এব্যাপারে নজর দেওয়া।
এদিকে ত্রাণ বঞ্চিত এবং পকেট একেবারে ফাঁকা এমন শ্রমিকরা বেতন কিংবা সহযোগিতার আশ^াস নিয়ে তাদের প্রতিষ্ঠানে ভীড়, বিক্ষোভ করছেন। বৃহস্পতিবারও সারা জেলায় অন্তত ১২-১৩টি প্রতিষ্ঠানে শ্রমিকরা লকডাউন ভেঙে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া শহীদ মিনারে বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা লালপুর এলাকার ইউনিটেক্স কটন মিলস লিমিটেডের শতাধিক শ্রমিককে অবস্থান করেন।
কারখানা শ্রমিক আলেয়া বেগম জানান, ‘মালিক বেতন দেয়া না আমাগোরে। এহনও মার্চ মাসের বেতন পাই নাই। আজকে দেয়ার কথা আছিলো। কিন্তু তারা কেউ নাই কারখানায়। কবে দিব তাও কয় না। ‘আমাগো ঘরে এখন ভাত যে খামু তার কিছুই নাই। এইজন্যই রাস্তায় নামছি। যাতে আমাগো বেতনটা আমাগো দিয়া দেয়। কী কমু, আর কত কমু?’
শ্রমিকদের এমন করুণ অবস্থা আরো বাড়ছে। নারায়নগঞ্জ বিসিকের শ্রমিকরাও তাদের কারখানা মালিক পক্ষের সাথে যোগাযোগ করছেন। ক্ষুধার জ¦ালায় অনেকে ত্রাণ না পেয়ে বিষ্ফোরণ হওয়ার আশঙ্কা করছেন বোদ্ধা মহল। এব্যাপারে এখনই প্রশাসনের আরো নিবিড়ভাবে মনোযোগ দেয়ার প্রয়োজন বলে মনে করছেন তারা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, ‘আমরা সড়কপথ, নৌ-পথ বন্ধ করে দিয়েছি। লকাডাউন ঘোষণার পর থেকে আমরা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, নৌ পুলিশ, র্যাব সকলেই নিরাপত্তা আরো ব্যবস্থা জোরদার করেছি। প্রতিটি থানায় কমিটি গঠন করে দেয়া হয়েছে সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।তারপরেও মানুষ বিভিন্নভাবে বেরিয়ে যাচ্ছে। গত তিনদিনে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ মানুষ আমরা আটক করেছি। এখনও আটক হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে নারায়ণগঞ্জ থেকে মানুষ বের হয়ে অন্যজেলাগুলোতে ছড়িয়ে পড়তে না পারে।’
উদ্ভুত পরিস্থিতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি মনে করেন, ‘এখানে সমন্বয়হীনতার অভাব রয়েছে সরকারের। কারণ তারা বলছেন ঘরে ঘরে খাবার পৌঁছে দেবেন আবার অন্যদিকে সিটি করপোরেশন, চেয়ারম্যান, মেম্বার জনপ্রতিনিধিরা নির্দেশনাগুলো হচ্ছে ভোটার না হলে খাবার দেবেনা, ত্রাণ দিবেনা। ভোটার না হলে ত্রাণ না পেলে তারা কি করবে, নারায়ণগঞ্জ থেকে বাইরে যাবে। নারায়ণগঞ্জ থেকে বাইরে তারা গেলে লকডাউন থাকলো কোথায়? এটা টিকলো না। সুতরাং দ্বৈত সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। যে যেখানে আছে সেখানেই তাদের খাবার পৌঁছে দেয়ার ব্যাবস্থা করতে হবে। লকডাউন কখনোই কাজ করবেনা যতক্ষণনা মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া না হয়।’
মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগ দক্ষিণের আঞ্চলিক সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা মনে করছে, সরকার থেকে যে ত্রাণসামগ্রীটা পাওয়া যাচ্ছে এটিই শেষ। আমাদের জনগণ মনে করছে সরকার কাউকে না খাইয়ে রাখবেনা। মানুষ একদিনের জন্য খাবার প্রত্যাশা করেনা। যতদিন পর্যন্ত খাবার দরকার ততক্ষণ পর্যন্ত সরকার, জনপ্রতিনিধি, বিত্তবানদের এই খাবার, ত্রাণ দিতে হবে। বন্ধ করার কোন চিন্তাই করা যাবেনা। সরকারকে আরো এগিয়ে আসতে হবে। শুধু ক্ষমতাশীল দলের লোকদের দিয়ে ত্রাণ বিতরণের লিস্ট করালে চলবেনা। এরসাথে সরকারের আস্থাভাজন বাহিনীগুলোকে দিয়ে এই ত্রাণ বিতরণ করতে হবে। আইনশৃঙ্খলাবাহিনী সংযুক্ত থাকলে এখানে পক্ষপাতিত্ব হবেনা। রাজনৈতিক টাউটরা প্রশ্রয় পাবেনা। যারা পালিয়ে যাচ্ছে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেয়া হোক।’
জাতীয় শ্রমিক লীগের সাবেক শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ভাসমান মানুষগুলো কোথায় যাবে। গতকাল ফতুল্লা থানায় আটকানো প্রায় ২৫০ জন লোকের ত্রাণ দেয়ার কোন পথ নেই। এডিশনাল এসপির কথার প্রেক্ষিতে তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। আমি ক্ষুদ্র প্রচেষ্টা করছি। কিন্তু সরকারের বরাদ্দকৃত খাদ্যসামগ্রী নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলে যেভাবে ইউপি চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলররা বিতরণ করছেন তেমনটি ঠিক নয়। কারণ এটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে বেশিরভাগ মানুষ ভাসমান। জেলা প্রশাসক, ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার ঘুরতে ঘুরতে ত্রাণ না পেয়ে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বাররা ভোটার আইডি ছাড়া ত্রাণ দেননা। মানুষ যাবে কোথায়। খাবারের অন্বেষনে মানুষ এদিক-সেদিক ছুটছে। আমার আহবান থাকবে, শ্রমিকদের জন্য সরকার যে বাজেট ঘোষণা করেছেন সেটি শিল্পাঞ্চল এলাকায় বাস্তবায়ন করা উচিৎ। এটি আমি জোরালোভাবে দাবি জানাই। লেবার সেল খুলে এই ভাসমান শ্রমিক যাদের ভোটার আইডি কার্ড নেই তাদের সহযোগিতার হাত বাড়াতে হবে শীঘ্রই।’
এদিকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়ে বলেন, ‘ত্রাণ বিতরণের ক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যন্ত কমিটি করে দিতে হবে। ত্রাণ বিতরণের ক্ষেত্রে কারা আপনার ভোটার সেটি দেখলে হবেনা। সাধারণ জনগণ যারা এখন দুস্থ ও অসহায় অবস্থার মধ্যে রয়েছে তাদের নামের তালিকা তৈরি করতে হবে। আমি এটি সুনির্দিষ্টভাবে বলতে চাই। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। কে আমার দল করলো, কে করলোনা, কে আমাকে ভোট দিলো, কে দিলোনা সেটা দেখার দরকার নাই। যার অবস্থা খারাপ, কিংবা যে দুস্থ যার বাসায় খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। এটিই আমিই চাই। এই ম্যাসেজটাই সকলকে পৌঁছাতে চাই। একটি মানুষও যাতে না খেয়ে কষ্ট না পায়।’


