Logo
Logo
×

বিশেষ সংবাদ

মাইয়াডা গর্ভবতী ভালো-মন্দ কিছু খাওয়াইতে পারি না !

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৪:১৯ পিএম

মাইয়াডা গর্ভবতী ভালো-মন্দ কিছু খাওয়াইতে পারি না !
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  ‘এই যে আমার মাইয়াডা গর্ভবতী। ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না। এহন স্যার আপনারা যদি মাইরা লাইতে চান তো মাইরা লান।’

 

কথাগুলো লকডাউন অমান্য করে  নারায়ণগঞ্জ  থেকে পালিয়ে যাওয়ার সময় আটকৃত এক নারীর। ওই নারী জানান, আজকে তিন ধইরা না খাইয়া আছি। কাজ নাই খাওনা নাই। তাছাড়া ভাড়া থাকি। ভাড়া না দিতে পারায় তো আমগো বাড়িওয়ালা রাখে না। আমরা কি করমু এহন কন?

 

বুধবার (১৫ এপ্রিল) ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  শিশুসহ আরও ১২০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেল স্টেশন এলাকায় একটি ট্রাক থেকে ৫০ জন নারী পুরুষ শিশু, রাত পৌনে ১২টায় ফতুল্লা পাগলা রসুলপুর এলাকা থেকে ৪০ জন, রাত সাড়ে ১২ টায় ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে আরও ৩০ জনকে আটক করা হয়।

 

আটককৃত একাধিক নারী পুরুষের অভিযোগ, আমরা চেয়ারম্যান মেম্বারদের কাছে গেছি। কিন্তু তারা আমাগো দেয় না। সরকার যা দেয় তারাই খাইয়া লায়। আপনারা দেখছেন  না যে ওনারা চাইরশো-পাঁচশো বস্তা ওনারা আটক কইরা রাইখা দেয়।

 

তারা আরও জানান, আমরা জানি এমনে যাওয়া ঠিক হয় নাই। কিন্তু আমরা গ্রামে গেলে ক্ষেতের কয়ডা ধান পামু, দুই-চাইরটা খাইতে  তো পারমু।

 

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, তাদের অধিকাংশই কিশোরগঞ্জ,কুষ্টিয়া,রাজশাহী জেলার যাত্রী। তাদের বুঝিয়ে শুনিয়ে বাসায় ফেরত পাঠানো হয়েছে।

 

তিনি আরো জানান, আমরা তাদের অভিযোগ শুনেছি। স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের সাথে এ ব্যাপারে কথা বলব। এখন যেহেতু করোনায় নারায়ণগঞ্জকে হটস্পট ঘোষণা করা হয়েছে এবং দেশের বিভিন্ন জেলায় নারায়ণগঞ্জের লোকজন গিয়ে সেখানে করোনা ভাইরাস ছড়াচ্ছে। তাই নারায়ণগঞ্জ থেকে যাতে কেউ বের না হতে পারে সে কারণে পুলিশ নিয়মিত অভিযান চলছে।

 

উল্লেখ্য, এর আগে ১৪ এপ্রিল রাতে ফতুল্লায় বিভিন্ন স্থান থেকে পালিয়ে যাওয়ার সময় পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেডসহ ৪ শতাধিক নারী-পুরুষকে আটক করে পুলিশ। অন্যদিকে শনিবার থেকে সোমবার পর্যন্ত এ তিনদিনে আরো ৫ শতাধিক মানুষ আটক করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন