শামীমা রীতা : ‘ শুনছি নারায়ণগঞ্জে নাকি করোনা ভাইরাস ঢুইকা পড়ছে। এহন খালি বেতনটা পাইলেই যামুগা।’ কথাগুলো গার্মেন্ট শ্রমিক পারভীন বেগমের। পরিবার নিয়ে দেওভোগ দাতা সড়ক এলাকায় বসবাস। পারভীন বেগম জানান, ১৬ তারিখ বেতন দিব কারখানার থাইকা। পাইলেই পোলা-মাইয়া গো নিয়া রাইতেই জামালপুর রওনা দিমু। এই ঝামেলা শেষ হইলে তারপর আমু।
কি করমু মা কও , এনে তো কেউ মরলেও জিগায় না যে ঘরে খাওন আছেনি বা কেমন আছি। কোনো কামও নাই। খাওন চাইতে গেলেই খালি কার্ড দেহাইতে কয়। এডি কইত্তে পামু?
শুধু পারভীন বেগম নয় এরকম নানা সমস্যা নিয়ে লকডাউনকে ‘ডোন্ট কেয়ার’ করে রাতের আঁধারে নারায়ণগঞ্জ ছাড়ছেন জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ। এর অধিকাংশই দিনমজুর, গার্মেন্টস শ্রমিক। তাদের অভিযোগ, একদিকে করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্ক অন্যদিকে খাদ্যের অভাবে তাদের পরিবার নিয়ে বসবাস করা নারায়ণগঞ্জে কঠিন হয়ে পড়েছে। স্থানীয় ভোটার ছাড়া ত্রানের তালিকায় নাম দেওয়া হয় না বলেও অভিযোগ করে তারা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ দিনে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় সহ¯্রাধিক মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাতে লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন স্থান থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় ট্রাক,পিকআপ ও বাল্কহেডসহ ৪ শতাধিক নারী-পুরুষকে আটক করে পুলিশ। এ সময় তাদের বহনকৃত ৭টি পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেড আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই রাজশাহী, দিনাজপুর, রংপুর ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। অন্যদিকে শনিবার থেকে সোমবার পর্যন্ত এ তিনদিনে আরো ৫ শতাধিক মানুষ আটক করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ থেকে অন্য জেলাগুলোতে গিয়ে করোনা সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ ফেরত একাধিক নারী ও পুরুষের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনার ঘটেছে । বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল শরীয়তপুরে নারায়ণগঞ্জ ফেরত তিনজনসহ প্রথমবারের মতো চার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। ১৪ এপ্রিল লালমনিরহাটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি গত ৮ এপ্রিল
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে অপর ৮ শ্রমিকসহ সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন। নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা রাজমিস্ত্রির (৩১) শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এবার তার ৭ বছর বয়সী ছেলেও করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) তাঁরা নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরের গ্রামের বাড়িতে আসেন। এর আগে ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে আসা আরও ১ যুবক করোনায় আক্রান্ত, নীলফামারীতে নারায়ণগঞ্জ থেকে আসা একজন আক্রান্ত, নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে যাওয়া তিনজন করোনায় আক্রান্ত, একই দিন সিরাজগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ফেরা ৯৬ জন কোয়ারেন্টিনে, ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ফেনীতে ফিরে মৃত্যু , বাড়ি লকডাউন, নারায়ণগঞ্জ থেকে বরগুনা পালিয়ে এসে আটক ১০৯ জন , করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা গৃহবধূর মৃত্যু।
রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে ঢাকাসহ দেশের অন্তত ২১টি জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি কমিউনিটি সংক্রমণ হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, গত ৮ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ ৩৮ দিনে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে ডাক্তার, নার্স, সাংবাদিকসহ আক্রান্ত হয়েছে ১৮০ জন আর ৩০ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া প্রায় প্রতিদিনই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাচ্ছে একাধিক মানুষ।
নারায়ণগঞ্জ জেলাকে করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা অর্থাৎ রেড জোন (করোনা ক্লাস্টার) হিসেবে জানিয়েছে দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর ।
এদিকে গত ৭ এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়। শুক্রবার থেকে ঘোষণা করা হয়েছে, সন্ধ্যা ৬ টার পর বাড়ির বাইরে বেরুলেই নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।
কিন্তু নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন ঘোষণার পরেও কিভাবে মানুষ অন্যান্য জেলা ছড়িয়ে পড়ছে এ ব্যাপারে প্রশ্নবিদ্ধ হচ্ছে নারায়ণগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসন ব্যবস্থা।
তবে নারায়ণগঞ্জের প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন । ইতিমধ্যেই নারায়ণগঞ্জের সড়কপথ ও নৌ পথ বন্ধ করে দেয়া হয়েছে। বাইরে নারায়ণগঞ্জে মানুষ ঢুকতে দেয়া হচ্ছে না আবার বের হতেও দেয়া হচ্ছে না। উপজেলাগুলোতে ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসনের এর তথ্য মতে, নারায়ণগঞ্জের মোট জনসংখ্যা ৩১ লাখ ৫৭ হাজার ১৪ জন। এর মধ্যে নারায়ণগঞ্জের ভোটার সংখ্যা মাত্র ১৭ লাখ ২৫ হাজার ৫৮৯ জন। শিল্প নগরী হওয়ায় এ জেলায় ভাসমান লোকেদের সংখ্যা তুলনামূলকভাবে অধিক। এদের অধিকাংশই গার্মেন্টস শ্রমিক, রিকশা চালক, দিনমজুর । যারা মৌসুমভেদে নারায়ণগঞ্জে উপার্জনের জন্য ছুটে আসে।
নারায়ণগঞ্জ করোনা ভাইরাসে সংক্রমণ ঝুঁকিতে থাকায় লকডাউন ঘোষণার পর থেকে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাচ্ছে এ ভাসমান মানুষেরা। এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষ নারায়ণগঞ্জ ছেড়েছে। এখনও মানুষ রাতে অন্ধকারে ঝুঁকি নিয়ে সড়ক বা নৌ পথে পালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার রাতে লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন স্থান থেকে পালিয়ে যাওয়ার সময় ৭টি পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেডসহ প্রায় ৪ শতাধিক নারী-পুরুষকে আটক করে পুলিশ। আটককৃতদের অধিকাংশই রাজশাহী, দিনাজপুর, রংপুর ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টায় বাল্কহেডযোগে নদী পথে কিশোরগঞ্জে যাওয়ার পথে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ধাওয়া করে একটি ট্রলার ও একটি বাল্কহেডসহ ৭০ থেকে ৭৫ জন যাত্রী,ফতুল্লার টাগারপার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া ৩টি পিকআপসহ দেড় শতাধিক যাত্রী, মাউরাপট্টি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করা দুই শতাধিক যাত্রীসহ চারটি পিকআপ আটক করা হয়। একই সময় ফতুল্লার পঞ্চবটী থেকে কিশোরাগঞ্জ যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় প্রায় ৬০ জন যাত্রীসহ একটি ট্রাক আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আটককৃত সকল যাত্রীদের ফেরত এনে যার যার বাড়তে পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া আটককৃত গাড়িগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি জানান, আটককৃতদের সাথে কথা বলে জানা গেছে কাজকর্ম বন্ধ থাকায় খাবারের সমস্যা অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে তারা নারায়ণগঞ্জ ছাড়ছে।
এদিকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক বাসায় তালা ঝুলছে। কেউ আবার প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য। ‘গত ৬ তারিখে বেতন পাওয়ার পর পরই তিন মেয়ে নিয়ে ঠাঁকুরগাও চলে গেছে দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা রিকশা চালক নজরুলের স্ত্রী ফরিদা বেগম’। নজরুল মিয়া জানান, লকডাউন ঘোষণার আগেই বউ মাইয়াগো নিয়া চইলা গেছে। আমি কাল পরশু রওনা দিমু। শুনছি সব বন্ধ। তবুও সমস্যা হইবো না। লোক আছে,যাইতে পারমু।
মাসদাইর এলাকায় গিয়ে দেখা যায় বাড়িওয়ালা মানসুরা বেগমের বাড়ি পুরোটাই ফাঁকা। তিনি জানান, তার টিনশেডের ১০ টা ঘরই বিভিন্ন জেলা থেকে আগত গার্মেন্টস শ্রমিক, রিকশা চালকদের আবাসস্থল। কিন্তু করোনা ভাইরাস আসার পর থেকে তার বাড়ি খালি হতে শুরু করেছে। গতকালও তিনজন চলে গেছে। যে কয়েকজন আছে তারাও ১৬ তারিখ বেতন পাবার পর রওনা দিবে।
এদিকে নারায়ণগঞ্জের ভোটার না হওয়ায় ত্রান না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের। তাই খাদ্যভাবে ফিরে যেতে হচ্ছে নিজ জেলায়। সিদ্ধিরগঞ্জের আদমজীতে তুলার একটি কারখানার শ্রমিক বন্দর ঢাকেশ্বরী এলাকার বিধবা পুষ্পা রানী দাস জানান, গত এক সপ্তাহ যাবৎ কাউন্সিলরদের বাড়ি বাড়ি ঘুরে ত্রানের যোগাড় করতে পারি নাই। নারায়ণগঞ্জের ভোটার না হওয়ায় তালিকায় নাম উঠায় নাই। না খাইয়া কতদিন থাকবো? তাই বাড়ি চলে যাচ্ছি।
এদিকে নারায়ণগঞ্জ থেকে মানুষ পালিয়ে যাওয়ার ব্যাপারে নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা জানান, আমরা অভিযান চালিয়ে যাচ্ছি যাতে মানুষ ঘর থেকে বের হতে না পারে। প্রতিটি অলিগলিতে প্রতিদিন ম্যাজিস্টেটরা অভিযান চালাচ্ছে । তবুও মানুষ বের হয়ে যাচ্ছে।
তিনি আরো জানান, মূলত নারায়ণগঞ্জ ঘনবসতিপূর্ণ অঞ্চল। এ জেলার মূল জনসংখ্যার একটি অন্যতম অংশ শ্রমিক,দিনমজুর। গত ৪ তারিখ গার্মেন্টস খোলার যে বিষয়টি ছিল সে সময়টায় একটা বিরাট অংশ নারায়ণগঞ্জে চলে আসে। তারাই মূলত নারায়ণগঞ্জ ছাড়ছে। তবে লকডাউন ঘোষনার পর থেকে এর সংখ্যা খুব কম। যা গেছে তা সবই লকডাউন ঘোষণার আগেই চলে গেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, আমরা সড়কপথ, নৌ পথ বন্ধ করে দিয়েছি। আমরা শুরু থেকেই শক্ত অবস্থানে রয়েছি। লকাডাউন ঘোষণার পর থেকে আমরা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, নৌ পুলিশ, র্যাব সকলেই নিরাপত্তা আরো ব্যবস্থা জোরদার করেছি। প্রতিটি থানায় কমিটি গঠন করে দেয়া হয়েছে সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
তারপরেও মানুষ বিভিন্নভাবে বেরিয়ে যাচ্ছে। গত তিনদিনে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ মানুষ আমরা আটক করেছি। এখনও আটক হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে নারায়ণগঞ্জ থেকে মানুষ বের হয়ে অন্যজেলাগুলোতে ছড়িয়ে পড়তে না পারে।
এদিকে লকডাউন ঘোষণার পরও মানুষ অন্যজেলাগুলো ছড়িয়ে পড়ায় নারায়ণগঞ্জকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ প্রেস ব্রিফিংয়ে বলেছেন, নারায়ণগঞ্জকে উহানের মতো পুরোপুরি অবরুদ্ধ করে দিতে না পারলে এই জেলাটি হয়তো ‘টাইম বোমা’ কিংবা ‘সুপার স্প্রেডারে’ পরিণত হবে। কারণ একমাত্র নারায়ণগঞ্জ ক্লাস্টারেই কম সময়ের ব্যবধানে সংক্রমণের সংখ্যা অনেক বেড়ে গেছে।


