Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে ডাক্তার-সাংবাদিক-রাজনীতিক সবাই করোনায় আক্রান্ত হচ্ছেন!

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১১:৩২ পিএম

না’গঞ্জে ডাক্তার-সাংবাদিক-রাজনীতিক সবাই করোনায় আক্রান্ত হচ্ছেন!
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা থেকে নিস্তার পাচ্ছেনা কেউই। এভাবে সংক্রমিত হবে তা আগে থাকতে কেউই ঠাওর করতে পারেনি। বিশেষ করে নারায়ণগঞ্জবাসী। কোভিড-১৯ তান্ডব চালাচ্ছে পুরো বিশে^। করোনার বিধ্বংসী ভূমিকায় নারায়ণগঞ্জে। ৩৭ দিনের দিনের ব্যবধানে নারায়ণগঞ্জবাসী করোনা ভাইরাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। রেহাই পাচ্ছেনা কেউই। ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক, শ্রমিক, বৃদ্ধা, নারী, শিশু, মেডিকেলকর্মী সবাই আক্রান্ত হচ্ছেন। একের পর এক ঝরে যাচ্ছে প্রাণ। কোভিড-১৯’র তান্ডবে ভীতসন্ত্রস্ত্র হয়েও পরিত্রাণের কোন উপায়ন্তর পাচ্ছেনা নারায়ণগঞ্জবাসী। করোনার উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়েছেন এমন সংবাদও ভেসে আসছে। ১৪ এপ্রিল অবধি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬৪, মুত্যুর সংখ্যা ১৩।

 

১৪ এপ্রিল নারায়ণগঞ্জবাসী জানতে পেরেছেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার শাখার সভাপতি কমরেড হাফিজুল ইসলাম এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপু করোনায় আক্রান্ত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকও যে করোনার ছোবল থেকে রেহাই পাননা, এক সাংবাদিক আক্রান্তের ঘটনায় এটি অন্যদের মাঝেও ভীতির সঞ্চার করেছে।

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জে করোনার ভয়াবহ পরিস্থিতি থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ। নারায়ণগঞ্জে করোনা কমিউনিটি ট্রান্সমিশন দ্রুত ও সর্বপর্যায়ে হওয়ায়  সবচাইতে বেশি ঝুঁকিতে আছেন তারা। তাই করোনার নমুনা পরীক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অগ্রাধিকার দিয়ে বিশেষ সুবিধা প্রদানের দাবি জানান তিনি। 
করোনা থেকে মুক্ত নন রাজনীতিবিদরাও। হাফিজুল ইসলাম একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি করোনায় আক্রান্তের আগ পর্যন্ত সাধারণ মানুষের মাঝে খাদ্যবিতরণ ও সচেতনতা তৈরি করে আসছিলেন।  তারা প্রত্যেকেই ডাক্তারের পরামর্শে আইসোলেশনে আছেন এবং ডাক্তারের উপদেশ মেনে চলছেন। করোনায় ৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার স্ত্রী, কন্যাও করোনায় আক্রান্ত হয়েছেন।  


মানুষ অসুস্থ হলে প্রাণপন সেবা দিয়ে যে ডাক্তার তাকে সুস্থ্য করে তোলেন, তারাও করোনার ভয়াল থাবা থেকে নিস্তার পাচ্ছেননা। নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহিদুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা.শাহনেওয়াজ চৌধুরী, তাঁর মেয়ে ডা.ইসক্লেরা, জামাতা ডা.মুন্না, নারয়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা.মিনারা শিকদার, একই হাসপাতালের মেডিসিন কনসালটেন্টসহ ভিক্টোরিয়া হাসপাতালেরও চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কর্মীরাও আক্রান্ত হচ্ছেন। করেনায় আক্রান্ত হয়ে মানুষের চিকিৎসা নেয়ার পথও যেন সরু হয়ে আসছে সামনে।


মরনব্যাধি করোনা যেন কোভিড-১৯ যেন নারায়ণগঞ্জের উপর চেপে বসেছে। বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে লাখ ছাড়িয়েছে। গত ৮ মার্চ দেশে যখন প্রথম করোনা রোগী ধরা পড়ল, যার মধ্যে দুইজন ছিল নারায়ণগঞ্জের। কেউ চিন্তাও করতে পারেনি নারায়ণগঞ্জবাসীর উপর এভাবে চেপে বসবে করোনা। এপ্রিলের শুরু থেকেই করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মৃত্যুর মিছিল হতে শুরু করেছে। একের পর এক ঝরে যাচ্ছে প্রাণ, বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যাও। ১৪ এপ্রিল পর্যন্ত করোনায় নারায়ণগঞ্জে ১৩ জনের প্রাণহানির কথা জানা গেছে।

 

লকডাউন করে, করোনার ক্লাস্টার এরিয়া, হটস্পট বলেও নারায়ণগঞ্জে করোনাকে রুখে দেওয়ার সময়পোযোগী সিদ্ধান্ত না আসায় ভীতসন্ত্রস্ত পুরো নারায়ণগঞ্জবাসী। কমিউনিটি ট্রান্সমিশন কিছুতেই ঠেকানো যাচ্ছেনা। এখনো এই জেলায় বেতনভাতার দাবিতে গার্মেন্ট শ্রমিকরা সামাজিক দুরুত্ব না মেনে রাস্তায়, গার্মেন্টের সামনে বিক্ষোভ করেন, এখনো জেলায় ত্রাণবঞ্চিত হয়েছেন এমন দাবি করে বিভিন্ন পাড়া মহল্লায় মিছিল বেঁধে বিক্ষোভ করেন, কাঁচাবাজারগুলোতেও মানা হয়না সামাজিক দুরুত্ব। পাড়া-মহল্লা, অলি-গলিতে মানুষের আড্ডাবাজি আর কারণ ছাড়া ঘুরে বেড়ানো রুখে দেয়া যায়নি। করোনার কমিউনিটি ট্রান্সমিশনের জন্য শীর্ষে থাকা নারায়ণগঞ্জে এখনো করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা যায়নি, পুরোপুরি তৈরি হয়নি ভেন্টিলেশন ও আইসিইউ সুবিধা সম্বলিত করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। যদিও বলা হচ্ছে খানপুর তিনশ শয্যা হাসপাতালটিই করোনা রোগীদের জন্যই। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পুরো সেবা দেয়ার যথেষ্ট যন্ত্রপাতি নেই তাদের। এসব ভেবে নারায়ণগঞ্জবাসী ও বোদ্ধা মহলেও চিন্তার ভাঁজ আরো গাঢ় হচ্ছে। সকলেরই একটাই প্রশ্ন, করোনার ছোবল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? তবে জবাব কোথাও হতেই আসেনা! 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন