না’গঞ্জে করোনার ভয়াল থাবা, একদিনে সর্বোচ্চ ৩৭ জন আক্রান্ত
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১২:১৯ এএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সারা দেশেই নারায়ণগঞ্জকে দেখা হচ্ছে করোনার সবচাইতে হটস্পট। বলা হচ্ছে কখনো ক্লাস্টার এরিয়া আবার কখনো কমিউনিটি ট্রান্সমিশনের আখড়া হিসেবে। ৭ এপ্রিল লকডাউনকরাসহ সরকারি দফতর থেকে নানা উদ্যোগ নেয়া হলেও প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ৮ মার্চ সারাদেশে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়, এরমধ্যে ২ জন ছিলো নারায়ণগঞ্জের। করোনার ভয়াল থাবায় নারায়ণগঞ্জে গত ৩০ মার্চ বন্দরের জিএ রোডে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়।
১৩ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার এক নারীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকে ১২ তে। এদিন অবশ্য পুরো জেলায় আক্রান্তের সংখ্যাও রেকর্ড গড়ে। আইইডিসিআরের তথ্যানুসারে, এদিন ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এরআগের দিন ১২ এপ্রিল পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২৪ জনসহ করোনায় মোট আক্রান্ত হয়েছিলেন মোট ১০৭ জন। তবে এদিন দুইজনের মৃত্যু ঘটে। ১২ এপ্রিল দেওভোগের পাক্কা রোডের খানকা গলিতে এক ব্যক্তি ও ফতুল্লার ইসদাইরের এক নারীর মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১০। এর একদিন আগে ১১ এপ্রিল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন ৮ জনসহ আক্রান্তের মোট সংখ্যা ছিল ৮৩ জন। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের কেউ মৃত্যুবরণ করেননি।
১০ এপ্রিল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন ১৬জনসহ মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ জন। এদিনও কেউ করোনায় আক্রান্ত হয়ে মুত্যুর খবর পাওয়া যায়নি। ৯ এপ্রিল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন ১৩জনসহ মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৯ জনে। ৯ এপ্রিল ফতুল্লার সস্তাপুরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখা দাঁড়ায় ৯। ৮ এপ্রিল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় জেলায় নতুন ৮জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪৬ জনে। তবে ৮ এপ্রিল সিদ্ধিরগগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৮। ৭ এপ্রিল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় জেলায় নতুন ২৭ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৮জনে। ৭ এপ্রিল দেওভোগে একজন গিটারিস্টের মৃত্যু হয়। করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৭।
৬ এপ্রিল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় জেলায় নতুন ৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১১ জনে। ৬ এপ্রিল শীতলক্ষ্যা এলাকায় একজন এবং চাষাঢ়ার মাসুদা প্লাজার মালিকের মৃত্যু হয়। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬। ৫ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬ জনে। ৫ এপ্রিল শহরের জামতলায় একজন ও দেওভোগ আখড়া এলাকায় আরেকজনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৪ জনে।
এর একদিন আগে ৪ এপ্রিল এক আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বাংলাবাজার এলাকায়। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি মৃত্যুবরণ করেন। দেশে করোনা আক্রান্ত হওয়ার ঘটনার মাসে ৩০ মার্চ বন্দরের জিএ রোডে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়। সেটিই ছিল নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।


