না’গঞ্জে জেকেজি’র করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের ৮ বুথ
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১০:১৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : দেশজুড়ে কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করতে দক্ষিণ কোরিয়ার মডেলে বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ শুরু হয়েছে সারা বাংলাদেশে। সারাদেশে এরকম ৩২০টি বুথ স্থাপন করতে যাচ্ছে জেকেজি হেলথ কেয়ার নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় তাঁরা এ কাজ করছেন। বুথগুলোর মধ্যে ৮টি ঢাকায় এবং ৮টি নারায়ণগঞ্জে এবং বাকিগুলো অন্যান্য বিভাগে স্থাপন করা হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমডব্লিউ স্কুলে এবং নারায়ণগঞ্জ হাইস্কুলে বুথ তৈরির কাজ সোমবারের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার বুথ হচ্ছে বলে নারায়ণগঞ্জবাসীকে জানান। মঙ্গলবার থেকে সবঠিকঠাক থাকলে নমুনা সংগ্রহের কাজ শুরু হবে।
জেকেজি হেলথ কেয়ারের আহবায়ক ড. সাবরিনা আরিফ চৌধুরী গণমাধ্যমকে জানান ‘মোট ৩২০টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করতে উদ্যোগ নেয়া হয়েছে এবং সোমবার থেকেই কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে।’
তিনি জানান, ‘দক্ষিণ কোরিয়ার মডেল অনুসরণ করে আমরা দেশজুড়ে পর্যায়ক্রমে মোট ৩২০টি বুথ স্থাপন করতে উদ্যোগ নিয়েছি।’
কাঁচে ঘেরা কেবিনের মতো দেখতে নমুনা সংগ্রহ বুথটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে স্বাস্থ্যকর্মীরা যেখানে অবস্থান করেন সেখানকার পরিবেশ সবসময় জীবাণুমুক্ত থাকে। স্বাস্থ্যকর্মীরা বুথের বাইরে দাঁড়ানো মানুষের শরীর থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন এর সঙ্গে থাকা গ্লাভস দিয়ে। ফলে তারা থাকেন পুরোপুরি নিরাপদ।
কর্মকর্তাদের মতে, প্রতিবার নমুনা সংগ্রহের পর গ্লাভস এবং যে চেয়ারে নমুনা সংগ্রহ করা হলো তা জীবাণুমুক্ত করা হবে।
ডা. সাবরিনা বলেন, ‘এই বুথগুলো স্থাপন করা হবে স্কুল বা কলেজ প্রাঙ্গণে। সেখানে অনেক মানুষের মধ্য থেকে স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালকে সুরক্ষিত রাখবে এই পদ্ধতি।’
প্রসঙ্গত, সারা দেশেই নারায়ণগঞ্জকে দেখা হচ্ছে করেনার সবচাইতে হটস্পট। বলা হচ্ছে কখনো ক্লাস্টার এরিয়া আবার কখনো কমিউনিটি ট্রান্সমিশনের আখড়া হিসেবে। সরকারি দফতর থেকে নানা উদ্যোগ নেয়া হলেও প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ১৩ এপ্রিল পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় দেড়শ ছুইছুই, সাথে করোনার কাছে দুই সপ্তাহে হার মেনে প্রাণ দিতে হয়েছে ১২ জনের।


