Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে করোনায় মৃত্যুর মিছিল, দুই সপ্তাহে প্রাণ গেল ১২ জনের

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৭:৪৩ পিএম

না’গঞ্জে করোনায় মৃত্যুর মিছিল, দুই সপ্তাহে প্রাণ গেল ১২ জনের
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : মরনব্যাধি করোনা যেন কোভিড-১৯ যেন নারায়ণগঞ্জের উপর চেপে বসেছে। বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে লাখ ছাড়িয়েছে। গত ৮ মার্চ দেশে যখন প্রথম করোনা রোগী ধরা পড়ল, যার মধ্যে দুইজন ছিল নারায়ণগঞ্জের। কেউ চিন্তাও করতে পারেনি নারায়ণগঞ্জবাসীর উপর এভাবে চেপে বসবে করোনা। এপ্রিলের শুরু থেকেই করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মৃত্যুর মিছিল হতে শুরু করেছে। একের পর এক ঝরে যাচ্ছে প্রাণ, বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যাও। ১৩ এপ্রিল পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় দেড়শ ছুইছুই, সাথে করোনার কাছে দুই সপ্তাহে হার মেনে প্রাণ দিতে হয়েছে ১২ জনের। লকডাউন-ক্ষুধাকে ছাপিয়ে নারায়ণগঞ্জবাসীর জন্য করোনা এখন শুধু আতঙ্কের নাম। করোনার থাবায় একের পর এক প্রাণহানি পুরো জেলার মানুষকে শঙ্কিত ও ভীত করে তুলছে। সারা দেশেই নারায়ণগঞ্জকে দেখা হচ্ছে দেশের সবচাইতে হটস্পট। বলা হচ্ছে কখনো ক্লাস্টার এরিয়া আবার কখনো কমিউনিটি ট্রান্সমিশনের আখড়া হিসেবে। সরকারি দফতর থেকে নানা উদ্যোগ নেয়া হলেও প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

 

উদ্বেগের বিষয়, মানুষ অসুস্থ হলে প্রাণপন সেবা দিয়ে যে ডাক্তার তাকে সুস্থ্য করে তোলেন, তারাও করোনার ভয়াল থাবা থেকে নিস্তার পাচ্ছেননা। নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহিদুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা.শাহনেওয়াজ চৌধুরী, তাঁর মেয়ে ডা.ইসক্লেরা, জামাতা ডা.মুন্না, নারয়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা.মিনারা শিকদার, একই হাসপাতালের মেডিসিন কনসালটেন্টসহ ভিক্টোরিয়া হাসপাতালেরও চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কর্মীরাও আক্রান্ত হচ্ছেন। করেনায় আক্রান্ত হয়ে মানুষের চিকিৎসা নেয়ার পথও যেন সরু হয়ে আসছে সামনে।

 

করোনার ভয়াল থাবায় প্রথমে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরের জিএ রোডে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়। পরে ৪ এপ্রিল এক আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বাংলাবাজার এলাকায়। এরপর ৫ এপ্রিল শহরের জামতলায় একজন ও দেওভোগ আখড়া এলাকায় আরেকজনের মৃত্যু হয়। এর একদিন পর ৬ এপ্রিল শীতলক্ষ্যা এলাকায় একজন এবং চাষাঢ়ার মাসুদা প্লাজার মালিকের মৃত্যু হয়। ৭ এপ্রিল দেওভোগে একজন গিটারিস্টের মৃত্যু হয়। ৮ এপ্রিল সিদ্ধিরগগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি এবং ৯ এপ্রিল ফতুল্লার সস্তাপুরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ১২ এপ্রিল দেওভোগের পাক্কা রোডের খানকা গলিতে এক ব্যক্তি ও ফতুল্লার ইসদাইরের এক নারীর মৃত্যু হয়। সর্বশেষ ১৩ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার এক নারীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

 

করোনার ভয়াল থাবা থেকে নারায়ণগঞ্জের মানুষকে বাঁচাতে একের পর এক সরকার নানা পদক্ষেপ নিচ্ছেন। ইতিমধ্যে ৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল হিসেবে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে প্রস্তত করা হচ্ছে। সোমবার থেকে প্রাথমিকবাবে ৫ জন করোনা রোগী এখান থেকে সেবা নিয়েছেন। যদিও পুরোদমে করোনা আক্রান্ত আইসোলেশন রোগীকে সেবা দিতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটি বেসরকারি এনজিও’র মাধ্যমে নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের এম ডাব্লিউ স্কুলে ৬টি বুথ তৈরি করা হচ্ছে, যেখান থেকে করোনা সন্দেহ রোগীদের নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া বেসরকারি ক্লিনিক মালিকরাও সাড়া করোনা রোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন তিনটি মেডিকেল টিম তৈরি করে দিয়েছেন করোনা আক্রান্ত রোগীর সেবার জন্য। এছাড়া নারায়গঞ্জ্ জেলার স্বাচিপ ও বিএমএ নেতৃবৃন্দও এগিয়ে এসেছেন করোনা থেকে নারায়ণগঞ্জবাসীকে বাঁচানোর জন্য। শ্রমিক অধ্যুষিত ও অত্যন্ত ঘনবসতি নারায়ণগঞ্জের মানুষের কাছে করোনার পাশাপাশি হুমকি হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা। এই জেলায় লাখ লাখ ভাসমান মানুষ রয়েছে। করোনা থেকে বাঁচাতে আসছেন চিকিৎসকরা, তারাই এখন মূল যোদ্ধার ভূমিকায়। বুক চিতিয়ে লড়ছে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, প্রশাসনের সদস্যরা। করেনার মতো ত্রাস হয়ে ওঠার হুমকি দিয়ে রাখা সাধারণ মানুষের পেটের ক্ষুধা থেকে মানুষকে বাঁচাতে এখনই কি এগিয়ে আসার সেরা সময় নয়, বিত্তবানদের জন্য? 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন