না.গঞ্জে করোনায় প্রতিদিন গড়ে আক্রান্ত ২ জন,৮ দিনে গড়ে মৃত্যু ১
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১০:৩৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রতিদিনই নারায়ণগঞ্জে বেড়ে চলেছে আক্রান্ত রোগী সংখ্যা। নারায়ণগঞ্জে গড়ে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে ২ জন করে। আর মৃত্যু হচ্ছে ১ জনের।
আইইডিসিআর ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শুক্রবার পর্যন্ত নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছে ১৬ জন আর মারা গেছেন ২ জন। এ পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সর্বমোট ৭৫ জন আর মৃত্যু হয়েছে ৮ জনের।
আইইডিসিআরের প্রকাশিত তথ্যানুসারে গত ৮ মার্চ নারায়ণগঞ্জে বাংলাদেশে প্রথম দুই করোনা রোগী শনাক্ত হয়। আর নারায়ণগঞ্জের করোনায় প্রথম মৃত্যু হয় ৩০ মার্চ। যা ২ এপ্রিল নিশ্চিত করা হয়।
গত ৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ ৩৩ দিনে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে ডাক্তার, নার্সসহ আক্রান্ত হয়েছে ৭৫ জন আর মৃত্যু হয়েছে ৮জনের। সে হিসেবে নারায়ণগঞ্জে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ২ জন করে । অন্যদিকে গত ২ এপ্রিল নারায়ণগঞ্জে প্রথম করোনা ভাইরাসে মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকে ১০ এপ্রিল পর্যন্ত মাত্র ৮ দিনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। সে হিসেবে ২ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জে প্রতিদিন গড়ে ১ জন করে মারা যাচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলাকে করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা অর্থাৎ রেড জোন (করোনা ক্লাস্টার) হিসেবে জানিয়েছে দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর । এরপর গত ৭ এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়। শুক্রবার থেকে ঘোষণা করা হয়েছে, সন্ধ্যা ৬ টার পর বাড়ির বাইরে বেরুলেই নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।
তথ্য সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল করোনায় মৃত্যুর প্রকাশিত হওয়ার পর থেকেই ক্রমান্নয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমান্নয়ে বেড়েই চলেছে। এখনই মানুষ সচেতন না হলে এর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
করোনা ভাইরাসে সবচেয়ে মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া যায় ৭ এপ্রিল। করোনা সন্দেহে ১২ ঘণ্টা লাশ বাড়ি সামনের রাস্তায় পড়ে থাকে গিটারিস্ট হিরুর লিসানের (৩০) নামে এক যুবকের। তবে শুক্রবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জে জ¦র,ঠান্ডা,শ^াসকষ্ট নিয়ে মারা যাওয়া করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো বলে জানিয়েছেন জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
জানা যায়, গত ২৬ মার্চ থেকে জ্বর, ঠান্ডা, গলা ব্যাথা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত সোমবার রাত ১টায় শহরের দেওভোগ চেয়ারম্যান বাড়ি (কৃষ্ণচূড়া মোড়) এলাকায় তার বাড়িতে জ্বর, ঠান্ডা ও শ^াসকষ্টে তার মৃত্যু হয়। পরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ১২ ঘন্টা বাড়ির সামনে তার মরদেহ ফেলে রাখার পর জেলা সিভিল সার্জন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বেলা সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার এক ব্যবসায়ীর। ৭ এপ্রিল মঙ্গলবার শহরের চাষাঢ়া মাসুদা প্লাজার মালিক চৌধুরী মুহাম্মদ হাসানের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায় এর আগে সোমবার রাত ১২টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান।
৬ এপ্রিল দুপুর সোয়া ১টায় রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক আহমেদ (৫৫)। ফারুক আহমেদ নারায়ণগঞ্জ শহরের ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় বসবাস করতেন। জানা যায়, কিছুদিন পূর্বে করোনা উপসর্গ দেখা দেয় তার। পরে শুক্রবার তাকে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ এসেছে।
গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে জামতলা হাজী ব্রাদার্স রোড এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন (৬০) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গিয়াসউদ্দিনের পরিবারের বরাতে নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, গত ৪ এপ্রিল অসুস্থবোধ করায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৫ এপ্রিল বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
গত ৪ এপ্রিল সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় আমবাগান (সুচিন্তানগর) এলাকার বাসিন্দা আবু সাইদ মাতবর (৫৫)। মৃতের ছেলে মেহেদী হাসান রবিন বলেন, গত দুই দিন যাবৎ তার শ্বাসকষ্ট ও কাশি ছিল। প্রথমে তাকে ঢাকার মিডফোর্ডে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করলে শনিবার সকাল ৯টায় বাবা মারা যান। পরে আইইডিসিআর থেকে লোকজন এসে পরীক্ষা করে তার করোনার পজেটিভ এর বিষয়টি জানায়।
একইদিন ৪ এপ্রিল রাতে মারা যান দেওভোগ আখড়া মোড় এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন ঘোষ (৫৮)। চিত্ত ঘোষ শনিবার রাত ১০টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চিত্ত ঘোষের ভাতিজা সঞ্জয় ঘোষ জানান, গত ২৭ মার্চ থেকে জ্বর, কাশি ছিল তার চাচার। পরে শ্বাসকষ্ট শুরু হয়। শুক্রবার সারাদিন নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করলেও কোনো হাসপাতালেই তাকে ভর্তি নিতে রাজি হয়নি। উপায় না দেখে রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। করোনা উপসর্গ থাকায় পরদিন সকালে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। শনিবার রাত ১০টায় চিত্ত ঘোষ মারা যান। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ আসে।
৩০ মার্চ নারায়ণগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী পুতুল (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডের রসূলবাগ এলাকায় বসবাসরত করোনা আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান। জানা যায়, শ্বাসকষ্টসহ নানা সমস্যা নিয়ে ওই নারী প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় যাওয়ার পরামর্শ দিলে ঢাকায় না গিয়ে বাড়ি চলে যায়। পরে অবস্থা বেগতিক হলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মার্চ তার মৃত্যু হয়। পরে ঐ নারীর নমুনা পরীক্ষা করে তার দেহে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় গণ সচেতনতা প্রয়োজন বলে মনে করেন নারায়ণগঞ্জের করোনা বিষয়ক ফোকাল পারর্সন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম। তিনি জানান, করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে বাধ্যতামূলকভাবে ঘরে থাকতে হবে। পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
জেলা সিভিল সার্জন ডা. মো.ইমতিয়াজ জানান, এ সময়ে ঘরে থাকার বিকল্প নেই। একেবারে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের না হওয়াই ভালো।


