ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান মেয়র আইভী’র (অডিও)
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৮:৪৬ পিএম
বিশেষ প্রতিনিধি : ধৈর্যের সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবেলা করার তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেছেন,এ মূর্হুতে প্রশাসনসহ সকলের উচিত মিলেমিশে কাজ করা। পরিস্থিতি বিবেচনায় নারায়ণগঞ্জের জন্য সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
যুগের চিন্তাকে মেয়র আইভী বলেছেন, জন অধ্যুষিত নারায়ণগঞ্জে নানা জেলার মানুষের বসবাস। জনবহুল এলাকার পাশাপাশি বিপুল সংখ্যক শ্রমিক বসবাস করে এই জেলায়। করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। আমরা চেষ্টা করছি তা নিয়ন্ত্রণে রাখার।
তিনি বলেন,এই পরিস্থিতিতে আমরা যতটুকু ভূমিকা নেয়ার কথা ছিলো আমি তার চেয়ে বেশি করছি। আপনি জানেন বাংলাদেশের মেয়রদের কতটুকু ক্ষমতা আছে। আমি চাইলেও অনেক কিছু করতে পারিনা।
খতিয়ে দেখুন প্রশাসন যতটুকু সহযোগীতা করার কথা কতটুকু সহযোগীতা করছে। মেয়র চাইলেতো সিটি লক ডাউন করে দিতে পারেনা। আমাদেরতো ওই রকম পাওয়ার নেই।
আমরা সীমাবদ্ধতার মধ্যে থেকে আমর সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলররা কাজ করছে,দিনরাত পরিশ্রম করছে কর্মকর্তা-কর্মচারীরা। আমাদের সিটি ওয়াস করা থেকে শুরু করে চাল-ডাল বিতরণ সবকিছু করছে সিটি কর্পোরেশন।
বাংলাদেশের অন্য সিটি কর্পোরেশনে কী হচ্ছে আর নারায়ণগঞ্জে কী হচ্ছে একবার খোঁজ নিয়ে দেখুন। সিটি কর্পোরেশনের উপর প্রচন্ড চাপ। আমাদের সিভিল সার্জন মহানগরের দায়িত্ব নিবেননা বলে দিয়েছেন।
আমাকে তিনটি মেডিক্যাল টিম করে দিতে হয়েছে। তিনি বলেন, সমস্ত প্রেসার সিটি কর্পোরেশনের উপর দেয়া হলে, এটা কী পসিবল ? তারপরও আমরা কাজ করছি, সকল পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে কাজ করছেন। সবাই মিলে আমরা কাজ করবো। আমাদের চাওয়া অনুযায়ী লকডাউন করেছে সরকার।
বর্তমান পরিস্থিতিতে লক ডাউন সমাধান মনে করছেন কী ? এমন প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন,আমিতো এখানে একা না। অন্যরা কী ভাবছেন তা দেখার বিষয়। হয়তো পরিস্থিতি খারাপ হলে সরকার আরো কঠিন পদক্ষেপে যাবে।
সরকারের নির্দেশনা মেনে চলতে সকল নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন মেয়র আইভী। তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী বাড়িতে থাকবে। লকডাউনে থাকবে এবং সরকারি নির্দেশনা মেনে চলবে।
জনগণের সহযোগীতা ছাড়া এ পরিস্থিতি মোকাবেলা সহজ নয় বলে মনে করেন তিনি। ঘরে অবস্থানকালে সবসময় গরম গরম খাবার খাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
মেয়র আইভী বলেন, যারা রিলিফ পাওয়ার যোগ্য তাদের রিলিফ ঘরেই পৌঁছে দেয়া হচ্ছে। এমন কিছু হয়ে যায়নি নারায়ণগঞ্জের মানুষ ৭দিন না খেয়ে থাকবে। ধৈর্য্য ধরে সহযোগীতা করলে এই পরিস্থিতি উত্তোরন সম্ভব বলে মনে করেন তিনি।
নারায়ণগঞ্জের খানপুর তিনশ’ শয্যা হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের জন্য বিশেষভাবে প্রস্তুতের পাশাপাশি দ্রুততম সময়ে শহরে একটি ল্যাব স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি মোকাবেলায় তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। এরমধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
আইইডিসিআর এর তথ্যমতে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। নতুন করে মারা গেছেন আরো একজন।


