স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগগঞ্জে খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল কর্মী সেলিম আকন্দ (২৭) নামে ওই যুবকের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। শুক্রবার (১০ এপ্রিল) ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মো.সামসুদ্দোহা সরকার সঞ্চয় এ তথ্য নিশ্চিত করেন।
ডাঃ মোঃ সামসুদ্দোহা সরকার সঞ্চয় জানান, মেডিকেল কর্মী সেলিম আকন্দ এ হাসপাতালে ইন্টার্নশিপ করছিলো। সে কোনো আইসোলেশন ইউনিটে কাজ করেনি। প্রচারিত তথ্যে ভুল ভ্রান্তি রয়েছে। সে আইশোলেশন ইউনিটে নয় আমাদের হাসপাতালের ফ্লু কর্নার (জ¦র, ঠান্ডা, কাশি রোগীদের জন্য প্রযোজ্য) এ দুই দিন দায়িত্ব পালন করেছিলো । পরে সে ছুটি নিয়ে বাড়ি চলে যায়। সেখানেই তার মৃত্যু হয়। তবে তার করোনায় মৃত্যু হয়নি। তার মৃত্যুর পর তার ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। সকলের ফলাফলই নেগেটিভ এসেছে।
তিনি আরো জানান, আমি কাপাসিয়া উপজেলার ইউএনও ও স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা আমাকে কাগজপত্রগুলো পাঠালে আমি আগামীকাল এ ব্যাপারে অফিসিয়ালি ব্রিফিং দেব।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামে তার মৃত্যু হয়। মৃত সেলিম আকন্দ উলুসারা গ্রামের সুরুজ আলীর ছেলে। তাঁর পরিবার সূত্রে জানা যায়, ঢাকার একটি নার্সিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে মেডিকেল কর্মী (নার্স) হিসেবে চাকরি করতো সেলিম আকন্দ। পরে সে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ইন্টার্নিশিপ করছিলো। সারাদেশে করোনা বাড়তে থাকায় সম্প্রতি সে নারায়ণগঞ্জ থেকে চাকরি ছেড়ে গ্রামের বাড়ি চলে আসে।
সেলিম আকন্দের বোন তাহমিনা আক্তার জানান, ঘটনার দিন সে নিজের হাতে বাজার করে। সন্ধ্যায় বাবার সাথে খাওয়া দাওয়া শেষ করে খবর দেখে ঘুমাতে যায়। পরে রাত ১২টার দিকে তার গোঙানীর শব্দ শুনে গিয়ে দেখতে পাই সে বিছানায় পড়ে আছে। গিয়ে ধরতে ধরতে সে মারা যায়। ডাক্তার বলেছে ‘ভাইয়া উচ্চরক্তচাপের কারণে মারা গেছে। তবে তাঁর কোনো জ্বর বা সর্দিকাশি ছিল না এবং শারীরিক কোনো সমস্যাও ছিলো না।
এদিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় নি। আমরা সেলিমের মৃত্যুর পর তার ও তার পরিবারের নমুনা সংগ্রহ করে আইইডিসিইআর এ পাঠিয়েছিলাম। সকলের ফলাফলই নেগেটিভ এসেছে।


