করোনা আইসোলেশন রোগীদের চিকিৎসা কেন্দ্র হবে খানপুর হাসপাতাল
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১০:১৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি করোনা আইসোলেশন রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির চিকিৎসা তত্ত্ববধায়ক ডা. গৌতম রায় ৯ এপ্রিল এক অফিস আদেশে হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারীদের জানিয়েছেন।
আদেশে ডা. গৌতম রায় বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় টেলিফোনে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে করোনা আইসোলেশন রোগীদের চিকিৎসাকেন্দ্র হিসেবে প্রস্তুত করারা নির্দেশের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (হাসপাতালটির) সকাল কর্মকর্তা-কর্মচারীগণকে কর্মস্থল অথবা কর্মস্থলের আশেপাশে অবস্থান করাসহ সকলের মোবাইল ফোন সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে ঢাকার পরেই অবস্থান করছে। সরকারি হিসেবে নারায়ণগঞ্জে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন। আক্রান্ত হয়েছেন সর্বমোট ৫৯ জন। ইতিমধ্যে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
আইইডিসিআর বলছে, নারায়ণগঞ্জ জেলাকে করোনা ভাইরাসের জন্য হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। তাই নারায়ণগঞ্জকে নিয়ে বিশেষ পদক্ষেপ নিয়ে কাজ করছেন তারা। এখন নারায়ণগঞ্জকে অন্য জেলা থেকে আলাদা করা হয়েছে। আর নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত করে গড়ে তোলা হচ্ছে।’


