Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ, নেয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৭:১১ পিএম

করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ, নেয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা । 

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, বিভিন্ন জেলায় এখন রোগী শনাক্ত হচ্ছে, সংক্রমণ ছড়াচ্ছে। আমরা এখন লক্ষ্য করছি,  দেশের বিভিন্ন জেলায় এখন যে সবরোগী পাচ্ছি তারা ওইসব ক্লাস্টারভুক্ত এলাকা  থেকে গিয়েছে। অনেকগুলো জেলায় যখন রোগীর সঙ্গে কথা হয়েছে তখন তারা বলেছে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এ তথ্য থেকে বোঝা যায়। আমাদের কতটুকু ঘরে থাকা প্রয়োজন। 

 

সেব্রিনা ফ্লোরা বলেন, এ পর্যন্ত যত রোগী আমরা পেয়েছি। তাদের বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের সংক্রমণ হওয়ার প্রথম জায়গাটা জনসমাগম। তাই যেকোনো ধরনের জনসমাগম, অপরিচিত জায়গা এড়িয়ে চলতে হবে। আমাদের ঘরে থাকতে হবে।

 

তিনি বলেন, ২৬ মার্চ থেকে আমাদের যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেই ছুটি, ছুটি হিসেবে নিলে চলবে না। এই ছুটি প্রধানমন্ত্রী দিয়েছেন শুধু ঘরে থাকার জন্য।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলাকে করোনা ভাইরাসের জন্য হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ পদক্ষেপ নিয়ে কাজ করছি। এখন নারায়ণগঞ্জকে অন্য জেলা থেকে আলাদা করা হয়েছে।’

 

তিনি বলেন, নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হওয়া ১১২ জনের মধ্যে রাজধানী ঢাকাতেই ৬২ জন শনাক্ত হয়েছে। বাকি সবাই ঢাকার বাইরে। এরমধ্যে নারায়ণগঞ্জের আছেন ১৩ জন।

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই করোনা ভাইরাস সংক্রমণের দিক ঢাকার পরেই অবস্থান করছে। সরকারি হিসেবে নারায়ণগঞ্জে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন। আক্রান্ত হয়েছেন সর্বমোট ৫৯ জন। ইতিমধ্যে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জের খানপুওে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত করে গড়ে তোলা হচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন