Logo
Logo
×

বিশেষ সংবাদ

মাস্কের কাপড় নিয়েও ঠকবাজি

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০২:৪০ পিএম

মাস্কের কাপড় নিয়েও ঠকবাজি
Swapno

শাহজাহান দোলন : সড়কে চলার পথে কিংবা যে কোন জায়গায় করোনাভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে মাস্কের ব্যবহার এখন জরুরী হয়ে পড়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে মাস্ক ব্যবহারে  করোনা থেকে বাঁচার কোন উপায় নেই। তবুও বাংলাদেশে করোনা আতঙ্ক শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন মাস্কের বিক্রি হু হু করে বেড়েছে । 


মানুষ এখনো পাগলের মতো মাস্কের খোঁজ করেন। তাই চাহিদা বেড়ে যাওয়াতে নারায়ণগঞ্জের দেশীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান (হোসিয়ারী) এখন মাস্ক তৈরীতে ব্যস্ত। পাশাপাশি পাড়া-মহল্লার ক্ষুদ্র হোসিয়ারী ব্যবসায়ী এবং দর্জিরাও মেতেছেন মাস্ক তৈরীতে। তবে প্রতিদিন এই শহরে হাজার হাজার ডজন মাস্ক তৈরী হলেও প্রত্যাশিতভাবে এর দাম কমছেনা।

কিন্তু কেন, এতো এতো উৎপাদন হওয়ার পরও মাস্কের দাম কমছেনা? এই প্রশ্নের উত্তর এসেছে ব্যবসায়ীদের কাছ থেকেই। তাঁদের মতে, করোনাভাইরাসকে পুঁজি করে কিছু চাল ব্যবসায়ী যেমন চাল নিয়ে সারাদেশে চালবাজি করে বাড়িয়েছে চালের দাম। ঠিক তেমনি মাস্কের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু থানকাপড় ব্যবসায়ী (মাস্কের কাঁচামাল বিক্রেতা) এই কাপড় নিয়ে ঠকবাজি শুরু করেছে। 

মুনাফালোভী এসব মাস্কের কাপড় বিক্রেতারা প্রতি গজ কাপড় ১০০ থেকে ১৫০ টাকায় ক্রয় করলেও হোসিয়ারীর মালিকদের কাছে (মাস্ক প্রস্তুত কারক) তা বিক্রি করছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। তাই অতিরিক্ত কাপড়ের মূল্যে উৎপাদন খরচ বেড়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই বেশি দামে মাস্ক বিক্রি করতে বাধ্য হচ্ছেন প্রস্তুতকারকরা।

তবে অনেকেই মনে করনে যে, নিয়মিত শহরের বিভিন্ন থান কাপড়ের দোকানে (যেখানে মাস্কের কাপড় বিক্রি হয়) মোবাইলকোর্ট পরিচালনা করা হলে, মাস্কের দাম অবশ্যই কমে যাবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়ামাটি এবং উকিলপাড়াসহ বেশ কয়েকটি কাপড়ের মার্কেটেই বিক্রি হচ্ছে মাস্কের কাপড়। 

এর মধ্যে প্রতিগজ এসি কটন ৩০০ থেকে ৩৫০, এসি নেট ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে এই কাপড়ের অধিক মূল্য নির্ধারনের বিষয়ে জানতে চাইলে তাঁরা প্রতিবেদককে প্রশাসনের লোক ভেবে দোকান ফেলে অন্যত্র চলে যান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন