যুগের চিন্তা রিপোর্ট : এক মিটার (তিন ফুট) দূরত্ব বজায় না রাখলে ৬ মাসের কারাদন্ড। এই আইনটি করেছে সিংগাপুর সরকার। করোনা সংক্রমণ ঠেকাতে সিংগাপুর নতুন আইন করেছে । সিংগাপুরের জনগণ আইনটিকে স্বাগত জানিয়েছেন। করোনা থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করতে এমন কঠোর নিয়ম নাগরিকদের মানতে বাধ্য করছে বিশ্বের বহুদেশ।
বাংলাদেশেও সামাজিক দূরত্ব বজায় রাখতে এমন নির্দেশনা দেয়া হয়েছে। অথচ কেউ তা মানছেন না। নিরাপত্তার প্রয়োজনে প্রশাসনের আদেশ-নির্দেশ না মানা কি কোনো সুনাগরিকের কাজ ? করোনভাইরাস থেকে রক্ষায় সামাজিক দূরত্ব বজায় রাখার দায়িত্ব নাগরিকদের।
কোনো নাগরিক সে দায়িত্ব পালন না করে আত্মঘাতী আচরণ করলে সেটা দেখার দায়িত্ব প্রশাসন যন্ত্রের। গতকাল থেকে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ, জরুরী প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সড়কে সড়কে টহল অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ক্যাপটেন কানিজ ফাতেমা মাহজাবিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থানে টহল অভিযান পরিচালনা করেন এবং করোনায় আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান জানিয়ে মাইকিং করেন। সামাজিক দূরত্ব বজায় রাখার সামাজিক নিয়ম না মানলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
নগরীতে দিনের বেলায় কিছু নিয়ম মানার দৃশ্য দেখা গেলেও সন্ধ্যা হলেই পাড়ায়-মহল্লায় মানুষের আড্ডা জমতে দেখা যায়। অধিকাংশের মুখে নিরাপত্তামূলক মাস্ক নেই। এমনকি কিছু চায়ের দোকানকে ঘিরেও সামাজিক দূরত্ব না মেনে আড্ডা দিতে দেখা যায়। শহরতলীর অবস্থা আরো খারাপ। করোনাভাইরাস যুদ্ধে ঘরে থাকার নির্দেশনা মানছেন না অনেকেই। যথাযথভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্বও।
নিয়ম ভেঙে রাজধানীর কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে জনসাধারণের অবাধে চলাফেরা বেড়েছে। অনেকের মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে বিনা প্রয়োজনেও ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন কেউ কেউ। অলিগলিতে জটলা পাকিয়ে গল্প-আড্ডায় সময় কাটিয়েছেন অনেকে।
জরুরি কাজে নিয়োজিত পরিবহনের বাইরে ব্যক্তিগত কিছু গাড়িও রাস্তায় দেখা গেছে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থান ঘুরে ও খোঁজ নিয়ে এমন চিত্র দেখা গেছে। সরেজমিন দ্বিগুবাবুর বাজারের কাঁচাবাজার অংশে দেখা যায়, বাজারজুড়ে মানুষের ভিড়। মাছের দোকান কিংবা সবজির দোকান সবখানেই ক্রেতার সমাগম। বাজার করতে এসে নিরাপদ দূরত্বের তোয়াক্কা করছেন না অনেকেই।
কেউ কেউ হাতে গ্লাভস না পরে শুধু মুখে মাস্ক পরে এসেছেন। অনেকের আবার মুখে মাস্কও নেই। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে বাজার করছেন। যদিও ক্রেতা ও বিক্রেতাদের দাবি-পরিস্থিতির কারণে ঠিকমতো দূরত্ব রক্ষার নিয়ম মানছেন না তারা।
নগরীর বিভিন্ন এলাকায় দেখাগেছে, অলিগলিতে বিভিন্ন বয়সী মানুষের আড্ডা। বিশেষ করে মহল্লার টি স্টলগুলোতে তরুণ ও কিশোরদের আড্ডা দেখে মনে হয়েছে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো ভয় বা আতঙ্ক নেই। মুদি দোকানগুলোতেও ভিড় লেগেই আছে। নিয়মরক্ষায় অনেকে মাস্ক পরলেও সঠিকভাবে সামাজিক দূরত্ব বলতে কিছুই মানছে না তারা। অন্যদিকে শহরের মূল সড়কগুলোতেও সাধারণ মানুষের সমাগম লক্ষ্য করা গেছে।
বিশেষজ্ঞদের মতে, মরণঘাতী করোনাভাইরাস দেখা যায় না, বোঝা যায় না, অনুভব করাও যায় না। অচেনা করোনাভাইরাস বদলে দিয়েছে পৃথিবীর যাপিত জীবন। বিশ্বখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘এই ভাইরাসের বিরুদ্ধে গোটা পৃথিবীর সবাইকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে সামিল হতে হবে। এককভাবে বিজয়ী হয়ে লাভ নেই; সামষ্টিকভাবে করোনা ঠেকাতে হবে।’
তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন শচীন। করোনার বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে চলছে কারফিউ কোথাও লকডাউন। পরাক্রমশালী আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার গরিব দেশগুলোকে নিয়ে গেছে এক কাতারে। চারদিকে শুধু এক আওয়াজ, অচেনা ঘাতক করোনা থেকে বাঁচতে চাই, বাঁচাতে হবে।
এখন শক্তির লড়াইয়ে নয় মানবতা বিপন্ন করোনাভাইরাসে। পৃথিবী এখন কাঁপছে অদৃশ্য শক্তি করোনাভাইরাসের ভয়ে। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব দিকেই একই চিত্র একই দৃশ্য। গবেষকরা কূল-কিনারা পাচ্ছেন না। এ অবস্থায় বাংলাদেশেও সরকার সবকিছু বন্ধ ঘোষণা করে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের ওজন বাতাসের চেয়ে বেশি। তাই বাতাসে না উড়ালেও মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ায়। এক যায়গায় একই ভাইরাস ৯ ঘণ্টা জীবিত থাকে। একজনের থেকে হাজার জনের শরীরে ছড়িয়ে যায়।
জাপান, ইতালি, কোরিয়ায় একজনের মাধ্যমে গোটা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। অতএব সামাজিক বিচ্ছিন্নতা নিশ্চিত করতে সরকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এমনকি সরকারি ছুটি ঘোষণা করেছে। কিন্তু সারাদেশের বাস্তব দৃশ্য কেমন?
নিরাপত্তার প্রয়োজনে বিমান, ট্রেন, বাস ও নৌ যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও গার্মেন্টস ছুটি ঘোষণা করায় বানের পানির মতো মানুষ ছুঁটে গেছে গ্রামে। কিন্তু ঢাকা থেকে গ্রামে ফেরা কেউই হোম কোয়ারেন্টাইন মানছেন না।
খোঁজ নিয়ে জানাগেছে ‘করোনাভাইরাস ছুটিতে’ ঢাকা থেকে যারা গ্রামে ফিরেছেন তাদের কেউ সামাজিক বিচ্ছিন্নতা মানছেন না। দল বেঁধে বাজারে যাচ্ছেন, বিয়ে বাড়িতে যাচ্ছেন, গ্রামের চৌরাস্তায় আড্ডা দিচ্ছেন।
কোথাও কোথাও সচেতন মানুষ গ্রামের প্রবেশ মুখে নতুন আগতদের হাত ধোঁয়ার জন্য সাবান পানির ব্যবস্থা রেখেছেন স্থানীয় ক্লাব-পাঠাগার ও সচেতন নাগরিক। কিন্তু গ্রামে ফেরত লোকজন সেখানে সাবান-পানি দিয়ে হাত ধুঁচ্ছেন না। হাত ধোঁয়াকে তারা অপমানজনক মনে করছেন।
শহরে যানবাহন ও লোকজনের চলাফেরা কম হলেও হাজার হাজার মানুষ সামাজিক বিচ্ছিন্নতা মানছেন না। নগরীর পশ্চিম দেওভোগ মাদ্রাসা বাজার, পানির ট্যাঙ্কি, দেওভোগ এল এন এ রোড, ডায়মন্ড চত্ত্বর, মাসদাইর বাজার, গলাচিপা, পাইকপাড়া ও নিতাইগঞ্জ এলাকা ঘুরে দেখাগেছে রাস্তার মোড়ে মোড়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন গাদাগাদি করে।
কারো কারো মুখে মাস্ক থাকলেও অধিকাংশের মুখে নিরাপত্তা মাস্ক নেই। এমনকি একে অন্যের সঙ্গে গা ঘেঁষে ঘণ্টার পর ঘন্টা বসে গল্পগুজব করছেন। গতকাল গলাচিপা মোড়ে দেখা গেল কয়েকজন রিকশাওয়ালা যাত্রী না থাকায় আইল্যান্ডে বসে বিড়ি টানছেন। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি আসতে দেখে তারা দূরত্ব বজায় রেখে বসে। কিন্তু আড্ডা চলমান।
জানতে চাইলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মোহাম্মদ আব্দুল মালেক বলেন, এটা খুবই ভীতিকর খবর। করোনা সংক্রমন ভাইরাস। সামাজিক দূরত্ব বজার রাখা উচিত। বাইরে ঘোরাঘুরি করা যাবে না বরং প্রয়োজনে বাইরে গেলেও ঘরে ফিরে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। তার পর অন্য কিছু ধরবেন। কারণ এই হাত দিয়ে যা কিছু ধরা হবে, সেখানেই ভাইরাস থেকে যেতে পারে।
টেবিল, চেয়ার, দরজার হাতল, কিবোর্ডে ভাইরাস থেকে যেতে পারে। সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। তাই এগুলো পরিষ্কার রাখতে হবে। যে কোনো ভাইরাস প্রতিরোধে যে সব ব্যবস্থা নেয়া হয়, করোনাভাইরাসের ক্ষেত্রেও সেই সতর্কতা অবলম্বন করতে হবে।
এ জন্য ঘরের বাইরে মাস্ক ব্যবহার, গণপরিবহন এড়িয়ে চলা, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো যথাযথভাবে মেনে চললেই এ ভাইরাসের সংক্রমণ এড়ানো সম্ভব হবে।


