Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভয়াবহ করোনা ভাইরাস ইস্যুতে

কি করলেন না’গঞ্জের রাজনীতিবিদরা

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০২:৪২ পিএম

কি করলেন না’গঞ্জের রাজনীতিবিদরা
Swapno

বিশেষ প্রতিনিধি : করোনা ভাইরাসের মারাত্মক পরিস্থিতিতে কি করলেন নারায়ণগঞ্জের রাজনীতিবিদরা। প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।  বড় বড় ও প্রভাবশালী রাজনীতিবিদরা বসে আছেন চুপচাপ। অজুহাতের কোয়ারেন্টাইনে ব্রাকেট বন্দি হয়ে আছেন। অথচ সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছেন কিছু সত্যিকারের মানুষ। 

প্রাচ্যেরডান্ডি নারায়ণগঞ্জ শহরে করোনা ইস্যুতে মানুষের পাশে দাঁড়িয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন বিএনপি’র দু’জন ওয়ার্ড কাউন্সিলর, একজন বীরমুক্তিযোদ্ধা ও তাঁর অনুসারীরা। কাউন্সিলরদ্বয় ও মুক্তিযোদ্ধার  দেখানো পথে এখন অনেক সামাজিক সংগঠন মাঠে নেমে যেভাবে কাজ করে চলেছেন তা প্রশংসনীয়। 

যদিও প্রশংসা বা বাহাবা কুড়ানোর জন্য সংগঠনগুলো এবং তাদের কর্মীগণ লালায়িত থাকেন না। তাঁরা স্রেফ মানুষের জন্য কাজ করেন। এবারের মহামারী পরিস্থিতিতে নারায়ণগঞ্জবাসীর চিনে নিতে কষ্ট হবেনা কে বা কারা প্রকৃত জনদরদী। আর কারা লোক দেখানো রাজনীতি করেন। তথাকথিত সিংহ-ব্যাঘ্র তকমাধারি দোর্দন্ড প্রতাপশালী রাজনীতিবিদরা গর্তেই লুকিয়ে রইলেন। 

রাজনীতিবিদরা কিছু  কিছু বিবৃতি বা নির্দেশের কথা গণমাধ্যমে প্রচার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইলেন বটে কিন্তু পারলেন কই ! ব্যর্থতা আড়ালে রইলোনা।  মোটা দাগেই তা প্রকাশ পাচ্ছে। শহরবাসীর মন কি বাত ফুটে উঠছে নানা মাধ্যমে। ঘরে বসে থাকা নিজের দায়িত্ব অস্বীকারের সমান বলে মনে করেন বোদ্ধামহল। 

তাদের মতে, প্রকৃত নারায়ণগঞ্জবাসী আর নকল নারায়ণগঞ্জাবাসী কে বা কারা-তা এবার ষ্পষ্ট হয়ে উঠলো। প্রকৃত নারায়ণগঞ্জবাসী মানুষের দুর্দশায় ঘরে বসে থাকতে পারেনি। যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে তাঁরা ঝাঁপিয়ে পড়েছে। দাঁড়িয়েছে মানুষের পাশে। প্রথমে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছে। এরপর বিতরণ করছে খাদ্য সামগ্রী। 


শহরে চলছে লকডাউন পরিস্থিতি। রাজনীতিবিদদের মধ্যে যাঁরা প্রকৃত নারায়ণগঞ্জবাসী নন তাঁরা ঘরে বসে আছেন চুপচাপ। তাদের ভাবটা এমন-নারায়ণগঞ্জের মানুষ কষ্ট পেলে আমাদের কি। আমরাতো এই এলাকায় ব্যবসা ও রাজনীতি করি মাত্র। এই জেলায় থেকে কামিয়ে বা অন্যপন্থায় যতটুকু সম্পদ নেয়া যায়। অযথা মানুষের পেছনে অর্থ অপচয় করবো কেনো ? 


কিন্তু বসে থাকতে পারেনি স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীলসমাজ। যৎসামান্য কিছু নিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রভাবশালীরা যেহেতু প্রকৃত নারায়ণগঞ্জবাসী নয় তাই তারা চুপটি মেরে বসে আছে। তবে গণমাধ্যম সরব হওয়ায় হয়তো তাঁরা লোক দেখানো কিছু তৎপরতা দেখাতেও পারে। তাতেও যদি সাধারণ মানুষের উপকার হয় ক্ষতি কি ! 


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন দলীয় কর্মসূচী, মৃত্যুবার্ষিকী কিম্বা জন্মবার্ষিকীতে তথাকথিত প্রভাবশালী নেতারা  টেবিলের চেয়েও বড় বড় এবং ওজনে কয়েক ‘শ পাউন্ড এর কেক কাটেন। শিশুদের সাথে আহলাদে গদগদ হয়ে কথা বলেন। শিশুরা দাদু ডাকে। আহা কি চমৎকার শিশুসুলভ আচরণ ! দেখে মনটা ব্যাকুল হয়ে উঠে। অনেকে বলেও ফেলেন এই না হলে জনতার নেতা। 

ঈদের সময় গরীবদের জন্য বড় বড় প্যাকেট দেন। আহা এ যে দয়ার সাগর। কিন্তু এই করোনা পরিস্থিতিতে এই সব জনদরদী কোথায় ? কোথায় তাদের বড় বড় প্যাকেট। কোথায় তাদের ত্রাণ সামগ্রী। সবই যে লোক দেখানো। প্রচার সর্বস্ব। এমন দুঃসময়ে জননেতারা কোথায় লুকালেন। 


কেনো তাঁরা অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন না। কেহ কেহ ইদানীং জনসভায় তাহাজ্জুত নামাজের কথা বলেন। তিনিই বা কেনো আল্লাহপাকের সন্তুষ্টির জন্য মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। এই সকল প্রশ্নের উত্তর মেলানো কঠিন। তার চেয়েও বেশি কঠিন রাজনীতিবিদদের মতলব বাজি। মতলব ফলানোর জন্য তারা লোক দেখানো অনেক কিছুই করেন। হয়তো করোনা নিয়েও করবেন। 

পরিস্থিতি কন্ট্রোলে আসলেই তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। মানুষের জন্য নিজের প্রাণ উৎসর্গের নাটক মঞ্চস্থ করবেন। তখন হয়তো প্রকৃত জনদরদীরাই মাঠে টিকতে পারবেন না। ঢংগি ও ঠগিরা বরাবরই শক্তির প্রয়োগ করেন। প্রকৃত জনদরদীদের তাড়িয়ে দিয়ে হলেও তারা মতলব ফলাবেন। কিন্তু এবারের পরিস্থিতির সাক্ষি রইলেন খোদ নারায়ণগঞ্জের খেটে খাওয়া সাধারণ মানুষ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন